আবার জিম্বাবুয়ে সফর বাতিল করার পথে অস্ট্রেলিয়া
এর আগেও একবার এই কাজটা করেছিল তারা, সম্ভবত আবারো ঘটতে যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি।
এ বছরের প্রস্তাবিত জিম্বাবুয়ে সফরে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলকে না পাঠানোরই পক্ষে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাউনার। সোমবার তিনি জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের সঙ্গে দেখা করে সেপ্টেম্বরের প্রস্তাবিত সফরটা বাতিল করতে অনুরোধ করবেন।
“আমি মনে করি এই সফর হওয়া উচিত নয়। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া যদি জিম্বাবুয়ে সফরে যায় তাহলে জিম্বাবুয়ের সরকার, বিশেষ করে ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষক সে দেশের প্রেসিডেন্টের পক্ষে প্রচারণা চালানোর একটা সুযোগ করে দেবে” - সফর বাতিল করার পক্ষে এটাই ডাউনারের সবচেয়ে বড় যুক্তি।
ক্রিকেট অস্ট্রেলিয়াও যে এই সফরে দল পাঠাতে খুব আগ্রহী এমন নয়। সমস্যা একটাই, আইসিসির আইন অনুযায়ী এই সফর বাতিল করলে প্রায় ২০ লাখ ডলার জরিমানা গুনতে হতে পারে তাদের। ডাউনার অবশ্য জানিয়েছেন, তার সরকার প্রয়োজনে এই জরিমানার টাকাও দিয়ে দিতে প্রস্তুত।
এর আগে ২০০৪ সালেও একবার একই কারণে জিম্বাবুয়ে সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া।
