এমসিসিকেও পাশে পেলেন গিলক্রিস্ট
সেই স্কোয়াশ বলটা বোধহয় ব্যক্তিগত সংগ্রহে আজীবন রেখে দেবেন অ্যাডাম গিলক্রিস্ট!
বিশ্বকাপের ফাইনালে বাঁ হাতের গ্লাভসের ভেতরে সেই বল রেখে অবিস্মরণীয় এক ইনিংস খেলেছেন বলেই এমন সিদ্ধান্ত নেবেন না তিনি। বলটিকে ঘিরে এখন যে বিতর্কের ঢেউ, এই সিদ্ধান্ত নেয়ার পেছনে কাজ করতে পারে সেটাও। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মাথিভানান গিলক্রিস্টের গ্লাভসের মধ্যে বল রাখা নিয়ে প্রশ্ন তোলাতে ক্রিকেট বিশ্বে এখন রীতিমতো তোলপাড়। ফাইনালে ১০৪ বলে ১৪৯ করে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক অবশ্য ভাগ্যবান। স্বদেশবাসীরা তো বটেই, ক্রিকেট আইনের অভিভাবক হিসাবে পরিচিত মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবও (এমসিসি) দাঁড়িয়েছে তার পাশে।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, সেদিন কোনো আইনভঙ্গ করেননি গিলক্রিস্ট। বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা বিজয়ী অস্ট্রেলিয়ার সদ্য বিদায়ী কোচ জন বুকানন পুরো ব্যাপারটিকে ‘বিতর্কের কোনো বিষয় নয়’ বলে উড়িয়েই দিচ্ছেন। গিলক্রিস্টের পূর্বসুরী, অস্ট্রেলিয়ার সাবেক উইকেট কিপার ইয়ান হিলিও মাথিভানানের অভিযোগ শুনে ব্যঙ্গের হাসি হেসেছেন!
“আসলে ইনজুরি থেকে রক্ষা পাওয়ার জন্য গ্লাভসের ভেতরে কোনো কিছু রাখা হয়নি। ব্যাটের হাতলে গ্রিপের সুবিধা পাওয়ার জন্য ব্যাটসম্যান কাজটা করেছে। এটাকে অন্যায় হিসাবে বিবেচনা করা অনুচিৎ। এই ঘটনা আইন ভাঙ্গা কিংবা খেলাটার স্পিরিট নষ্ট করার মতো কোনো ব্যাপার নয়”-এক বিবৃতিতে এভাবেই গিলক্রিস্টের পাশে দাঁড়িয়েছে এমসিসি।
বুকানন তো এ নিয়ে বিতর্ক শুরু হওয়াতেই ভীষণ বিরক্ত। অস্ট্রেলিয়ার অজস্র সাফল্যের নেপথ্য-নায়কের বিশ্বাস, অন্য কিছু নয়, ভবিষ্যতে অনিন্দ্যসুন্দর ঐ ইনিংসটার কথাই শুধু মনে রাখবে মানুষ, “ইনজুরিতে পড়া কোনো খেলোয়াড়ের ব্যান্ডেজ করা কি অবৈধ? কিংবা ব্যাটসম্যানদের তাদের ব্যাটে অতিরিক্ত গ্রিপ ব্যবহার করা? (স্কোয়াশ বল ব্যবহার করে) সুবিধা নেয়া সম্পর্কে বিতর্ক শুরু হয়েছে। তবে আমি আশা করি, মানুষ এসব ব্যাপার উপেক্ষা করে ইনিংসটা কতটা দুর্দান্ত ছিল, সেটাই শুধু মনে রাখবে।” গ্রিপ ঠিক রাখার জন্য গিলক্রিস্টের গ্লাভসের মধ্যে স্কোয়াশ বল ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠায় বুকানন বেশ হতাশও,“প্রত্যেকেই এ সম্পর্কে প্রশ্ন ওঠার কথা জানতে পারলে তাদের হতাশা ব্যক্ত করবেই। যে কোনো ফাইনাল হওয়া উচিৎ ক্রিকেটের উৎসব। আর অ্যাডামের ইনিংসটা ছিল অসাধারণ। এ ধরনের মন্তব্য লোকের উপেক্ষা করাই উচিৎ। এবং যত দ্রুত সম্ভব দৃঢ়তার সঙ্গে এর মোকাবিলা করা উচিৎ।”
ইয়ান হিলিও মাথিভানানের অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে দেয়ার পক্ষপাতী,“প্রত্যেক ব্যাটসম্যানই তাদের গ্লাভসের মধ্যে স্কোয়াশ বল রাখুক এবং এরপর সবাই দেখুক কী হয়! মনে হয় টেনিস বল আরো ভাল হবে! সবাই চেষ্টা করেই দেখুক না। ক্রীড়াবিদরা যে সমস্ত প্রতিরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করেন তার সবই তো পারফরম্যান্স-বর্ধক। তবে একটা স্কোয়াশ বল ব্যবহার করে অনেক ব্যাটসম্যানই তাদের পারফরম্যান্সে উন্নতি ঘটাতে পারবে কি না সে ব্যাপারে আমি খুব বেশি নিশ্চিত নই।”
ক্রিকইনফো-এর সহায়তায়
