আরো দু বছরের জন্য দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ
বিশ্বকাপ অভিযান একদমই সফল হয়নি তাদের। শিরোপার অন্যতম দাবীদার হয়েও হারতে হয়েছে বাংলাদেশের কাছে।
সেমিফাইনালে তো অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা, হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। তবে তার পরও গ্রায়েম স্মিথ ও মিকি আর্থারের ওপরেই আস্থা রাখছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ‘ক্রিকেট সাউথ আফ্রিকা’ (সিএসএ)। দু বছরের জন্য অধিনায়ক ও কোচের চুক্তি নবায়ন করেছে তারা।
“বোর্ড দু বছরের জন্য অধিনায়ক হিসাবে গ্রায়েম স্মিথ ও কোচ হিসাবে মিকি আর্থারের চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা প্রোটিয়াদের দারুণ সফল একটা মৌসুম কাটাতে উদ্বুদ্ধ করেছেন। যদিও বিশ্বকাপের ফল ছিল খুবই হতাশাজনক”-জানিয়েছেন সিএসএ’র প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা। সাফল্যের ব্যাপারটা অবশ্য সত্যি। এ বছর চারটি টেস্ট খেলে তিনটিতেই জিতেছে গ্রায়েম স্মিথের দল। ১৫টা ওয়ানডে খেলে জয় পেয়েছে ৯টাতে।
তবে এমন সুখবর পাওয়ার দিনে একটা ‘ছোট্ট’ দুঃসংবাদও অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের জন্য। হাঁটুর পেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী সপ্তাহে অস্ত্রোপচার করাতে হতে পারে তাকে। অলরাউন্ডার শন পোলকেরও বাঁ পায়ে সমস্যা দেখা দেওয়ায় অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছে। সেজন্য আগামী মাসের শুরুতে ভারতে অনুষ্ঠেয় আফ্রো-এশিয়া কাপ মিস করার আশঙ্কা রয়েছে দু জনেরই।
