২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্সের পদত্যাগ, নির্বাচকমন্ডলীতে আকরাম খান

অনেকদিন ধরেই দাবি ছিল তাকে নির্বাচকমন্ডলীতে ঢোকানোর। শেষ পর্যন্ত এই দাবি পূরণ হয়েছে, সুযোগটা করে দিয়েছে গোলাম নওশের প্রিন্সের পদত্যাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 06:48 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

প্রিন্স ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর তার শূন্যস্থান পূরণ করা হলো আকরাম খানকে দিয়ে। রোববার বিসিবির পারফরম্যান্স মূল্যায়ন কমিটির সভাশেষে এই সিদ্ধান্তের কথা জানান কমিটি প্রধান ও বিসিবির সহ-সভাপতি শাহ নুরুল কবীর শাহীন,“প্রিন্স ব্যক্তিগত কারণে চাকরি করবে না জানিয়ে দেওয়ার তার বিকল্প খুঁজতে হয়েছে আমাদের। তার জায়গায় সাবেক অধিনায়ক আকরামকেই বেছে নিয়েছি আমরা।”

১৯৯৭ সালে বাংলাদেশের আইসিসি ট্রফি জয়ে ব্যাট হাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আকরাম তার এই নতুন ইনিংস সম্পর্কে বলছেন,“ আমার মনে হয়, নির্বাচকের কাজ একটা থ্যাংকলেস জব। এই কাজটা করতে গেলে সমালোচনা থেকে আপনি বাঁচতে পারবেন না। আর সমালোচনা কতোটা ভালোভাবে গ্রহণ করতে পারেন, তার ওপরই নির্ভর করবে এই দায়িত্বের সাফল্য। এখান থেকেও শেখার আছে অনেক। চেষ্টা করবো, খেলোয়াড়ী জীবনে যেমন সুনামের সঙ্গে খেলেছি, তেমনি এই দায়িত্বটাও যেন সেভাবেই সামলাতে পারি।” সবকিছূ ঠিকঠাক থাকলে ১ জুন থেকে নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। অবশ্য ততোদিনে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের খেলা শেষ না হলে দায়িত্বটা আরো কিছুদিন পিছিয়ে নিতে চান তিনি,“সুপার লিগে ডিওএইচএসের হয়ে খেলতে হবে আমাকে। খেলোয়াড় থাকা অবস্থায় নির্বাচকের দায়িত্ব নেওয়া ঠিক হবে না। তাই বোর্ডকে বলবো, আমাকে যেন সুপার লিগ শেষেই দায়িত্বটা নিতে বলা হয়।” প্রসঙ্গত নির্বাচকমন্ডলীর প্রধান আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ আর আকরাম সম্পর্কে ভায়রা ভাই। অন্য সদস্য জাতীয় দলের সাবেক ওপেনার আতহার আলী খান।

সদ্য পদত্যাগী প্রিন্সের সঙ্গে বিসিবির চুক্তি এমাস পর্যন্তই আছে। এই মেয়াদও পুরো করবেন তিনি। তবে নিজের সিদ্ধান্তের কথা বাংলাদেশ দলের সাবেক বাহাতি এই পেসার বিসিবিকে আরো আগেই জানিয়ে দিয়েছিলেন বলে জানালেন,“আমি গত মাসের ১৮ তারিখেই বোর্ডকে ব্যক্তিগত কারণে আর কাজ চালিয়ে না যেতে পারার কথা জানিয়েছিলাম।” সপরিবারে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার ইচ্ছা আছে তার। সেকারণেই এমন সিদ্ধান্ত,“আমার গ্রিন কার্ড হয়েছে। তাই আমাকে যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার মধ্যেই থাকতে হবে। এজন্য নির্বাচক হিসেবে সময় দেওয়া কঠিন হবে।”