২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাবেগ সাকিব ভারতকে নিয়ে ভাবছেনই না!

বয়স কখনো কখনো কারো কারো সম্পর্কে ভুল ধারণাও দিয়ে থাকে। যেমন দেয় মাত্র ১৯ বছর বয়সের সাকিব আল হাসান সম্পর্কে। বয়স তাকে আবেগী বলে মনে করায়। কিন্তু কথা বলতে গেলে বেরিয়ে পড়ে ভেতরের নিরাবেগ চেহারাটা। সেটা মঙ্গলবার দেখা হয়ে গেল ভারতীয় মিডিয়ার লোকদেরও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 11:25 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সকালে প্র্যাকটিসের সময় তাদের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের এই তরুণ অলরাউন্ডার যা বললেন, সেগুলো প্রতিবেশী দেশের সাংবাদিকদের অপার বিস্ময়ের কারণই হয়তো। এই অল্প বয়সে তার সামনে আদর্শ হিসেবে কারো না কারো থাকাই উচিত। আর সেটা যদি হন ভারতের কোনো ক্রিকেটার, তাহলে তো এখান থেকে পাঠানো প্রতিবেদনটা খুব জমে যায়! কিন্তু সাকিব তা জমতে দিলেন কই! “আপনার অনুপ্রেরণা কে?” প্রশ্নে তার দুই শব্দের জবাব। অবশ্য তা কারো নাম নয়,“আমি নিজে।” মাত্রই তারুণ্যে পা রাখা একজনের এমন উত্তরে বিস্মিত না হয়ে উপায় কী!

নিজেকেই নিজের অনুপ্রেরণা ঘোষণা করে ছুট লাগান মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ড্রেসিংরুমের দিকে। তার আগে মিনিট সাতেকের সাক্ষাৎকার পর্বের পুরোটা জুড়েই এমন ‘কাঠখোট্টা’ জবাবের ছড়াছড়ি। অন্তত ভারতীয় সাংবাদিকদের দৃষ্টিতে। লম্বা লম্বা প্রশ্নের দুয়েক কথার জবাব। যেগুলোতে আবেগ-অনুভূতির অস্তিত্ব নেই। বরং পেশাদারিত্বের প্রকাশটাই বেশি। “ভারতকে নিয়ে কী ভাবছেন?” কিংবা “ওয়ানডেতে শচীন-সৌরভদের না থাকা বাংলাদেশের জন্য সুবিধা কিনা?”-আলাদা আলাদা প্রশ্নে সাকিবের জবাব অবশ্য একই,“আমরা ওদের (ভারত) নিয়ে ভাবিনি। আমরা কেবল নিজেদের নিয়েই ভাবছি। ভালো ক্রিকেট খেলতে পারলে রেজাল্ট আমাদের হাতেই ধরা পড়বে।” বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর এই সিরিজে বাংলাদেশ দলের কাছে প্রত্যাশা অনেক বেড়ে গেছে বলেই টের পাচ্ছেন সাকিব,“এবার আমরা অন্য পরিস্থিতিতে খেলতে নামছি। একেই দেশের মাঠে খেলা। তারওপর লোকজনের প্রত্যাশাটাও থাকবে বেশি। এমনকি এবার বেশি আমার নিজের প্রত্যাশাটাও।” সেই প্রত্যাশাটা বাড়তি চাপ হয়ে দাড়াবে কিনা, এমন প্রশ্নে আবার পেশাদারী চেহারায় দেখা দিলেন,“না, এটা উৎসাহব্যঞ্জক।”

এই সিরিজ শেষেই ডেভ হোয়াটমোরের বিদায় প্রসঙ্গে বোধহয় আবেগ কিছুটা ছুঁতে পারলো তাকে,“কোচকে আমরা ভালোভাবে বিদায় দিতে চাই।” বিশ্বকাপে ভারতকে হারানোর পর এই ‘ভালো’র সংজ্ঞাটা নিশ্চয়ই আর খুলে বলার দরকার ছিল না সাকিবের।