২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ইংল্যান্ড দলে খেলবেন, সফরে যাবেন ট্রেসকোথিক!

গত বছরের ভারত সফরের মাঝপথ থেকেই ফিরে আসতে হয়েছিল, তারপর অ্যাশেজ সিরিজের জন্য অস্ট্রেলিয়া গিয়েও একই পরিণতি বরণ করে নিতে হয়েছিল মার্কাস ট্রেসকোথিককে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 09:00 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

কারণ, ভ্রমণজনিত অবসাদে আক্রান্ত হওয়া। তারপর থেকেই ইংল্যান্ড দলে তিনি অবাঞ্চিত, খেলা হয়নি বিশ্বকাপও। কিন্তু সমারসেটের এই বাঁহাতি ওপেনার মনে করেন না তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। বরং অদূর ভবিষ্যতে আবার ইংল্যান্ডের হয়ে বিদেশ সফরে যাওয়ার স্বপ্নও দেখছেন তিনি।

“ইংল্যান্ড দলে আমার দিন শেষ হয়ে গেছে, এবং আমি আর কখনোই বিদেশ সফরে যেতে পারবো না এটা মানতে পারছি না”- লন্ডনের পত্রিকা ডেইলি মিররকে বলেছেন তিনি। সে সঙ্গে জানিয়েছেন, “এটা ঠিক, বিদেশ সফরের সমস্যাগুলোর সঙ্গে মানিয়ে নিতে হবে। সেটা তো আমার চিকিৎসারই একটা অংশ। তবে আমি একটা খবর জানিয়ে দিতে চাই, আমি এখন পুরোপুরি সুস্থ, খেলছিও দারুণ। জানি সোজা ইংল্যান্ড দলে ফিরতে পারবো না, সেটা আমার জন্য কিংবা দলের জন্যও ভালো কিছু হবে না। অতীতে এমন করতে গিয়ে ভেঙে পড়েছিলাম, এবার আর সেটা করতে চাই না। কিন্তু আমার কোনো তাড়াও নেই। বয়স মাত্র ৩১, তাই হাতে প্রচুর সময় আছে।”

একটা খবর শুনে অবশ্য আশাবাদী হয়ে উঠতেই পারেন ট্রেসকোথিক। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবির সঙ্গে এখনো চুক্তিবদ্ধ এই ওপেনারকে এ মৌসুমের জন্য বাছাই করা ২৫ জনের ‘ডেভেলপমেন্ট স্কোয়াড’-এ রেখেছেন ইংল্যান্ডের নতুন কোচ পিটার মুরস!