টেন্ডুলকার আবার চোট-সমস্যায়
পুরোনো ফর্মই শুধু নয়, তার পুরোনো ফিটনেসও যে ফিরে আসছে না সেটা কি কেউ খেয়াল করেছেন? শচীন টেন্ডুলকার আবার পড়েছেন চোট সমস্যায়! ভারতীয় দল বাংলাদেশ সফরে আসার ঠিক আগে অ্যাংকেলে চোট পেয়েছেন তিনি।
বহুদিন ভোগার পর শিরদাঁড়ার সমস্যা থেকে রেহাই পেতে না পেতেই শচীন টেন্ডুলকার যে ‘টেনিস এলবো’র সমস্যায় পড়েছিলেন তা কে না জানে! সে কারণে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে এমন আশঙ্কার কথাও শোনা গেছে বেশ কয়েকবার। শেষ পর্যন্ত ক্যারিয়ার শেষ না হলেও একেবারে নিশ্চিন্তে, পুরোনো সেই দিনের কথা মনে করিয়ে দেয়ার মতো খেলাটা আর খেলতে পারলেন কই!
বিশ্বকাপ ব্যর্থতার পর তার অবসরের দাবি উঠেছে, আবার সেটা উচিত হবে কিনা এ নিয়েও কথা হয়েছে বিস্তর। এসব কথাবার্তার মাঝখানেই বাংলাদেশ সফরের ওয়ানডে দলে তাকে রাখা হয়নি বিশ্রামের কথা বলে। সে হিসেবে নির্বাচকরা মাত্র কয়েকদিনের বিশ্রাম (!) দিয়েছেন ‘লিটল জিনিয়াস’কে, কেননা, টেস্ট দলে থাকায় ১৮ মে থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ঠিকই খেলতে হবে তাকে।
বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ সফরের প্রস্তুতি-ক্যাম্পে হঠাৎ শ্রীশান্তের একটা বাউন্সার সামলাতে গিয়ে টেস্ট দলের হয়ে খেলাটাকেও একটু হলে সংশয়ে ফেলে দিয়েছিলেন টেন্ডুলকার। ভাগ্য ভালো, অ্যাংকেলে পাওয়া চোটটা গুরুতর রূপ নেয়নি, বরফ ঘষার পর থেকে বেশ ভালো বোধ করছেন টেন্ডুলকার। আগামী ২৪ ঘন্টা তাকে পর্যবেক্ষনে রাখা হলেও ডাক্তাররা মনে করছেন, ১৮ তারিখের আগে সেরে উঠতে কোনো সমস্যাই হবে না তার।
