মুডিকে নিয়ে অনিশ্চয়তায় শ্রীলঙ্কা
—টম মুডি কি শ্রীলঙ্কার কোচ থাকছেন? নাকি ৩১ মে চুক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমাপ্তি ঘটবে শ্রীলঙ্কান ক্রিকেটের ‘টম মুডি অধ্যায়’ ? প্রশ্নগুলোর উত্তর এখনো জানা নেই বিশ্বকাপের রানার্সআপদের। কারণ এখনো এ সম্পর্কে কিছু জানাননি এই অস্ট্রেলীয়। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকেও তাই মুডির ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে।
বিশ্বকাপশেষে মাহেলা জয়াবর্ধনের দল দেশে ফিরলেও মুডি তাদের সঙ্গে ফেরেননি। অস্ট্রেলিয়ার এই সাবেক অলরাউন্ডার এখন ছুটি কাটাতে ব্যস্ত। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কে. মাথিভানান জানিয়েছেন,“টম ছুটি কাটানোর জন্য বৃটেনে গেছে। আগামী ১৪ মে তার ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত জানাবো আমরা।” তবে চুক্তির মেয়াদ না বাড়ালেও এ মাসের মাঝামাঝি পাকিস্তানের বিপক্ষে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে তার অধীনেই আবুধাবিতে যাবে শ্রীলঙ্কা।
বিশ্বকাপ চলার সময় শ্রীলঙ্কান ক্রিকেটে তার ভবিষ্যত সংক্রান্ত প্রশ্নের সামনে বেশ কয়েক বার পড়তে হয়েছিল মুডিকে। তখন তিনি বার বার জানিয়েছিলেন বোর্ডের সঙ্গে কথা বলেই এ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।
