প্রাপ্তি আর তৃপ্তির ব্যাটিং
একটা প্রজন্মের বিদায়ের প্রাক্কালে নতুন প্রজন্মের আবাহন। দুই প্রজন্মের সম্মিলনে বাংলাদেশের ব্যাটিংয়ের ছবি ফুটে উঠেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
যে ছবিতে আছে আগের প্রজন্মের প্রতিনিধি জাভেদ ওমরের সঙ্গে উত্তর প্রজন্মের তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দারুণ সহাবস্থান। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং নিয়ে প্রাপ্তি আর তৃপ্তির গল্প, লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর এর ক্রীড়া প্রতিবেদক সনৎ বাবলা
ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর)-একটা প্রজন্মের বিদায়ের প্রাক্কালে নতুন প্রজন্মের আবাহন। দুই প্রজন্মের সম্মিলনে বাংলাদেশের ব্যাটিংয়ের ছবি ফুটে উঠেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। যে ছবিতে আছে আগের প্রজন্মের প্রতিনিধি জাভেদ ওমরের সঙ্গে উত্তর প্রজন্মের তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দারুণ সহাবস্থান।
জাভেদের নামটা শুনে হয়তো কপাল কুঁচকে উঠতে পারেন যে কেউ। বেশি বল খেলার অপবাদ তার নিয়ত সঙ্গী, সেটা শুরুতে ছিল এই ম্যাচেও। কিন্তু শেষ পর্যন্ত প্রথম ওয়ানডেতে তার ৮০ রান ১১৭ বল থেকে, স্ট্রাইকিং রেট মোটেই ততটা খারাপ নয়। শুরুরদিকে তামিম ইকবালের সঙ্গে তাল মেলাতে না পারলেও পরে তা পুষিয়ে দিয়েছেন। দলের প্রয়োজনের সময় রানের চাকা দ্রুততর করতে গিয়ে ৭টি চার এবং দু দুবার বল আছড়ে ফেলেছেন বাউন্ডারির বাইরে। কিন্তু দুর্ভাগ্য, নিজের ক্যারিয়ারের এই দশম হাফ সেঞ্চুরিটিকে তিন অংকের ম্যাজিক ফিগারে নিয়ে যেতে পারেননি। ৩৯তম ওভারে দলের স্কোর ১৮৫ তে নিয়ে যাওয়ার পর জহির খানের নিখুঁত এক থ্রোয়ে রান আউট হয়ে গেছেন এই ওপেনার। তবে যাওয়ার আগে তৃতীয় উইকেটে ১০৭ রানের দারুণ এক জুটি গড়ে দিয়ে গেছেন উত্তরপ্রজন্মের প্রতিনিধি সাকিব আল হাসানের সঙ্গে।
তারপরও বুঝি এক নির্বাচকের মনের কোনে রয়ে গেছে একটু খানি হতাশা, “জাভেদ ভাল খেলেছে, বল আরেকটু কম খেললে বোধহয় ....।” আসলে বাংলাদেশের ক্রিকেটে জাভেদ ওমর নামের চরিত্রটা ইতিবাচক না নেতিবাচক তার সুরাহা বোধহয় হওয়ার নয়। অন্যরা খারাপ করলে তার কথা মনে পড়ে, তার ব্যাটিং মহার্ঘ্য হয়ে ওঠে। আবার দলে ফিরলে ধীরলয়ের ব্যাটিংয়ের সমালোচনায় মুখর হয়ে ওঠে সবাই। তবে বৃহস্পতিবারের ইনিংসটার পর আর মুখর হওয়ার সুযোগ নেই।
বরাবরের মতো ইনিংসের শুরুর দিকের শম্বুক গতির ব্যাটিং তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। তখন জাভেদ পেরে উঠছিলেন না তামিম ইকবালের ঝড়ো গতির ব্যাটিংয়ের সঙ্গে। ১৫ ওভার শেষে এই কিশোরের সংগ্রহ যখন ৪৪ রান তখন আগের প্রজন্মের সারথীর স্কোর মাত্র ১৫। সেটা বিসদৃশ্য লাগবেই, কারণ বাংলাদেশের ক্রিকেটের নতুন এই প্রজন্মের ক্রিকেটাররা খেলাটাকে অন্যভাবে খেলে। তাদের কাছে এটা শুধুই বিনোদন নয়, অস্ট্রেলিয়ান মেজাজ নিয়ে শুরু থেকেই ধ্বংসজজ্ঞ চালিয়ে যেতে তাদের পছন্দ।
এখানেই হচ্ছে আগের প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে তামিমদের পার্থক্য। তারা আগের বাংলাদেশী ব্যাটসম্যানদের মতো বড় করে দেখেনা ভারতীয় বোলারদের। তাই শুরু থেকেই সাধারণে নামিয়ে আনার চেষ্টা।
এই কাজে অবশ্যই অগ্রণী হয়ে থাকবেন তামিম, যার ব্যাটে বিশ্বকাপে প্রথম ঝড় দেখেছিল ভারতীয়রা। ৫১ রানের সেই ঝড়ো ইনিংসে বিধ্বস্ত ভারত এবার এসেছে বাংলাদেশের এই বিস্ময়বালককে আটকানোর টোটকা নিয়েই। কিন্তু কাজে দেয়নি সেসব, বেধড়ক পিটিয়ে তিনি প্রথম স্পেলেই বিবর্ণ করে দিয়েছেন ভারতের এক নম্বর বোলার জহির খানকে। দীনেশ মঙ্গিয়াকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে শেবাগের হাতে ধরা পড়ার আগে ৫৩ বলে ৬টি বাউন্ডারিসহ ৪৫ রান করেছেন এই বাঁহাতি।
এই ক্রিকেট বিপ্লবে তামিমের সঙ্গী সাকিব আল হাসানও। বিশ্বকাপেও ১৮ বছর বয়সী এই অলরাউন্ডার ব্যাট হাতে নিজেকে মেলে ধরেছিলেন। বৃহস্পতিবারও ৬৮ বলে ফিফটি করে শুধু দলকে ভাল একটা জায়গায় পৌঁছেই দেননি, পরোক্ষভাবে সিনিয়র খেলোয়াড় জাভেদের মধ্যেও সাহস সঞ্চার করেছেন। এমনিতে তিনিও জাভেদের মতোই শান্ত শিষ্ট মেজাজে খেলেন, কিন্তু এদিন মাঠে নেমেই একটা দারুণ স্কুপ প্যাডেল শট খেলে জানান দিলেন, ভারতের বোলারদের মধ্যে কোনো জুজুর ভয় নেই। তাকে দেখেই যেন দুঃসাহসী হয়ে উঠে জাভেদও চার-ছক্কা মেরে শ্রদ্ধার আসন থেকে নামিয়ে দিতে শুরু করেন ভারতীয় বোলারদের।
তামিম-সাকিবের সঙ্গে অনুপ্রাণিত জাভেদের চমৎকার ব্যাটিং জানান দিল ম্যাচের ফল শেষ পর্যন্ত যাই হোক বিশ্বকাপের ব্যাটিং ব্যর্থতার দায়ভার ঘোচাতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। আর সেই প্রতিজ্ঞাই ভারতীয় বোলারদের কখনো কখনো নামিয়ে আনলো সাধারণের সারিতে।
সেটাই প্রাপ্তি। সেটাই তৃপ্তি।
