টেন্ডুলকার-সৌরভের অসহযোগিতার খবর উড়িয়ে দিলেন দ্রাবিড়
দুর্ভেদ্য রক্ষণের জন্য তার নামই হয়ে গেছে ‘দি ওয়াল’।
রাহুল দ্রাবিড় তাই জানেন, খুব ভালো বল ব্যাট উঁচিয়ে ছেড়ে দিতে হয় নয়তো ঠেকাতে হয়। বুধবার দুপুরে মাঠের কাজটাই সংবাদ সম্মেলনে করলেন ভারত অধিনায়ক। বিশ্বকাপে দলের দুই সিনিয়র ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী তাকে সমর্থন করছিলেন না বলে খবর বেরিয়েছে। এ প্রসঙ্গে তার দৃষ্টি আকর্ষণ করা হলে ‘এমন কিছুই ঘটেনি’ ভাব ধরলেন। যদিও সেটা কেউ, বিশেষ করে ভারতীয় সাংবাদিকরা খুব একটা বিশ্বাস করেছেন বলে মনে হল না। দলের ভেতরই পারস্পরিক অবিশ্বাসের ডালপালা গজালে তা বাইরেও ছড়াতে বাধ্য।
অভিযোগটা বাতাসে ভেসে বেড়াচ্ছিল ঠিকই। কিন্তু তা বিশ্বাস করানোর মতো তথ্যপ্রমাণ হাজির করতে পারছিল না কেউই। অবশেষে তা ভারতীয় নির্বাচকদের জবানিতেই উপস্থাপন করেছে সেদেশের হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’।
এই চ্যানেলটার নামের বাংলা করলে দাড়ায় ‘আজ পর্যন্ত’। এবং মঙ্গলবার রাতে তারা যে ‘বিস্ফোরক’ সংবাদটি পরিবেশন করলো, তা ভারতীয় দলের আপাতত নির্ধারিত হয়ে থাকা নিয়তির সঙ্গে চ্যানেলের নামটাকে বেশ মিলিয়ে দিচ্ছে। ‘আজ পর্যন্ত’ রাহুল দ্রাবিড়ের দলকে বয়ে বেড়াতে হচ্ছে বিশ্বকাপ ব্যর্থতার দায়। সাফল্যে যেমন অনেক অভাব-অভিযোগও হাওয়া হয়ে যায়, তেমনি ব্যর্থতায় সেগুলোই মূর্ত হয়ে ওঠে সবচেয়ে বেশি। প্রথম রাউন্ড থেকে ভারতের বিদায়ের পর থেকেই সেগুলোর অনুসন্ধান চলছিল। বাতাসে ভাসছিল অধিনায়ক দ্রাবিড়ের সঙ্গে দলের সিনিয়র ক্রিকেটারদের মানসিক দূরত্ব তৈরির খবরও। তা কতোটা সত্য, এই নিয়ে সন্দেহ থাকলেও এখন আর তা থাকার কথা নয়। চার নির্বাচক রনজিব বিসওয়াল, ভুপিন্দর সিং সিনিয়র, ভেংকটপতি রাজু এবং সঞ্জয় জাগদালে-এই চারজনের কথোপকথনের ছবি গোপন ক্যামেরায় ধারণ করে ভারতীয় টিভি চ্যানেল ‘আজতক’ দেখিয়েছে বিশ্বকাপে ভারতীয় দলের ড্রেসিংরুমে ছড়িয়ে পড়া কোন্দল, ব্যক্তিত্বের সংঘাত চরম আকার ধারণ করেছিল। এদের মধ্যে জাগদালে ছিলেন বিশ্বকাপে ভারতীয় দলের ম্যানেজার। ড্রেসিংরুমে শ্রীশান্থ ও জহীর খানের মারামারিতে জড়িয়ে পড়ার ঘটনার প্রত্যক্ষদর্শীও তিনি। আর ভুপিন্দর বলেছেন, শচীন-সৌরভের কাছ থেকে সহযোগিতা পাচ্ছিলেন না দ্রাবিড়। জানিয়েছেন ওই দুই গ্রেট ব্যাটসম্যান দলের ভেতর উপদল তৈরি করে ফেলেছিলেন। ক্রিকেটারদের কেউ কেউ ছিলেন শচীনের পক্ষে। আবার কারো কারো হাত বাড়ানো ছিল সৌরভের দিকে। ভুপিন্দার বলছিলেন, “তারা মনে করছিল যে, সে (দ্রাবিড়) ব্যর্থ হলে আমাদের অধিনায়ক বনে যাওয়ার সুযোগ আছে।”
বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডের আগেরদিন সংবাদ সম্মেলনের শুরুর দিকেই ভারত অধিনায়ককে এমন তপ্ত বিষয় নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হলো। কিন্তু ভালো বল সামলানোর উপায় জানা আছে বলেই তেমন একটা বিপর্যস্ত করা গেল না দ্রাবিড়কে, “সত্যি কথা বলতে কী, যতোটা সহযোগিতা দরকার ছিল ঠিক ততোটাই আমি পেয়েছি বলেই মনে হয়েছে আমার। তাছাড়া যে দলটা আমাকে দেয়া হয়েছিল এবং যেমন সমর্থন পেয়েছি, তা নিয়ে আমি অখুশি নই। যেসব বলা হচ্ছে, আমি আসলে সেসবের কিছুই জানি না।” সঙ্গে সঙ্গেই এক ভারতীয় সাংবাদিক প্রতিবেদনে নির্বাচকদের কথোপকথনের কথা জানিয়েও টলাতে পারলেন না দ্রাবিড়কে, “আমি যেহেতু ওটা দেখিনি, তাই এবিষয়ে মন্তব্য করতে পারছি না।” মন্তব্য না করলেও আরেকটা সিরিজ শুরুর আগে বিশ্বকাপ ব্যর্থতার জের তো মানসিকভাবে তাকে টানতে হচ্ছেই।
