২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার প্রয়োজনের সময় লাইনচ্যুত ‘নড়াইল এক্সপ্রেস’

যুদ্ধে নামার ঠিক আগের মুহুর্তেই দলের সেরা অস্ত্রটি বিকল হয়ে গেলে প্রধান সেনাপতির মনে ভয় ঢুকে যায়। রণকৌশল মাঠে মারা যাওয়ার ভয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

কিন্তু মনের ভয় মনে লুকিয়ে রেখে তিনি সংবাদ সম্মেলনে হাসছেন। হাসির আরেকটা অর্থ হতে পারে অস্ত্র সারিয়ে তোলার জোর চেষ্টা চলছে।

এই অস্ত্রের নাম মাশরাফি বিন মুর্তজা। পিঠের ব্যাথায় গত দুদিন প্র্যাকটিসে নামতে না পারা বাংলাদেশের এই ফাস্টবোলার কতোটা ভয়ংকর হয়ে উঠতে পারেন তা ভারতীয়রা খুব ভাল করেই জানে। আর জানেন দলের প্রধান সেনাপতি তথা বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার, যিনি বিশ্বাস রাখতে চান এই স্পিডস্টারের ওপর, “সে এমন এক বোলার যে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করে মাঠে। ফিট থাকুক কিংবা আনফিট, আমি চাইলে সে দেড়শ ভাগ দিতেও প্রস্তুত থাকে।”

কিন্তু সমস্যা হচ্ছে, এই ম্যাচ উইনারের ইনজুরি ভাবিয়ে তুলেছে বাংলাদেশ দলকে। হঠাৎ গত মঙ্গলবার থেকে তার পিঠের ব্যাথা শুরু হয়। প্র্যাকটিসে নামতে পারেননি বুধবারেও। অবশ্য মাশরাফির এই ইনজুরিকে তেমন পাত্তা দিতে চাইলেন না বাংলাদেশ দলের কোচ ডেভ হোয়াটমোর, “সামান্য ইনজুরি এটা।” পরে অধিনায়ক হাবিবুল বাশারের বক্তব্যে বোঝা গেল তা মোটেও সামান্য নয়, “মাশরাফি সবসময় গুরুত্বপূর্ণ, সে স্পেশাল। তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে তো অবশ্যই চিন্তার কথা। তবে অন্য যারা আছে তাদেরও সেটা পুষিয়ে দেওয়ার ক্ষমতা আছে।”

হাবিবুলের শেষের কথাটা আসলে কথার কথা। নিজেকে সান্ত¡না দেওয়ার, দেশের ক্রিকেটপ্রেমীদের সান্ত¡না দেওয়ার কথা। পারফরম্যান্সের চোখ দিয়ে দেখলে মাশরাফির শুন্যতা পূরনের শক্তি একটুও নেই বাংলাদেশের। ২১ রানের মধ্যে শেবাগ ও উথাপ্পাকে ফিরিয়ে দিয়ে বিশ্বকাপে ভারত বধের নেতৃত্ব দেওয়া ‘নড়াইল এক্সপ্রেসে’র ক্যারিশমা আর কার হাতে আছে ? ওই ম্যাচে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন এই পেসার। বিশ্বকাপে বল হাতে শুরুতেই তিনি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিতেন। ওই চাপ থাকতো বলেই পাওয়ার প্লেতে স্পিনার আব্দুর রাজ্জাককে ব্যবহার করার সাহস দেখাতে পেরেছেন বাংলাদেশী অধিনায়ক। প্রায় ২৯ গড়ে ৮৮ উইকেট নেওয়া এই ফাস্টবোলারের মাঠে উপস্থিতি মানে শুধুই নিজে উইকেট নেওয়া নয়, ওপেনিং পার্টনার সৈয়দ রাসেল এবং স্পিনারদের সাফল্যের অনুঘটকও বটে।

এরকম এক দুর্দান্ত ক্রিকেটারের মাঠে উপস্থিতি নিয়েই অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশীরা সমর্থকরা একটু হতাশ বৈকি। মাশরাফির নিজের চেহারাতেও ফুটে উঠেছে যন্ত্রণাক্লিষ্ট ছবি, “জানি না কী হবে। তবে পিঠের ব্যাথা এখনো আছে। আগামীকাল ফিটনেস টেস্ট না হওয়া পর্যন্ত আমার খেলার ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না।” অথচ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতের সঙ্গে এই সিরিজ খেলার জন্য তিনি মুখিয়ে ছিলেন। কিন্তু অতীত বলছে, যখনই নিজের প্রত্যাশা ও তাকে নিয়ে মানুষের স্বপ্ন ডালাপালা মেলতে শুরু করে তখনই দুভার্গ্য হানা দেয় এই ফাস্টবোলারের ক্যারিয়ারে। ২০০৩ সালে বিশ্বকাপেও একটি ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসতে হয়েছিল তাকে ইনজুরি নিয়ে। ইনজুরি সামলাতে গিয়ে কোনো হাঁটুই অক্ষত রাখেননি। দুই হাঁটুতে আস্ত্রপোচার করতে হয়েছে, তার রানআপ কমাতে হয়েছে, বলের গতি কমাতে হয়েছে।

অবশিষ্ট আছে নিখুঁত লাইন ও লেন্থ। তার সঙ্গে গতির হেরফের করে মাশরাফি এখনো ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান এক আতংক। এবং বাংলাদেশী অধিনায়কের ব্রহ্মাস্ত্র। কিন্তু সমস্যা হলো কাজের সময়ে মাঝে-মধ্যেই অস্ত্রটা বিগড়ে যায়।