লি-- টেইট জুটিকে ঘিরে নতুন স্বপ্ন পন্টিংয়ের
গ্লেন ম্যাকগ্রা অবসর নেওয়ায় পৃথিবীর বহু ব্যাটসম্যানই এখন দারুণ খুশি। অফস্টাম্পের আশে --- পাশে নিখুঁত লাইন --- লেন্থে পিচ পড়া বলগুলোর সামনে তো আর দাঁড়াতে হবে না! তবে তাদের মুখের হাসি মিলিয়ে যেতে পারে রিকি পন্টিংয়ের কথা শুনলে। ম্যাকগ্রাকে আর কখনোই না পাওয়ার দুঃখ ভুলে অস্ট্রেলীয় অধিনায়ক এ মুহূর্তে প্রতিপক্ষের জন্য ‘ভীতি জাগানিয়া’ এক পেস জুটি গড়ার স্বপ্নে বিভোর। এবং তার সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়াটা অবধারিত বলেই মনে হতে পারে যে কারো। ব্রেট লি আর শন টেইট মিলেই তো দুর্দান্ত এক পেস জুটি উপহার দিতে পারেন বিশ্বকাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের! এখন শুধু ব্রেট লি’র ফেরার অপেক্ষা।
গোড়ালির ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে পারেননি লি। তবে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলারের অভাবটা পন্টিংয়ের দলকে বুঝতেই দেননি টেইট। বিশ্বকাপের আগেও তার লাইন --- লেন্থে ধারাবাহিকতার অভাব বড় এক দুশ্চিন্তার কারণ ছিল অস্ট্রেলিয়ার জন্য। কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় আসরে এসে টেইটকে নিয়ে সেই দুশ্চিন্তা একেবারে উধাও। ২০ দশমিক ৩ গড়ে ২৩ উইকেট নিয়ে প্রমাণ করেছেন আগের চেয়ে এখন তিনি অনেক বেশি পরিণত। সেজন্যই নতুন বল হাতে লি ও টেইটকে এক সঙ্গে দেখতে পাওয়ার সম্ভাবনায় পন্টিং রীতিমতো রোমাঞ্চিত, “এক সঙ্গে এই দু জনকে অবশ্যই খেলাতে পারি আমরা। সেই সঙ্গে আরো দুজন ভাল বোলারকে দলে রাখলে আমাদের বোলিং আক্রমণটা দুর্দান্ত হবেই।”
বিশ্বকাপে টেইটের পারফরম্যান্স দেখেও অস্ট্রেলিয়ার অধিনায়ক অভিভূত। মাঝে মাঝে বলের লাইন ---- লেন্থ অতটা নিখুঁত না হলেও পন্টিংয়ের বিশ্বাস, প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে টেইট আতঙ্ক জাগাতে যথেষ্টই সক্ষম, “নতুন বলে টেস্ট ও ওয়ানডে দু ধরনের ক্রিকেটেই ভাল করতে পারবে টেইট। বিশ্বকাপেও তাকে ভাল মতোই কাজে লাগিয়েছি আমরা। সে ব্যাটসম্যানদের ওপরে চড়াও হতে পারে। যদি সে নতুন বল সুইং করানোর পাশাপাশি ঠিক জায়গায় ফেলতে পারে তাহলে বিশ্বের খুব কম ব্যাটসম্যানই তাকে স্বচ্ছন্দে খেলতে পারবে।”
টেইটকে ‘মিস্টার আনপ্রেডিক্টেবল’ হিসাবে আখ্যায়িত করে পন্টিংয়ের মন্তব্য,“সে পুরোপুরি এক জন স্ট্রাইক বোলার। টেস্ট ক্রিকেটে তাকে দিয়ে দু/তিন ওভার করিয়ে তার পর স্টুয়ি (স্টুয়ার্ট) ক্লার্কের মতো কোন লাইন --- লেন্থ ঠিক রাখা বোলারকে নিয়ে আসা যেতে পারে। ব্রেটও (লি) কয়েক বছর আগে তার মতোই ছিল। তবে আমার ধারণা সে (টেইট) তার খেলার ধরণ পুরোপুরি পাল্টে ফেলে আরো বেশি মিতব্যয়ী হতে সক্ষম।” বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ম্যাকগ্রাও টেইটের প্রশংসায় পঞ্চমুখ, “আমার মতে বলের ওপরে তার নিয়ন্ত্রণ খুবই ভাল। তার অসাধারণত্বই টেইটিকে বিশেষ এক জন বোলারে পরিণত করেছে।”
টেইট নিজেও ব্রেট লি’র সঙ্গে নতুন বল হাতে নেয়ার সম্ভাবনায় উদ্বেলিত, “যদি আমি সব কিছু ঠিকঠাক মতো করতে পারি আর ইনজুরি কাটিয়ে ব্রেট ভাল মতো ফিরতে পারে তা হলে আমার বিশ্বাস, আমাদের দেশের জন্য তা সুখবর বয়ে আনবে।”
ব্রেট লি আর শন টেইটের এক ‘ত্রাসজাগানিয়া’ জুটির জন্য তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে পন্টিংয়ের দল। অপেক্ষায় থাকতে হচ্ছে বিশ্বের সব ব্যাটসম্যানকেও। তোপটা তো তাদের ওপর দিয়েই যাবে!
