২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রতিশোধের নেশাকে সামাল দিতে তৈরি বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে কোনো ক্রিকেট সিরিজের আগে এতটা চাপে থাকেনি সম্ভবত কোনো প্রতিপক্ষ এবং সম্ভবত বাংলাদেশে আয়োজিত কোনো সিরিজে এত তাপ আর উত্তাপও ছিল না আগে কখনোই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বাংলাদেশের বিপক্ষে তৈরি হতে গিয়ে প্র্যাকটিসে নিজেকে রক্তাক্ত করেছেন ভারতীয় অধিনায়ক। তারপরও ঢাকায় পা রেখে রাহুল দ্রাবিড় ভয় পাচ্ছেন মনের গোপন প্রতিশোধের কথা মুখে আনতে। যা একটু ঘুরিয়ে-ফিরিয়ে প্রতিশোধের সুরে বলার চেষ্টা করেছেন কোচ-কাম ম্যানেজার রবি শাস্ত্রী, “কঠিন ক্রিকেট খেলার জন্যই এসেছি আমরা।”

ভারতীয়দের মুখে কাঠিন্য থাকলেও প্রতিশোধের কথা বলছেন না সরাসরি, বলছেন না সিরিজ জেতার কথা। গত বিশ্বকাপটাই যেন পাল্টে দিয়েছে পুরো ক্রিকেট পারিপার্শ্ব। সেখানে বাংলাদেশ আর পাঁচটা দলের মতোই সমীহ জাগায়। এই দলের খেলোয়াড়রা এখন দ্বিধাহীন চিত্তে ম্যাচ জেতার কথা বলতে পারে। ভারতের মতো প্রতিপক্ষের সঙ্গে দুর্দান্ত লড়াই করতে পারে।

বিশ্বকাপে ঐতিহাসিক সেই লড়াইয়ে যার ব্যাটে ভারত-বধের সূচনা হয়েছিল সেই তামিম ইকবাল রবি শাস্ত্রীর কথার পাল্টা জবাব দিয়েছেন, “মুখে মুখে তো আর খেলা হয় না। মাঠে দেখা যাবে, কারা কঠিন ক্রিকেট খেলতে পারে। আমরা সাধ্যমতো চেষ্টা করবো মাঠে।” এই বাংলাদেশ যে আর আগের মতো পুঁচকে দল নয় তা বিশ্বকাপেই দেখিয়েছে। তারুন্য আর অভিজ্ঞতার সুসম মিশ্রণে নতুন দলটির এখন সত্যিই দুর্বার চেহারা। সেখানে বড় ভূমিকা রাখা এই কিশোর ওপেনারের বিশ্বাস, “এই দলের ভারতের বিরুদ্ধে সিরিজ জয়েরও ক্ষমতা আছে। সেটা নির্ভর করছে আমাদের নিজেদের ক্ষমতার প্রয়োগের ওপর।”

মোহাম্মদ আশরাফুল বলেছেন আরো নির্দিষ্ট করে, “আমাদের বোলাররা ভালো বোলিং করছে। এখন ব্যাটসম্যানরা যদি ধারাবাহিকতা বজায় রেখে ব্যাটিং করতে পারেন তাহলেই আমাদের ভাল সম্ভাবনা আছে।” বিশ্বকাপে তার ব্যাটে ছন্দ ছিল, সুবাদে দক্ষিণ আফ্রিকার মতো মহীরুহও বাংলাদেশের কাছে কুপোকাৎ হয়েছে। কিন্তু সুর-তালে বাজেনি শাহরিয়ার নাফিস, হাবিবুল বাশার, আফতাবদের ব্যাট। এটাকেই বাধা মনে করছেন বাংলাদেশের সহ অধিনায়ক, “ব্যাটসম্যানরা প্রত্যেক ম্যাচে ভাল ব্যাটিংয়ের ধারা বজায় রাখতে পারলে আমরা অবশ্যই এই সিরিজে ভাল করবো। তবে সিরিজ জেতার কথা বলা কঠিন।”

মানে বোলিং নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বাংলাদেশ দলের। শুরুতেই মাশরাফি-রাসেলের নিখুঁত লাইন-লেংথের পেস বোলিং সামলাতে গিয়ে বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা হিমসিম খেয়েছেন এই বিশ্বকাপে। অবস্থা এমন যে ভারতীয় পেস আক্রমণের সঙ্গে তুলনায় তাদেরই এগিয়ে রাখতে চান অনেকেই। আর বাঁহাতি বাঙালী স্পিনত্রয়ীর বিস্ফোরণ দেখেছে এই বিশ্বকাপ। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা রফিককে ছেড়ে রাজ্জাক কিংবা সাকিবকে টার্গেট করবেন, তারও উপায় ছিল না। কারণ তাদের প্রত্যেকের হাতেই আছে জাদু, আর সেটা দেখে বিস্মিত হয়েছিল ক্রিকেট বিশ্ব।

ভারতীয়রা অবশ্য এবার জানিয়ে দিয়েছে তারাও স্পিন সামলানোর প্রস্তুতি নিয়ে এসেছে। সেজন্যই বুঝি কদিন আগে কলকাতায় হঠাৎ বাঁহাতি স্পিনারদের কদর বেড়ে গিয়েছিল। তাদের ডাকা হয়েছিল নেটে বোলিং করার জন্যই । অবশ্য রাহুল দ্রাবিড় বলেছেন, “ভাল স্পিন খেলতে পারে এমন ব্যাটসম্যান আছে আমাদের।” সেই কথা শুনে আব্দুর রাজ্জাক হয়তো মনে মনে হাসছেন, মুখে বলছেন, “মাঠে দেখা যাবে।”

মানে কলকাতার বাঁহাতি স্পিনার আর রফিক-রাজ্জাকের মান যে এক নয় সেটাই হয়তো এবার বুঝিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছেন বাংলাদেশী স্পিনাররা। আসলে এ-এক নতুন বাংলাদেশ, বিশ্বকাপে যাদের নবজন্ম আর সেখান থেকে তাদের পরম প্রাপ্তি হয়েছে আত্মবিশ্বাস। সেই জোরেই বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার এখন বলতে পারছেন, “খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে। তাই এটা দুপক্ষের জন্যই কঠিন সিরিজ হবে।”

কারণ ভারতের বিপক্ষে এবার বিশ্বকাপজাত অন্য চেহারার বাংলাদেশ।