২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ জিতেও তৃপ্ত নয় অস্ট্রেলিয়া

দু'মাস আগে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলেন- বুকে স্বপ্ন ছিল তখনো, ছিল আত্মবিশ্বাসও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

ফেরার সময় সঙ্গে থাকবে বিশ্বকাপ, সমর্থকদের দিয়ে যাওয়া সেই প্রতিশ্রুতি পূরণ করেই রিকি পন্টিংরা অবশেষে ফিরেছেন দেশে। বিশ্বকাপজয়ের পাঁচদিন পর বৃহস্পতিবার ভোরে সিডনি পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। আর পৌঁছে আক্ষরিক অর্থেই ‘রাজকীয়’ সংবর্ধনা পেয়েছে তারা।

সিডনি বিমান বন্দর থেকেই সরাসরি পন্টিংয়ের দলকে নিয়ে যাওয়া হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। সেখানে তাদের জন্য অপেক্ষা করছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড। প্রধানমন্ত্রীর সঙ্গে নাশতা সেরে সিডনির নগরকেন্দ্রে এক নাগরিক সংবর্ধনায় যোগ দিয়েছেন তারা। অস্ট্রেলিয়ান টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে সঙ্গীদের সাথে নিয়ে পন্টিং যখন বিশ্বকাপ ট্রফি তুলে ধরলেন, সেখানে সমবেত হাজার হাজার ভক্তের উল্লাসধ্বনিতে যেন ফেটে পড়ছিল সমাবেশস্থল।

অস্ট্রেলিয়ান অধিনায়ক জানিয়েছেন, টুর্নামেন্ট জয়ের পর থেকেই উৎসবে মেতে ছিলেন তারা, সিডনির ওই সমাবেশ যেন মঞ্চস্থ করেছে সেই উৎসবের শেষ দৃশ্য! “আমাদের উৎসবটা বেশ দীর্ঘই হয়েছে, বিশ্বকাপ জেতার পর সে রকমই হওয়ার কথা” - বলেছেন তিনি।

সঙ্গে ভক্তদের একটা প্রতিশ্রুতিও দিয়েছেন, “আমাদের জীবনের এক বিস্ময়কর সময় এটা, কিন্তু আমরা মনে করছি না এতেই সব কিছু পাওয়া হয়ে গেছে। যখনই অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পাবো, আমরা চাইবো, সেরা দলের মতো এবং ব্যক্তিগতভাবেও নিজেদের সেরা খেলাটা উপহার দিতে। গত আট সপ্তাহে, আশা করি আপনারা দেখেছেন, আমরা এমন ক্রিকেট খেলেছি, যা এর আগে কখনো দেখা যায়নি।”

ক্যারিবিয়ানে আট সপ্তাহের এই টুর্নামেন্টে আসলেই যেন অন্য গ্রহের ক্রিকেট উপহার দিয়েছে অস্ট্রেলিয়ানরা। টানা দ্বিতীয় বিশ্বকাপে অপরাজিত শিরোপা জেতাই শুধু নয়, এ টুর্নামেন্টে অন্য দলগুলো পাত্তাই পায়নি তাদের কাছে। যখনই প্রয়োজন হয়েছে, কেউ না কেউ জ্বলে উঠেছেন। ফাইনালে যেমন জ্বলে উঠেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। কথাটা মনে করিয়ে দিতে ভোলেননি পন্টিংও, “আরো একবার অপরাজিত থেকে বিশ্বকাপ জেতা আর সেই সঙ্গে একেবারে দরকারের মুহূর্তে আমাদের অনেক খেলোয়াড়ের জ্বলে ওঠাও ছিল বিস্ময়কর। ফাইনালে গিলির ইনিংসটা ছিল অবিশ্বাস্য। দুদলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে ওটাই।”

গিলক্রিস্ট ছাড়াও পন্টিংয়ের প্রশংসায় ভেসেছেন ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতে স্বপ্নের মতো করে ক্যারিয়ার শেষ করা ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রাও। পন্টিং অবশ্য মনে করেন, ফাইনালে প্রহসনের সমাপ্তিটা একটু কালিই ছড়িয়েছে ম্যাকগ্রার বিদায়ের উৎসবে। ম্যাকগ্রা-গিলক্রিস্টরা উপস্থিত থাকলেও এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের আরেক নায়ক ম্যাথু হেইডেন। তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দুদিন আগেই ব্রিসবেনে ফিরেছেন তিনি। ছিলেন না কাউন্টি খেলতে ইংল্যান্ডে থেকে যাওয়া বাঁ-হাতি চায়নাম্যান বোলার ব্র্যাড হগ আর পেসার স্টুয়ার্ট ক্লার্কও।