দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের আসলে হত্যার হুমকি দেওয়া হয়নি!
আগের দিনই দক্ষিণ আফ্রিকার একটি রেডিও চ্যানেলের খবরে জানানো হয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বিশ্বকাপ শেষে দেশে ফেরা প্রোটিয়াস অধিনায়ক গ্রায়েম স্মিথের বক্তব্যও উদ্ধৃত করেছিল তারা। কিন্তু ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই সেটা অস্বীকার করছেন স্মিথ, আর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সিএসএ-ও উড়িয়েই দিয়েছে ওই খবর।
স্মিথ মনে করেন তার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আসলে দেশে ফেরার পর ভারতের ক্রিকেটারদের বিরূপ সংবর্ধনার উল্লেখ করেছেন বলেই দাবি করেছেন তিনি।
আর সিএসএর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হয়েছিল দক্ষিণ আফ্রিকার মানুষ। অনেকে ফোন কিংবা ই-মেইলও করেছে সিএসএ’র কার্যালয়ে। সেই সব ফোন আর ই-মেইলে হতাশা ও ক্ষোভের কথা থাকলেও ক্রিকেটারদের হত্যার কোন হুমকি ছিল না বলেই জানিয়েছেন বোর্ডের মিডিয়া মুখপাত্র গর্ডন টেম্পলটন।
এদিকে বুধবার ঘোষণা করা হয়েছে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের নাম। ২০০৬-৭ মৌসুমে দেশের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শন পোলক। টেস্ট ক্রিকেটে অ্যাশওয়েল প্রিন্স, ওয়ানডেতে জ্যাক ক্যালিস এবং সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাঁহাতি স্পিনার পল হ্যারিস। মাখায়া এনটিনি ও মার্ক বাউচারও পুরস্কৃত হয়েছেন জোহানেসবার্গে অনুষ্ঠিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানটাতে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা এই মৌসুমের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত করেছেন বাউচারকে। আর ভক্তদের দৃষ্টিতে সেরা ক্রিকেটার এনটিনি।
