২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এতদিনে শুধু বোঝা গেল খুনী জ্যামাইকার নয়!

প্রায় দেড় মাস কেটে গেলেও বব উলমারের খুনিকে এখনো ধরতে পারেনি জ্যামাইকার পুলিশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 09:04 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

কে খুন করেছে, কেনইবা খুন হলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা কোচ-সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তাদের একেবারে গলদঘর্ম অবস্থা! এমনই অনিশ্চয়তার দোলাচলের মধ্যে মার্ক শিল্ডস জানালেন নতুন এক তথ্য। উলমারের আততায়ী নাকি জ্যামাইকার কেউ নন, বাইরের কোনো লোক। খুনের ধরণ দেখেই এমন কথা মনে হচ্ছে জ্যামাইকার ডেপুটি পুলিশ কমিশনারের।

১৮ মার্চ উলমারের মৃত্যুর দিন জ্যামাইকায় আরো ৯টি খুন হয়েছিল। সেই খুনগুলোর সঙ্গে উলমারের দুঃখজনক মৃত্যুর একটা বড় অমিল খুঁজে পেয়েছে জ্যামাইকার পুলিশ। শিল্ডস জানিয়েছেন,“উলমারের সঙ্গে অন্য খুনগুলোর সবচেয়ে বড় পার্থক্য হলো, জ্যামাইকার বেশিরভাগ আততায়ী খুন করার সময় ছুরি অথবা বন্দুক ব্যবহার করেছে। অন্যদিকে উলমারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই আততায়ী যে জ্যামাইকার বাইরের এ ব্যাপারে পুলিশ মোটামুটি নিশ্চিত।”

অস্বাভাবিক মৃত্যুর আগে একটা ব্যাপার নিয়ে বেশ বিরক্ত ছিলেন উলমার। পাকিস্তানের ক্রিকেটারদের অতিরিক্ত ধর্মপ্রীতি নিয়ে বিরক্তি জন্ম নিয়েছিল তার মনে। ইনজামাম ও তার সতীর্থরা নাকি অনুশীলনের চেয়ে নামাজের প্রতি বেশি মনযোগী ছিলেন! এ প্রসঙ্গে বিশ্বকাপে পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার পারভেজ মীর প্রকাশ করেছেন বিশ্বকাপের মতো আসরে অবিশ্বাস্য একটা ঘটনার কথা,“এক বার টিম বাসে তাবলিগ জামাতের একটা সিডি বাজছিল। আমার পাশে বসে থাকা বব তখন বলেছিলেন,“তুমি ওদেরকে (পাকিস্তানের ক্রিকেটারদের) থামাতে বলছ না কেন? ওরা এটা শুনতে চাইলে আইপড কিংবা ব্যক্তিগত ওয়াকম্যানে শুনতে পারে।” খেলার মাঝপথে কোনো খেলোয়াড় নামাজ পড়তে গেলে তিনি (উলমার) মোটেও খুশি হতেন না। এরপর কোনো বদলি খেলোয়াড় নামতো আর এটা চলতেই থাকতো। তিনি পুরোপুরিভাবে এর বিরোধী ছিলেন।”

পাকিস্তানের ক্রিকেটারদের এই ধর্মপ্রীতি নিয়ে ‘ইনশাল্লাহ’ নামে একটি বই লিখেছিলেন উলমার। দক্ষিণ আফ্রিকার একটি প্রকাশনা সংস্থার মার্চের শেষে তা বের করারও কথা ছিল। বইটার প্রকাশনা আপাতত স্থগিত।