নেতৃত্বের গুণে নয়, পারফরম্যান্সের জোরে
জাতীয় দল থেকে একদম হারিয়ে যাওয়াটাই এখন পর্যন্ত ‘ভবিষ্যত অধিনায়ক’ এর তকমাধারী ক্রিকেটারদের নিয়তি হয়ে আছে বাংলাদেশে। আর সেই তালিকাটাও রীতিমতো লম্বা। নামগুলো অজানা নয় মোহাম্মদ আশরাফুলেরও। আল শাহরিয়ার, হান্নান সরকার, মুশফিকুর রহমান বাবু...।
আশা করা যায় নিজের নামটা উঠিয়ে সেই তালিকাটাকে আরো লম্বা করবেন না শাহরিয়ার নাফীস। বিশ্বকাপের ব্যর্থতাকে কেবলই ‘খারাপ সময়’ ভেবে সামনে তাকাতে চাওয়া নাফীস অবশ্য সেজন্য তার সহ-অধিনায়কত্ব হারিয়েছেন। পারফরমার আশরাফুল নিয়েছেন তার জায়গা। হাবিবুল বাশারের ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোটা এখন কেবলই সময়ের অপেক্ষা। তারপর ব্যাটিংয়ের এই ‘লিটল ডায়নামো’ হাল ধরবেন বাংলাদেশের ওয়ানডে দলের। নিজের ক্রিকেট জীবনের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারও অন্যদের নিয়তির কথা মনে পড়ছে বটে। তবে “ভবিষ্যত অধিনায়ক : আশীর্বাদ নয়, অভিশাপ”-এটা তার ক্ষেত্রে কিছুতেই প্রযোজ্য নয় বলেই মনে হচ্ছে বিশ্বকাপে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকাকে খুন করা আশরাফুলের,“অন্যদের সঙ্গে একটা জায়গায় আমার পার্থক্য আছে। যাদের কথা বলছেন, তাদের বাংলাদেশের ভবিষ্যত অধিনায়ক ভাবা হত। আর সেটা তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই। কিন্তু জাতীয় দলে আমার সাত বছরের ক্যারিয়ারে কখনোই আমাকে সেরকম ভাবা হয়নি। কাজেই...।” বিগড়ে যাওয়ার সময়টা পার করে এসেছেন বলেই হয়তো বোঝাতে চাইলেন।
তার পরিণত ক্রিকেট মস্তিষ্কের কথা আগে প্রায়ই শোনা যেত বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানের মুখে,“আশরাফুল ছোট হলেও ওর মাথাটা একজন বড় মানুষের।” ভারত সিরিজে তাকে ডেপুটি হিসেবে পাওয়াকে বাড়তি প্রাপ্তিই মনে হচ্ছে বর্তমান অধিনায়ক হাবিবুলেরও। এবং সেটা একই কারণে,“আশরাফুলের মন চিন্তাশীল। আর ক্রিকেটকে কেন্দ্র করেই সেটা ঘুরপাক খায়। সুতরাং ওকে ডেপুটি হিসেবে পাওয়ায় ভালোই হবে।” সোমবার বিকেলে হোটেল শেরাটনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার আগেই আশরাফুল জেনেছেন ক্যারিয়ারে নতুন এই প্রাপ্তির খবর,“চারটার দিকে ফারুক ভাই (প্রধান নির্বাচক) ফোন করে দিয়েছেন খবরটা। শুনে ভালোই লেগেছে।” তবে ভালো লাগার চেয়ে দায়িত্বটাই বেশি অনুভব করছেন বলেও জানালেন। তাছাড়া দল ঘোষণার সংবাদ সম্মেলনে একটা সতর্কবার্তাও তো উচ্চারিত হয়ে গেছে। “সহ-অধিনায়কই যে অধিনায়ক হবে, সেটা তো এখনই বলে দেওয়া যায় না”-প্রধান নির্বাচকের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি শাহ নুরুল কবীর শাহীনও বললেন,“শাহরিয়ার নাফীসেরও যে অধিনায়ক হওয়ার সুযোগ নেই, তাও বলবো না আমরা। সুমন,রফিক ও জাভেদদের বাদ দিলে এই দলের সবাই প্রায় একই বয়সের। ২০১১ বিশ্বকাপের কথা চিন্তা করে এদের মাঝ থেকেই একজনকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নিতে হয়েছে আমাদের। আশরাফুল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারওপর পারফরম করছে। ভবিষ্যতের কথা ভেবে এই সবকিছু বিবেচনা করেই আমরা ওকে সহ-অধিনায়ক করেছি।” অর্থাৎ পারফরম্যান্সের জোরেই আশরাফুল বাংলাদেশের ভবিষ্যত অধিনায়ক।
পারফরম করতে না পারার পরিণতিও তার দেখা আছে; শাহরিয়ার নাফীস। এটাকে স্বাভাবিক বলেই মনে হয় তার,“ পারফরম করছি বলেই আজ আমি সহ-অধিনায়ক। এখন আমি যদি পারফরম করতেই না পারি এবং এই দায়িত্ব থেকে তখন আমাকে সরিয়ে দেওয়া হলে আমার তো বলার কিছু থাকবে না। এটাই নিয়ম।” এই নিয়মের জালে আটকে না পড়ার বিশ্বাসটাও বেশ দৃঢ় তার,“গত দুই বছর ধরে আমি ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করছি। ওই অভিজ্ঞতা থেকে বুঝেছি, দায়িত্ব পেলেই ভালো করি আমি। আমার সেরাটা বেরিয়ে আসে।” সেই সেরাটা বাংলাদেশ অধিনায়ক হিসেবে ঢেলে দেওয়ার প্রস্তুতিটাও আছে তার,“কখনো বাংলাদেশ দলের অধিনায়কত্ব করতে হলে সেজন্য নিজেকে প্রস্তুত রেখেছি আমি।” অথচ এর আগে কখনো তাকে বাংলাদেশের ভবিষ্যত অধিনায়ক বলেই ভাবা হয়নি। নেতৃত্বগুণ আছে কিনা, সেটা আবিষ্কার করার চেষ্টাও হয়নি। পারফরম্যান্স তার জগতটাকে এমনই পাল্টে দিয়েছে হুট করে।
সেটা ধরে রাখা সাপেক্ষে তিনি আকরাম খান আর হাবিবুল বাশারদের উত্তরসুরী হতে যাচ্ছেন। অধিনায়ক হওয়ার আগে যাদের নেতৃত্বগুণ নিয়ে প্রশংসা শোনা যায়নি কখনো। স্রেফ পারফরম্যান্সের জোরে অধিনায়ক হয়ে তাদের একজনের সাফল্যের ইতিহাস আশরাফূলের খুব ভালো জানা। আর অধিনায়ক হাবিবুলের কীর্তি তার নিজের চোখে দেখা। দায়িত্ব পেলে ভালো করার আস্থা নিশ্চয়ই সেই কাতারেই নিজেকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে তাকে। দ্রুতই যে দায়িত্বটা নিতে হচ্ছে তাকে।
