২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমারকে হত্যা করার কোনো প্রমাণ পাননি পাকিস্তানি গোয়েন্দারা

জ্যামাইকান পুলিশের ধারনা উলমারের মৃত্যুটা স্বাভাবিক নয়, আসলে তাকে হত্যা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 07:41 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

কিন্তু পাকিস্তানি গোয়েন্দাদের তদন্তে এই ধারনার পক্ষে কোনো প্রমাণই মেলেনি! কিংস্টন থেকে ঘুরে এসে মীর জুবায়ের ও সৈয়দ কালিম শাহ যে রিপোর্ট দাখিল করেছেন, তাতে এমন কথাই বলা হয়েছে। সেই সঙ্গে তারা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে ম্যাচ পাতানোর কোনো সংশ্লিষ্টতাও নেই। (আরো তথ্যসহ-১)

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শনিবার দাখিল করা ৪০ পৃষ্ঠার রিপোর্টে ওই দুই পাকিস্তানি গোয়েন্দা লিখেছেন, “উলমারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল এটা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ এখনো পায়নি জ্যামাইকান পুলিশ।”

ওই রিপোর্টের ভিত্তিতে পাকিস্তানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ টেলিভিশনকে জানিয়েছেন, “তদন্তে এই ঘটনার সঙ্গে ম্যাচ গড়াপেটার কোনো রকম সংশ্লিষ্টতা ছিল বলে প্রমাণ পাওয়া যায়নি।”

৫৮ বছর বয়সী উলমারকে গত ১৮ মার্চ কিংস্টনের পেগাসাস হোটেলে তার কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে জ্যামাইকান পুলিশ জানায় উলমারকে সম্ভবত হত্যা করা হয়েছে। এই ঘটনা তদন্তে তারা পাকিস্তানের সাহায্য চাইলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অধীনে ওই দুই গোয়েন্দাকে কিংস্টনে পাঠানো হয়। গত ১০ এপ্রিল তারা কিংস্টনে গিয়েছিলেন এবং দু সপ্তাহ সেখানে ছিলেন।