পাকিস্তানের ওয়ানডে দলে সহ অধিনায়ক হয়ে ফিরলেন আসিফ
কনুইয়ের চোটের জন্য মিস করেছিলেন বিশ্বকাপ। তবে বিশ্বকাপের পর পাকিস্তানের প্রথম ওয়ানডে সিরিজ আর মিস করতে হচ্ছেনা মোহাম্মদ আসিফকে।
সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফাস্টবোলার আসিফ সে দলে আছেন একেবারে সহ-অধিনায়ক হিসেবে!
আগামী ১৮ থেকে ২২ মে’র মধ্যে আবুধাবিতে শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। নতুন অধিনায়ক শোয়েব মালিকের এ দলটা বিশ্বকাপ রানার্সআপদের ভালো চ্যালেঞ্জ জানাবে-এমনটি আশা করা যেতেই পারে। পিসিবির প্রধান নির্বাচক সালাহউদ্দীন আহমেদ মনে করেন সম্ভব সেরা দল নিয়েই আবুধাবিতে যাচ্ছেন শোয়েব,“বিশ্বকাপের পর ইনজামামের অবসর নেয়া আর কাউন্টিতে চুক্তিবদ্ধ থাকায় ইউনিস এ সিরিজ খেলতে অপারগ হওয়ায় এটিই এখন আমাদের সম্ভব সেরা দল। ” দলে দুটি নতুন মুখ। অলরাউন্ডার ফাওয়াদ আলম আর বাঁ-হাতি ফাস্টবোলার নাজাফ শাহ।
পাকিস্তান দল : শোয়েব মালিক (অধিনায়ক), ইমরান নাজির, সালমান বাট, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইউসুফ, ইয়াসির হামিদ, কামরান আকমল, শহীদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, ফাওয়াদ আলম, আব্দুল রেহমান, মোহাম্মদ আসিফ, উমর গুল, রাও ইফতিখার, মোহাম্মদ সামি, নাজাফ শাহ।
