অনিশ্চিত মাশরাফি, অনিশ্চয়তায় বাংলাদেশ
ভারত ক্ষুধার্ত বাঘ হতে পারে, কিন্তু বাংলাদেশ তাদের খাদ্য হতে রাজি নয়। ভারতের বুকে প্রতিশোধের আগুন দাউদাউ করতে পারে কিন্তু সেই আগুনে জ্বলতে নয়, বাংলাদেশ তৈরি তাতে জল ঢালতে। শুনে আবার ভেবে বসবেন না বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ফেভারিট। ফেভারিট হতে গেলে দলের সেরা বোলারকে তো থাকতেই হয়। তাকে নিয়েই যে অনিশ্চয়তা। সোমবার প্র্যাকটিস শেষে বেরোনোর পথে ব্যথার চোটে কোমরে হাত দিয়ে মাশরাফির বসে পড়াটা এমন নিভৃতে ঘটেছে যে তার ছবি কোনো টিভি ক্যামেরায় ধরা নেই। থাকলে বলা যেতো, সেটা বাংলাদেশ দলেরও বসে যাওয়ার ছবি। লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর-এর ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন
ভারত ক্ষুধার্ত বাঘ হতে পারে, কিন্তু বাংলাদেশ তাদের খাদ্য হতে রাজি নয়।
ভারতের বুকে প্রতিশোধের আগুন দাউদাউ করতে পারে কিন্তু সেই আগুনে জ্বলতে নয়, বাংলাদেশ তৈরি তাতে জল ঢালতে।
শুনে আবার ভেবে বসবেন না বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ফেভারিট। ফেভারিট হতে গেলে দলের সেরা বোলারকে তো থাকতেই হয়। তাকে নিয়েই যে অনিশ্চয়তা। সোমবার প্র্যাকটিস শেষে বেরোনোর পথে ব্যথার চোটে কোমরে হাত দিয়ে মাশরাফির বসে পড়াটা এমন নিভৃতে ঘটেছে যে তার ছবি কোনো টিভি ক্যামেরায় ধরা নেই। থাকলে বলা যেতো, সেটা বাংলাদেশ দলেরও বসে যাওয়ার ছবি।
ক্রিকেট মাঠে ব্যাট-বল গড়িয়ে গেলে বর্তমানটা মঞ্চের পুরো কর্তৃত্ব নিয়ে নেয়। তখন আর মনে থাকে না কে কতো বড় খেলোয়াড়। কার ঝোলায় কত রান। কার শিকারে কত উইকেট! কিন্তু যতক্ষণ ম্যাচ না গড়াচ্ছে ততক্ষণ ক্রিকেট ইতিহাসেরই খেলা এবং বাংলাদেশ-ভারত ম্যাচের ইতিহাস জানাচ্ছে, বাংলাদেশের জিততে হলে মাশরাফিকে নায়ক হতে হয়। ২০০৪-এর ডিসেম্বরের ঢাকা কিংবা মাস দেড়েক আগের ত্রিনিদাদ দুবারই মাশরাফির হাতে ম্যাচ সেরার পুরস্কার! কাজেই আবার কিছু হতে হলে আবার মাশরাফিকে জ্বলতে হবে। কিন্তু জ্বলার আগেই নিভে যাওয়া। বাংলাদেশ একাদশ ঘোষণা করেনি, টিম ম্যানেজমেন্ট মাশরাফির জন্য আজ সকাল পর্যন্ত অপেক্ষা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সম্ভাবনার পাল্লায় মাশরাফির খেলার চেয়ে না খেলার আশঙ্কাই বেশি।
তাই ত্রিনিদাদের ১৭ মার্চের কিংবা ঢাকার ২৬ ডিসেম্বর ২০০৪ মাথা উঁচু করছে না। মাথা বরং উঁচু সেই দিনগুলোর যে ম্যাচগুলোতে বাংলাদেশ মাথা নীচু করে মাঠ ছেড়েছিল। তাহলে! সবচেয়ে ধারালো অস্ত্র হারালে সেনাপতিকে হতাশ দেখায়। কিন্তু ক্রিকেট সংস্কৃতির অংশই হলো, অধিনায়ক বলবেন, “আমরা হতাশ, কিন্তু সেই হতাশা ভুলে আমাদের বাকিদের সেরা খেলাটা খেলতে হবে। লড়াই করতে হবে।” হাবিবুল বাশার তা বললেন আর সবাই অবিশ্বাস করে গেল।
মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলন যে কক্ষটায় হয় সেটা হিটলারের গ্যাস চেম্বার কিংবা সিরাজউদ্দৌলার অন্ধকুপের সঙ্গে তুলনীয়। সেখান থেকে বেরোনোর পর সবাই প্রাণভরে স্বস্তির নিশ্বাস নেন, কিন্তু এ দিন বেরিয়ে স্বস্তির জায়গায় সবার মনমরা ভাব। সব আলোচনায় মাশরাফির সম্ভাব্য অনুপস্থিতি প্রসঙ্গ। কে একজন বললেন, “দুটো ক্ষতি হয়ে গেল। প্রথমটা মাশরাফির না খেলা। আর দ্বিতীয়টা শাহাদাতের খেলা। মাশরাফি না খেললে শাহাদাত খেলবেন নিশ্চিত এবং তার স্বাভাবিক প্রবণতা অনুযায়ী শুরুতে লাইন-লেংথহীন বল করে ভারতীয় ওপেনারদের সেট করে দেয়ার কাজটি তার ভালোমতোই করার কথা!
আশরাফুল এলেন। সবাই চাইছিল, কিন্তু কেউ দাবিটা জানায়নি। তবু সংবাদ সম্মেলনে কোচ-অধিনায়কের সঙ্গে উপস্থিত আশরাফুলকে দেখে একটা দ্বিধাও তৈরি হলো। এটা তার শততম ওয়ানডে আবার সহ-অধিনায়ক হিসাবে তার অভিষেক। আশরাফুলকে কোন কারণে নিয়ে আসা? তা যে কারণেই আসুন আশরাফুলের কিছু কিছু বিশ্লেষন অধিনায়কোচিতই। যেমন জানালেন, এই সিরিজে ভারতের যেমন জেতার সুযোগ আছে তেমনি বাংলাদেশেরও সুযোগ আছে। কিন্তু ভারতের বিপক্ষে দুটো জয়ের কোনোটাতেই যে আশরাফুলের তেমন কোনো অবদান নেই! তার অবদান ছাড়া বাংলাদেশের জয় তো ঠিক মানায় না। আশরাফুল কি শততম ম্যাচে, সহ-অধিনায়কত্বের অভিষেকে মানানসই কাজটা করে দেবেন!
ভারত যতদিন বাংলাদেশের সঙ্গে খেলবে, ততদিনই তামিম ইকবালকে মনে রাখবে। ত্রিনিদাদে মাটি ফুড়ে বেরোনো দৈত্যের মতো এমন তাণ্ডব শুরু করেছিলেন, রাহুল দ্রাবিড় আজও বোধহয় দুস্বপ্নে তামিমকে দেখেন। আর দেখতে চান না, চান না বলেই তামিম-বধের ওষুধও বের করে এসেছেন। কথা তুলতেই বলে দিলেন, “সেই ম্যাচের আগে আমরা তার সম্পর্কে তেমন কিছু জানতাম না। এখন জেনেছি। তাকে কোন লাইনে বল করতে হবে সেটাও আমাদের বোলারদের জানা এখন।” দ্রাবিড় যদি ওষুধ বের করে থাকেন তাহলে সেই ওষুধকে গ্রাম্য কবিরাজের ভেজাল ওষুধ বানাতেও তৈরি তামিম। আগের দিন ব্যাটের ঔদ্ধত্য মুখে এনে জানিয়ে রেখেছেন, “যে-যাই করুক আমি আমার খেলাটা ঠিকমতো খেলতে পারলে...। ”
ক্রিকেটে সবাই সবার খেলাটা ঠিকমতো খেলতে চায়। সবসময় সবাই পারে না প্রতিপক্ষের কারণে। এই প্রতিপক্ষের সঙ্গে তবু শক্তি দিয়ে লড়াই করা যায়, কিন্তু যে প্রতিপক্ষের নাম ‘ইনজুরি’, তার সঙ্গে লড়াই চলে না। এই নিষ্ঠুর প্রতিপক্ষ পেছন থেকে ছুরি মারার মতো মাশরাফিকে কেড়ে নিলো। ইনজুরির মতো আরেকটা প্রতিপক্ষ আছে এবং তার সঙ্গেও ক্রিকেটে লড়াই করা যায় না। বৃষ্টি। বুধবার সকালে বৃষ্টি যেভাবে প্র্যাকটিস বিঘ্নিত করলো তাতে ম্যাচের ভাগ্যরেখাতেও মেঘ থেকেই যাচ্ছে।
ভাবতে ভাবতে আবার মনে হচ্ছে বাংলাদেশের আবহাওয়া তো সবসময়ই উল্টো। যা মনে হয় কিংবা বিশেষজ্ঞরা যা বলেন তার উল্টোটাই হয় সাধারণত। আর তখনই মনে হলো, মাশরাফিও যদি মিলে যেতেন বাংলাদেশের আবহাওয়ার চির-চরিত্রের সঙ্গে। ধারণাকে মিথ্যা করে নেমে গেলেন মাঠে!
আবহাওয়া-বিশেষজ্ঞদের মতো ক্রিকেট-বিশেষজ্ঞরাও খেয়ে গেলেন ধোকা! আর দ্রাবিড়রা সকালে মাশরাফিকে দেখে একেবারে বোকা!
