২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুল মনে করেন হারটা হয়েছে আসলে ধোনির কাছে

ভারতীয় দলের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাসির রোল উঠলো। এক বেরসিকের প্রশ্নে। রাহুল দ্রাবিড় আর রবি শাস্ত্রী তখন মহেন্দ্র সিং ধোনিকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিচ্ছিলেন। ইংরেজিতেই চলতে থাকা প্রশ্নোত্তর পর্বে হুট করেই একজন হিন্দিতে ঢুকে গেলেন। শাস্ত্রীর কাছে জানতে চাইলেন, ডেভ হোয়াটমোরের সঙ্গে কথা বলেছেন কিনা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ভারতের সম্ভাব্য কোচ হিসেবে হোয়াটমোরকে পর্যবেক্ষণের বাড়তি দায়িত্ব নিয়েও তো এসেছেন তিনি। প্রশ্ন করে অবশ্য হালে পানি পেলেন না ওই ভারতীয় সাংবাদিক। শাস্ত্রী তাকে ধমকের সুরে যা বললেন তাতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে হাসির ফোয়ারা বইলো, “আরে, কার সঙ্গে কথা বলেছি না বলেছি বাদ দিয়ে এই ছেলেটাকে (পাশে বসা ধোনিকে দেখিয়ে) নিয়ে কথা বল। কী দারুণ খেললো!”

বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারও নিজেদের ব্যর্থতার চেয়ে ধোনির কৃতিত্ব নিয়েই কথা বলতে বেশি আগ্রহী ছিলেন। যদিও দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে ধোনির ১০৭ রানের অবিচ্ছিন্ন ম্যাচ উইনিং পার্টনারশিপ ভাঙ্গার কম সুযোগ তারা পাননি। সেগুলো হেলায় হারানোয় ধোনি-কার্তিকের কৃতিত্ব নিয়েও প্রশ্ন উঠলো। তাদের ব্যাটিংই ভারতকে জেতালো নাকি বাংলাদেশের বাজে ফিল্ডিং? জানা কথাই, দ্রাবিড় তার ব্যাটসম্যানদেরই পক্ষ নেবেন। নিলেনও, “আমি বলবো ধোনি আর কার্তিকের ব্যাটিংয়েই জিতেছি আমরা। যে পরিস্থিতিতে ওরা পার্টনারশিপ গড়ে ম্যাচটা বের করে নিয়েছে, সেটাকে অসাধারণই বলবো।”

তাদের হয়ে হাবিবুলও ব্যাট ধরলেন, “যে কোনো জয়গাতেই ২৫০ ভালো স্কোর। তবুও ম্যাচ জিততে পারলাম না, কারণ ধোনিই পার্থক্য গড়ে দিয়েছে।”

তবে ধোনির ব্যাটিংকেই বাংলাদেশের হারের একমাত্র কারণ ধরতে পারছেন না অনেকেই। এই যেমন কলকাতার এক সাংবাদিক বলেই ফেললেন, “ম্যাচ তো আপনাদের হাতেই ছিল। মানছি যে ধোনি আর কার্তিক ভালো ব্যাটিংই করছিল। কিন্তু কমপক্ষে দুটো রানআউটের সুযোগও তো বাংলাদেশ নষ্ট করেছে। না হলে এটা জেতা ম্যাচই ছিল।” বাংলাদেশ শিবিরও নিশ্চয়ই তাই মনে করে বসেছিল ১৪৪ রানে ভারতের ৫ উইকেট তুলে নেওয়ার পর। সেখান থেকে দান উল্টে যাওয়ার পর হাবিবুল সেসব কথারই আশ্রয় নিচ্ছেন, যেগুলোকে মানা হয় ক্রিকেট দার্শনিকের বাণী হিসেবে, “সবদিন সবকিছু ঠিকমতো হবে, এমন তো কোনো কথা নেই। সবদিন সবার ভালো যায় না।”

খারাপ দিনের অনুষঙ্গ হিসেবে অবশ্য রান আউটের সুযোগগুলো নষ্ট করার কথা আসছে হাবিবুলের কথায়, “আমাদের সবসময়ই সুযোগ ছিল। কার্তিক কিংবা ধোনির মধ্যে একজনকে আউট করতে পারলে হতো। কিন্তু আমরা কিছু রান আউটের সুযোগ মিস করেছি। যেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারতো। তাছাড়া যখন পার্টনারশিপ হচ্ছিল, তখন উইকেট নিতে পারিনি।”

সেই সঙ্গে এটাও যোগ করতে ভোলেননি, “আমরা যখন উইকেট চাইছিলাম, তখন ছেলেরা মাথা ঠান্ডা রাখতে পারেনি। একটু তাড়াহুড়োই করেছিলাম আমরা।” বোলারদের ব্যর্থতার কথা উঠলেও হাবিবুল তাদের আগলালেন, “আমরা চেষ্টা করেছি যতোটা পারা যায়। বোলাররা খারাপ করেনি।” বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের রহস্য লুকিয়ে ছিল তিন বাহাতি স্পিনারের ঘুর্নিজাদুতে। এদিন তাদের পারফরম্যান্স যেমন প্রত্যাশা মেটাতে পারেনি, তেমনি মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতিও কী অনুভুত হয়নি? হাবিবুল অস্বীকার করলেন না, “যখন ওদের পার্টনারশিপটা হচ্ছিল, তখন মাশরাফির মতো উইকেট নিতে পারে, এমন একজন বোলার দরকার ছিল। হ্যাঁ, মাশরাফিকে মিস করেছি।”

১২ মে দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য মাশরাফিকে পাওয়ার ব্যাপারে ভীষণ আশাবাদী বাংলাদেশ শিবির। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছার আগে শুক্রবার তার ফিটনেস টেস্ট নেওয়া হবে বলে জানিয়েছেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

এক ভারতীয় সাংবাদিক বাংলাদেশ দলের শরীরি ভাষা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। ত্রিনিদাদে বিশ্বকাপ ম্যাচের তুলনায় এই ম্যাচের শরীরি ভাষায় কিছুটা নমনীয়তা ছিল বলেই মনে হয়েছিল তার। সেটা হাবিবুলকে জিজ্ঞেস করতেই কিছুটা বিরক্তও বোধহয় হলেন। তাই মাঠে রান না পেলেও এই প্রশ্নের উত্তরটা পুল করেই দিলেন বাংলাদেশ অধিনায়ক, “বাইরে থেকে শরীরি ভাষা নিয়ে বলা খুব সহজ। কিন্তু আমরা ভেতরটা জানি। জানি আমরা কতোটা পরিশ্রম করেছি।” তার কিছু ফলও মিলেছে, “আমরা ভারতকে ভালোভাবেই ধাক্কা দিতে পেরেছি।”

দিতে পেরেছেন বলেই রাহুল দ্রাবিড় না বলে পারলেন না, “হার্ড ফট উইন।” রবি শাস্ত্রীর মুখেও শোভা পেল তেমনই কথা, আরও বিশদভাবে, “লড়াই করে জিততে হয়েছে আমাদের। ভাবুন একবার, ১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেললাম আমরা। জিততে হলে আরো ১০০-র বেশি রান করতে হবে। সেটা আমরা আর কোনো উইকেট না হারিয়েই করে ফেললাম।”

বাংলাদেশ প্রথমে ব্যাট করে আড়াইশো রান তুলেছিল। বিশ্বকাপে আড়াইশো রান তুলে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে এখানে নিজেদের মাঠে পছন্দমতো উইকেটে ভারতকে হারানো যাবে না কেন? সোজা ভাষায়, নিজেদের কিছু ভুল আর ধোনির অপরাজিত ইনিংসের যোগফল। কিন্তু হাবিবুল যে নিজেদের ভুলগুলো বিয়োগ দিয়ে ধোনির ইনিংসটাকেই শুধু রাখতে চান!