২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবু টেন্ডুলকারদের প্রতি আস্থা রাখার অনুরোধ শাস্ত্রীর

বিশ্বকাপে ব্যর্থতার যন্ত্রণা এখনো ভুলতে পারেনি ভারতের মানুষ। আর বেশিরভাগ ক্রিকেটানুরাগীরই বিশ্বাস ব্যর্থতার সিংহভাগ দায় সিনিয়র ক্রিকেটারদেরই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 08:20 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

কিন্তু ক্রিকেট ম্যানেজার রবি শাস্ত্রী এই যুক্তি মেনে নিতে নারাজ। বাংলাদেশ সফরকে সামনে রেখে রোববার কলকাতায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টেন্ডুলকার-গাঙ্গুলী-শেবাগদের মতো সিনিয়র ক্রিকেটারদের ওপরে আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন শাস্ত্রী। সেই সঙ্গে তার কণ্ঠে ক্রিকেট ভক্তদের আরেকটু ধৈর্যশীল হওয়ার আবেদনও।

ওয়েস্ট ইন্ডিজ থেকে একরাশ হতাশা নিয়ে ফেরার পর রীতিমতো তোপের মুখে পড়তে হয়েছিল ভারতের তারকা ক্রিকেটারদের। বিশেষ করে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও বীরেন্দর শেবাগকে। বিসিসিআই-ও এই তিন তারকার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়নি মোটেই। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে টেন্ডুলকার ও সৌরভকে রাখা হলেও ওয়ানডেতে দু জনকেই বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে শেবাগ ওয়ানডে সিরিজে থাকলেও টেস্ট দলে সুযোগ পাননি। এই সব সিদ্ধান্ত সম্পর্কে ভারতের ক্রিকেটমহলে আলোচনা-সমালোচনাও কম হয়নি। টেন্ডুলকার-সৌরভ-শেবাগদের জন্য এমন অস্বস্তিকর এক সময়েই তাদের পাশে এসে দাঁড়ালেন সাবেক অলরাউন্ডার শাস্ত্রী। জানালেন তারা কেউই এখনো ফুরিয়ে যাননি। “শচীন রীতিমতো ক্ষুধার্ত হয়ে আছে ......শচীন, সৌরভ আর শেবাগের প্রতি আস্থা রাখুন, ধৈর্য্য ধরুন এবং দেখুন তারা কি করতে সক্ষম। ওরা ১৫ বছর ধরে খেলছে। অর্জনের কথা বিবেচনা করে দয়া করে ওদেরকে সম্মান করুন। তারা এখনো ফুরিয়ে যায়নি”-ক্রিকেট ভক্তদের প্রতি শাস্ত্রীর অনুরোধ।

শনিবার রুদ্রপ্রসাদ সিংয়ের বলে নাকে ব্যথা পাওয়ায় অধিনায়ক রাহুল দ্রাবিড় সংবাদ সম্মেলনে ছিলেন না। সেজন্যই কেউ কেউ দ্রাবিড় এই সফরে যেতে পারবেন কি না সে সম্পর্কে প্রশ্ন রেখেছিলেন শাস্ত্রীর কাছে। ভারতের ম্যানেজার তাদের আশঙ্কাকে একেবারে উড়িয়েই দিয়েছেন,“রাহুল ভালই আছে। সে ইনজুরিটা কাটিয়ে উঠবেই। সে এক জন শক্ত-সমর্থ মানুষ। তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।”

বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার সুযোগ পাওয়ায় বাংলাদেশ সফরে ভারতীয় দলের চেহারাতেও নতুনত্ব এসেছে যেন। এই ‘নতুন’ দল নিয়ে শাস্ত্রীর মনে আত্মবিশ্বাসের কোন অভাব নেই। তবে একই সঙ্গে এই সফরকে সামনে রেখে তার কণ্ঠ যথেষ্ট সতর্কও,“বাংলাদেশ সফরটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। বিশ্বকাপে ব্যর্থতার জন্য শুধু ভারতের নাগরিকরাই হতাশ হয়নি। তাদের চেয়ে অনেক বেশি হতাশ হয়েছে ক্রিকেটাররা। আশা করি এ সম্পর্কে ভুল বুঝবেন না আপনারা। তারা (ক্রিকেটাররা) এখন নিজেদের প্রমাণ করতে ব্যগ্র।” কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের বিষয়ে আবার কোনো কথা বলতে রাজি নন তিনি। কারন তাতে নাকি পেছনের দিকে তাকানো হয় এবং ভারত ম্যানেজারের মতে,“আমরা পেছনের দিকে তাকাতে আগ্রহী নই।”

হালের জনপ্রিয় টিভি ধারাভাষ্যকার শাস্ত্রী বিশ্বকাপে দলের ব্যর্থতার কারণও অনুসন্ধান করেছেন,“গত ছয় মাসে একটা ব্যাপার মোটেও ভাল লাগেনি আমার। তা হল, তাদের (ক্রিকেটারদের) দেখে মনে হয়েছে তারা যেন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত টেবিলে বসে একঘেয়ে কাজ করে যাচ্ছে। কোন কাজ উপভোগ করতে না পারলে জয়ের কথা ভাবাও তো সম্ভব নয়।”

শাস্ত্রীর অধীনে ভারতের ক্রিকেটাররা খেলাটা উপভোগ করতে পারবেন কি না তার উত্তর পাওয়া যাবে বাংলাদেশের সঙ্গে সিরিজে। এই মিশনে অংশ নিতে সোমবার সকালে ঢাকার মাটিতে পা দিচ্ছে দ্রাবিড়ের দল।