২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড সফরে দলে নেই স্যামুয়েলস

ব্রায়ান লারার বিদায়ের পর মিডল অর্ডারে একটা জায়গা শূন্য। কিন্তু সেই শূন্যতা পূরণে মারলন স্যামুয়েলসের ওপর আস্থা রাখতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করতে গিয়ে বিশ্বকাপ দলের তিন সতীর্থ ডুইন স্মিথ, কিয়েরন পোলার্ড আর লেন্ডল সিমন্সের সঙ্গে এই মিডল অর্ডার ব্যাটসম্যানকেও বাদ দিয়েছেন গর্ডন গ্রিনিজ ও তার সঙ্গীরা।

বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পারেননি তিনি, কিন্তু সেটা তো অন্যরাও পারেননি। ৮ ম্যাচে দুটি হাফসেঞ্চুরিসহ ৩০.৮৩ গড়ে ২১৬ রান, ৯টি করে ম্যাচ খেলা নতুন অধিনায়ক রামনরেশ সারওয়ান, শিবনারায়ন চন্দরপল, বিদায়ী অধিনায়ক ব্রায়ান লারা আর ক্রিস গেইলই শুধু স্যামুয়েলসের চেয়ে বেশি রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। তারপরও কোপটা গিয়ে পড়েছে তার ওপরেই।

চার টেস্টের সিরিজের জন্য ঘোষিত ১৫ জনের এই দলে আছেন দুজন ‘নতুন মুখ’। তারা অবশ্য একেবারে নতুন নন, রবি রামপাল আর ড্যারেন সামি দুজনই ওয়ানডে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে, ইংল্যান্ড সফরের অভিজ্ঞতাও আছে তাদের। এছাড়া ফিরিয়ে আনা হয়েছে ড্যারেন গঙ্গা, ফিডেল এডওয়ার্ডস, সিলভেস্টার জোসেফ আর রুনাকো মর্টনকে।

এই দলে পাঁচজন ফাস্ট বোলার আর দুজন মিডিয়াম পেসার অলরাউন্ডার আছেন, তবে কোনো স্পিনার নেই। আগামী ১০ মে ইংল্যান্ডে পৌঁছাবে রামনরেশ সারওয়ানের দল, ১৭ মে লর্ডসে শুরু হবে প্রথম টেস্ট। পরের তিনটি টেস্ট শুরু হবে ২৫ মে (হেডিংলি), ৭ জুন (ওল্ড ট্র্যাফোর্ড) ও ১৫ জুন (ডারহ্যাম)।

সফরে দুটি টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচ ও তিনটি ওয়ানডেও খেলবে ওয়েস্ট ইন্ডিজ, তবে সে জন্য দলে কিছু পরিবর্তন হবে।

ওয়েস্ট ইন্ডিজ দল : রামনরেশ সারওয়ান (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, শিবনারায়ন চন্দরপল, কোরি কলিমোর, ফিডেল এডওয়ার্ডস, ড্যারেন গঙ্গা, ক্রিস গেইল, সিলভেস্টার জোসেফ, রুনাকো মর্টন, ড্যারেন পাওয়েল, দিনেশ রামদিন, রবি রামপাল, ড্যারেন সামি, ডেভন স্মিথ ও জেরোম টেলর।