২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষটা বাদ দিলে বাকি সবই বাংলাদেশের

ম্যাচ শুরুর ঠিক আগে বৃষ্টি। মাশরাফি না থাকার দুঃখ যেন কান্নার জল হয়ে ঝরল আকাশ থেকে! ম্যাচ শেষ হওয়ার ঠিক পর আবার বৃষ্টি। মুঠো থেকে ম্যাচটা বেরিয়ে যাওয়ার হতাশা আবার আকাশ থেকে কান্না হয়ে ঝরল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 07:55 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ম্যাচের আগেও বৃষ্টি, শেষ হওয়ার ঠিক পরেও এবং বাকি পুরো দিনে আর বৃষ্টির আর কোনো উৎপাত নেই। রোদ-ঝলমলে আকাশ। পুরো ক্রিকেটোপযোগী পরিবেশ। এমন ভদ্র আবহাওয়া বাংলাদেশে আশা করা যায় না, যেমন এটাও আশা করা যায় না যে মহেন্দ্র সিং ধোনি বাঘের মতো আগ্রাসী না হয়ে শামুকের মতো ধীরে চলো নীতি মেনে চলবেন। এবং কখনো কখনো যে বাঘ হওয়ার চেযে শামুক হওয়াই ভালো জানা গেলো আরেকবার। ধোনিই তো বাংলাদেশের পকেটে ঢুকে যাওয়া ম্যাচটা পকেট ফুটো করে বের করে নিয়ে গেলেন। বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডে ম্যাচের বিশ্লেষণী রিপোর্ট, লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর এর ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন

ঢাকা, ১০মে (বিডিনিউজ টোয়েন্টিফোর)-ম্যাচ শুরুর ঠিক আগে বৃষ্টি। মাশরাফি না থাকার দুখ যেন কান্নার জল হয়ে ঝরল আকাশ থেকে!

ম্যাচ শেষ হওয়ার ঠিক পর আবার বৃষ্টি। মুঠো থেকে ম্যাচটা বেরিয়ে যাওয়ার হতাশা আবার আকাশ থেকে কান্না হয়ে ঝরল।

ম্যাচের আগেও বৃষ্টি, শেষ হওয়ার ঠিক পরেও এবং বাকি পুরো দিনে আর বৃষ্টির আর কোনো উতপাত নেই। রোদ-ঝলমল আকাশ। পুরো ক্রিকেটোপযোগী পরিবেশ। এমন ভদ্র আবহাওয়া বাংলাদেশে আশা করা যায় না, যেমন এটাও আশা করা যায় না যে মহেন্দ্র সিং ধোনি বাঘের মতো আগ্রাসী না হয়ে শামুকের মতো ধীরে চলো নীতি মেনে চলবেন। এবং কখনো কখনো যে বাঘ হওয়ার চেযে শামুক হওয়াই ভালো জানা গেলো আরেকবার। ধোনিই তো বাংলাদেশের পকেটে ঢুকে যাওয়া ম্যাচটা পকেট ফুটো করে বের করে নিয়ে গেলেন।

বিশ্বকাপের ধাক্কায় ভারতীয় ক্রিকেট এমন এলোমেলো যে গ্রেগ চ্যাপেলকে পত্রপাঠ বিদায় নিতে হয়েছে। টেন্ডুলকার-সৌরভের ওয়ানডে ক্যারিয়ারেও সম্ভবত যতিচিহ্ন পড়ে গেছে। তবু ধোনির মতো বিশ্বকাপের এমন কুপ্রভাব কাউকে সামলাতে হয়নি। রাচিতে তার নির্মাণাধীন বাড়িতে হামলে পড়েছিল ক্ষুব্ধ দর্শকরা। নিরাপত্তার খাতিরে থানা-পুলিশ পর্যন্ত করতে হয়েছে। থানা-পুলিশ করা, উদ্বেগে নির্ঘুম রাত কাটানোর অশান্তির দিনে ধোনি এই দিনটার অপেক্ষা করছিলেন বোধহয়। প্রতিজ্ঞাটা ব্যাটে এমন ভাবে নিয়ে এলেন যে পুরো ভারতীয় দলের চেয়ে তাকে আলাদা দেখায়। শেবাগ-দ্রাবিড়রা বিদায় নেন। ধোনি অবিচল। এই গরমে ৫০ ওভার কিপিংয়ের পর আবার ওয়ানডাউনে নামার শারীরিক ধকল, তাতে মাসলে টান পড়ে, কিন্তু কালকের ধোনি যে ঠিক করেছিলেন নিজেকে অন্যভাবে চেনাবেন। জীবনের কঠিনতম দিকটি দেখে ব্যাটের ভেতরেই ভরে নিয়েছিলেন সবটা জীবনীশক্তি। কাজেই সামান্য ক্রিকেট বোলাররা আর কী করে তার পথে কাঁটা হন!

ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলার কথাই বলেছেন কবি। কিন্তু ধোনির এই মায়াবি ডাকে কেউ সাড়া দেবে না তাই কি হয় নাকি! দ্রাবিড়রা দিলেন না বটে, কিন্তু দীনেশ কার্তিকের মনে হলো এটা ভীষণ অন্যায় হচ্ছে। তিনি দাঁড়িয়ে গেলেন। ধোনির জীবনবাজি রাখা লড়াইয়ে তিনি তার যোগ্য সহযোদ্ধা। তাই ১৪৪ রানে ৫ উইকেট পড়ার পরও ষষ্ঠ উইকেটে ১০৭ রানের অবিচ্ছিন্ন জুটি। এক ওভার হাতে রেখে বিশ্বকাপে বাংলাদেশের মতো একেবারে ৫ উইকেটের জয়। ধোনির ৯১ রানের ইনিংসটা সেঞ্চুরিতে পৌছাল না বটে, কিন্তু সেঞ্চুরি তো কত হয়! ধোনিও কত করেছেন! ডুবন্ত ভারতীয় ক্রিকেটকে অন্ধকারে বিলীন হওয়া থেকে বাঁচানোর মুল্য তো একটা সেঞ্চুরির চেয়েও বেশি। যেমন কার্তিকের ৬০ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংসটার মুল্যও শুধু অংকে ফেলে বিচার করলে চলবে না। অন্যতম ম্যাচ উইনার হিসাবে যখনই কার্তিকের নাম লিখছি, তখনই ভেসে উঠছে একটা ছবি। সেই ছবিটা অন্যরকম হতেই পারত। হয়ে গেলেই ম্যাচ শেষে ধোনিনামার বদলে হয়ত আরেকটি বাংলাদেশনামা লেখা হয়।

শেবাগ রাগ কিছুটা ঝেড়েছেন, কিন্তু রাগের ফাঁদেও পড়েছেন। যে ওভারে চারটি বাউন্ডারি মেরেছেন সেই ওভারের শেষ বলেই বিদায়। যুবরাজ বুঝে ওঠার আগেই শর্ট কাভারে ক্যাচ। টেন্ডুলকার-সৌরভ পথ ধরে নির্বাসনে যাওয়ার মতো অবিশ্বাস্য অবিবেচকের মতো দ্রাবিড় আউট। মিলিয়ে ৫ উইকেটে ১৪৪। তখনই শেষ প্রদীপ দীনেশের মঞ্চে আগমন এবং শুরুতে একেবারে নিশ্চিত একটা রান আউটের সুযোগ। বোলার রাজ্জাক হাস্যকর এবং ক্ষতিকর মিসটা করলেন। বল নয় যেন জলাধারে মাছ ধরতে গেছেন এমন ভঙ্গিতে হাতড়ালেন, প্যারালাইজড না হলে যতদূরে যান উইকেটে ফিরে আসায় কোনো সমস্যা নেই এবং দীনেশ কার্তিকের সেরকম কোনো সমস্যা নেই। সেখান থেকেই ম্যাচের চাকা যে ভারতের দিকে ঘুরে গেলো তাকে আর ফেরানো গেলো না। উপায় ছিল শেষ দিকে বল আর রানের চাপে ফেলা। সেই চাপ থেকে ওদের মুক্তি দিতে শাহাদাত ছিলেন। বলের চেয়ে রান বেশি অবস্থায় ৪১ তম ওভারে তিনি দিয়ে বসলেন ১১ রান। চাপ গেলো। এবং গেলো ম্যাচও। সেই ম্যাচ যাতে ২৩০ রানই ফাইটিং স্কোর বলে মনে হচ্ছিল। এবং যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা ৪৭ ওভারে ২৫০ রান করে ত্রিনিদাদের স্বপ্নের দিন ফিরিয়ে আনার কাজটা অর্ধেক সেরেই রেখেছিলেন।

এই ম্যাচের আগে তামিম ইকবালকে নিয়ে যত কথা হয়েছে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে কোনো একটা ম্যাচের আগে অতো কথা কষ্মিনকালেও হয়নি। ত্রিনিদাদের আগে ভারতের কাছে অচেনা ছিলেন বলেই নাকি ভারত ঠিক তার ওষুধটা কী বুঝতে পারেনি, এবার প্রায় ডাক্তার-কবিরাজ করে কিছু প্রেসক্রিপশন নিয়েও এসেছিল। ভুল প্রেসক্রিপশন! তামিম ঠিকই দুর্বার। তার কাছে মুনাফ প্যাটেল-জহির খানরা সাধারণ মানের বোলারই। সাকিবের কাছেও ভারতীয় বোলিং ১৭ মার্চের বিধ্বস্ত-পর্যুদস্ত চেহারার। জাভেদের কাছে সব সময় সব বোলারই শ্রদ্ধার, সেই শ্রদ্ধা দেখিয়ে দেখিয়ে কাল শেষপর্যন্ত যা করলেন তাতে তার চিরবিরোধী লোকজনও এখন তার প্রতি শ্রদ্ধাবনত। ভাবা যায়, দর্শকদের কাছে তুমুল অপ্রিয় জাভেদের নামে স্টেডিয়ামে কোরাস বাজছে! ভাবা যায়, জাভেদ ডাউন দ্য উইকেটে বেরিয়ে এসে ছক্কা মারছেন। বিশ্ব ক্রিকেটেই জাভেদ ব্যাটিং অধ্যবসায়ের এক উজ্বল ছবি, এই ইনিংসের পর ছবিটা আরও রঙ্গীন। এতদিন জানিয়েছিলেন অধ্যবসায় দিলে দলে আসা যায়, এখন জানালেন অধ্যবসায়ে দর্শকমনেও ঢুকে যাওয়া সম্ভব! জাভেদ এমন নিজেকে ছাড়িয়ে গেছেন, সাকিব আর তামিম তাদের সোনালি চেহারাটা আরও সোনালি করে মেলে ধরছেন, আশরাফুল এসে একটা স্ট্রোকেই জানিয়ে দিচ্ছেন কেন তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান! এমন দিনে বাংলাদেশের জেতাই তো উচিত! জেতেনি, লড়াই করে হেরেছে, কিন্তু এই ম্যাচের শিক্ষা বোধহয় এসব কিছু নয়। শিক্ষাটা হলো টেন্ডুলকার-সৌরভবিহীন ভারতীয় দলের সঙ্গে বাংলাদেশ শক্তিতে-সামর্থ্যে এখন সমতায়ই।

ধোনির চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা আর কার্তিকের সাহসিকতাকে ম্যাচ থেকে বিয়োগ করুন। বিয়োগফল যা আসে তাতে তো শুধু বাংলাদেশই। দিনের সিংহভাগ সময় ম্যাচের নাটাই বাংলাদেশের হাতে, ভারত যেন সাদামাটা এক দল। সাকিব আর জাভেদের ১০৭ রানের জুটিটার সময় মনে হয়েছে যেন তারা ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের কোনো দলের বিপক্ষে খেলছেন। যাদের বিপক্ষে চাইলেই এমন ব্যাট করা যায়।

ম্যাচ চলাকালীন ভারতীয় সাংবাদিকদের সঙ্গে যত আড্ডা তার সবগুলোর এজেন্ডাই বাংলাদেশের ঔজ্জল্য আর ভারতীয়দের মালিন্য। প্রতিটাতেই বাংলাদেশের উত্তরণ আর ভারতের পতনের কারণ অনুসন্ধান।

শেষটাই শুধু হলো না। বাদ দিলে এই ম্যাচের বাকিটুকু বাংলাদেশেরই। বাংলাদেশের ঔজ্জল্য আর ভারতের মালিন্যের ছবিই। কাজেই ম্যাচ শেষের বৃষ্টিকে বাংলাদেশের আফসোসের কান্না ধরলে দোষ হয় না কোনো!