স্পিনারদের নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ--ভারত দুদলই
নিয়মিত না হলেও নেটে তাকে হাত ঘোরাতে হয়। তবে সেটা ম্যাচের চিন্তা থেকে নয়। আন্তর্জাতিক ম্যাচে তাই মোহাম্মদ আশরাফুল শেষ কবে বল করেছেন, সেটা হয়তো তিনি নিজেও মনে করতে পারবেন না। অথচ ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতিতে নেটে বেশ গুরুত্ব দিয়েই লেগস্পিন করতে দেখা যাচ্ছে বাংলাদেশের নতুন সহ--অধিনায়ককে।
কারণ? তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসছে যে ভারতীয় দলটি, সেখানে লেগস্পিনার আছেন দুজন --- মনোজ তিওয়ারি এবং পিযুষ চাওলা। প্রথমজনের অবশ্য ব্যাটিংয়ের হাতটাও কম পাকা নয়। দুজনেই নতুন মুখ। তা সত্ত্বেও তাদের নিয়ে বাংলাদেশ শিবির কোনো ভীতিতে ভুগে থাকলে তা অস্বাভাবিক নয়। আর তা অতীত অভিজ্ঞতার কারণেই। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন তথা অখ্যাত বোলারদের বিখ্যাত বানানোয় যে জুড়ি নেই বাংলাদেশের ব্যাটসম্যানদের! এক্ষেত্রে স্বার্থক উদাহরণ হিসেবে পাকিস্তানের দানিশ কানেরিয়ার নামটাই সবার আগে আসতে পারে। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে বাংলাদেশকে বহুবার সামনে পাওয়া এই লেগস্পিনার শিকারের ঝুলিও ভরিয়েছেন বেশ। বিখ্যাত বোলারদের নিয়ে মাথা ঘামিয়ে তখনকার অখ্যাত কানেরিয়াকেই উইকেট দিয়ে এসেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
ওই তিক্ত অভিজ্ঞতার আলোকেই ভারতীয় দলের দুই নতুন মুখকে নিয়ে নিশ্চিন্ত থাকতে পারছে না বাংলাদেশ দল। তাছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের লেগস্পিন খেলার অনভ্যাসের কারণেও তারা হয়ে উঠতে পারেন হুমকির কারণ। এ কারণেই নেটে কদর বেড়ে গেছে লেগস্পিনার আশরাফুলের। আমদানি ঘটেছে আরো জনা দুয়েক লেগস্পিনারেরও। এদের মধ্যে আশরাফুলের ‘বন্ধু’ আরিফ হোসেন বাংলাদেশ দলের কাছে পরিচিতমুখই। অন্যজন একেবারেই অপরিচিত। বোঝা যাচ্ছে, বাংলাদেশের চিন্তায় নতুনদের সমন্বয়ে ভারতীয় দলের লেগস্পিন বিভাগটাও আছে।
বাংলাদেশ যেমন চিন্তিত ভারতের লেগস্পিনারদের নিয়ে, তেমনি ভারতের চিন্তায় ভালোভাবেই আছে বাংলাদেশের বাঁহাতি স্পিনত্রয়ী। এমনিতেই তাদের দলে রাজেশ পাওয়ার নামে একজন নতুন বাঁহাতি স্পিনার আছেন। তারপরও বাংলাদেশের বাঁহাতি স্পিনের শক্তি নিয়ে তাদের চিন্তাটা প্রকাশ্য হয়ে গেছে। কলকাতায় চলমান ক্যাম্পে তারা যে ১১ জন নেট বোলারকে ডেকেছে, তার মধ্যে অর্ধেকেরও বেশি বাঁহাতি স্পিনার। মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান --- এই স্পিনত্রয়ীকে নিয়ে গর্ব আগেও করতেন। তবে বিশ্বকাপের পর সেই গৌরবটা হাবিবুল বাশারের বেড়ে গেছে আরো, “আমাদের বাহাতি স্পিনারদের ভালো বল করতে আসলে কোনো উইকেট লাগে না। যেকোনো উইকেটেই তারা ভালো বল করতে পারে।”
এই তিনজনকে খেলার অভ্যাসটা আছেই বাংলাদেশের ব্যাটসম্যানদের। কিন্তু লেগস্পিন কিংবা অফস্পিন খেলার অভ্যাসটা তেমন নেই। তাই নেটে এখন হাবিবুলকেও তার অফস্পিন দিয়ে নামতে হচ্ছে। মানস নামের এক তরুন অফস্পিনারকেও দেখা গেছে। বাংলাদেশ অধিনায়ক তার ব্যাখ্যায় বলছিলেন, “আমাদের দেশে তো ভালো মানের অফ স্পিনার বা লেগস্পিনার নেই। তবু আশরাফুল লেগস্পিন করছে। আমি অফ স্পিন। ব্যাটসম্যানদের খেলার অভ্যাসটা যাতে কিছুটা হলেও গড়ে ওঠে। ভারতীয় দলেও তো কয়েকজন লেগস্পিনার আছে।”
আশরাফুল তাই এই সুযোগে তার বোলিংটাও ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
