২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে সিবান্দার অনুরোধ

সফরটা শুরু হতে এখনো প্রায় চার মাস বাকি। কিন্তু এখনই অস্ট্রেলিয়ার জিম্বাবুয়ে সফর নিয়ে শুরু হয়ে গেছে চাপান-উতোর! আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যেতে তেমন আগ্রহী নয় বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু আগ্রহ না থাকলেও সফরে না গিয়ে কি পারবে রিকি পন্টিংয়ের দল? এবার যে সফর বাতিল না করার জন্য তাদের অনুরোধ জানানোর পর্বও শুরু হয়ে গেছে, খোদ জিম্বাবুয়ের ক্রিকেটারদের তরফ থেকেই এসেছে অনুরোধ!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 08:46 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এমনিতে যা অবস্থা তাতে অস্ট্রেলিয়া যে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে না তা আগেভাগে বলেই দেয়া যায়। না গেলে আইসিসি জরিমানা করবে, স্বাগতিক দেশ জিম্বাবুয়ের জন্য ক্ষতিপূরণ আদায় করবে-এসব ব্যাপার আমলে নিলে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের বিশ্বসেরারা হয়তো সফর জারি রাখার পক্ষেই সিদ্ধান্ত নিতো। কিন্তু সেই সম্ভাবনা প্রায় শেষই করে দিয়েছেন জন হাওয়ার্ড। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গত শুক্রবার জানিয়ে দিয়েছেন, এই সফর বাতিল করার সিদ্ধান্ত নেয়ার পর আইসিসি ক্রিকেট অস্ট্রেলিয়াকে জরিমানা করলে সেই অর্থ তারা দিয়ে দিতে প্রস্তুত। আইসিসিও জানিয়ে দিয়েছে নির্দিষ্ট কোনো কারণ ছাড়া সফরটা বাতিল করলে তা হবে ঘোরতর অন্যায়।

এমনই এক অস্বস্তিকর অবস্থায় আসরে প্রবেশ করলেন ভুসিমুজি সিবান্দা। জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান সফরটা বাতিল না করে তার দেশে যাওয়ার অনুরোধ জানালেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে। যদিও তিনি নিজেই আরো কয়েক জন তারকা জিম্বাবুইয়ান ক্রিকেটারের পথ অনুসরণ করে পাড়ি দিয়েছেন বিদেশে! বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে বিদায় নেয়ার পর মাত্র ২৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে এখন খেলছেন সিডনির একটি ক্লাবের হয়ে!

অস্ট্রেলিয়ার বহুল প্রচারিত দৈনিক ‘সিডনি মর্নিং হেরাল্ড’-কে সিবান্দা বলেছেন, “ অস্ট্রেলীয়রা না গেলে তা হবে খুবই দুঃখজনক এক ঘটনা। আশা করি তারা সেখানে (জিম্বাবুয়েতে) খেলতে যাবেন। উন্নতি করার জন্য বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলার মতো চ্যালেঞ্জের প্রয়োজন আমাদের। আর অস্ট্রেলিয়াই তো বিশ্বের সেরা দল।”

এদিকে এই সফর নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক আনুষ্ঠানিক সভায় বসছে অস্ট্রেলীয় সরকার। এ সম্পর্কে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাউনারের মন্তব্য,“এমনিতে আমি খেলার মধ্যে রাজনীতিকে টেনে আনার পক্ষপাতী নই। কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে আমি মনে করি, এটাই সঠিক কাজ। মুগাবের (জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে) বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নেয়া উচিৎ। এবং ক্রিকেটারদের থামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিৎ।”