২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনাস্থা প্রস্তাব আনা হবে স্পিডের বিরুদ্ধে!

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যতই বলুক, সফল হয়েছে এবারের বিশ্বকাপ, কিন্তু এই টুর্নামেন্ট আয়োজনে তাদের ব্যর্থতা নিয়েই আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। হচ্ছে সমালোচনাও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 06:23 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আর সেই সমালোচনায় বরাবরের মতোই সবার আগে ভারতীয়রা। শুধু তাই নয়, গত কয়েক বছর ধরেই আইসিসির সঙ্গে শীতল সম্পর্কের চূড়ান্ত রূপটাই দেখা যাচ্ছে এই সূত্র ধরে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি নিরঞ্জন শাহ ইঙ্গিত দিয়েছেন, আইসিসির বর্তমান ম্যানেজমেন্ট, বিশেষ করে প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যালকম স্পিডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছেন তারা!

অস্ট্রেলিয়ান দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহ অভিযোগ করেছেন, আইসিসি ক্রমশই একটি ‘আমলাতান্ত্রিক’ সংগঠনে পরিণত হচ্ছে আর অপ্রয়োজনীয় লোকবল নিয়োগ করে অপচয় করছে অনেক টাকা। আগামী জুন মাসে আইসিসির পরবর্তী নির্বাহী সভায় ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে চান তারা। আর আইসিসির কার্যক্রম পরিচালনার দায়িত্বে যেহেতু আছেন স্পিড, তাই ওই সভায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনা হতে পারে।

“ব্যাপারটা নিয়ে আমাদের বোর্ডসভায় আলোচনা করা হবে। তবে এটা অনেকটাই নির্ভর করবে অন্য দেশের বোর্ডগুলো ব্যাপারটাকে কীভাবে দেখছে তার ওপরেও। আপাতত এটুকুই বলা যায়, আগামী নির্বাহী সভায় অনেক বিষয়ই খতিয়ে দেখতে হবে আমাদের”-বিসিসিআই সেক্রেটারি বলেছেন ওই সাক্ষাৎকারে।

বিশ্বকাপের আয়োজন নিয়ে তারা যে সন্তুষ্ট নন, সেটাও প্রকাশ্যেই বলেছেন শাহ, “আমরা ততটা সন্তুষ্ট নই। আইসিসি ক্রমশই আরো বেশি আমলাতান্ত্রিক সংগঠন হয়ে উঠছে। আমাদের বোর্ড মনে করে, ক্রিকেট একটি অতি সাধারণ, উপভোগ্য খেলা ; কিন্তু এ মুহূর্তে খেলাটাকে ঠিক সেভাবে উপস্থাপন করা হচ্ছে না।”

তার যুক্তি, “এই মুহূর্তে আইসিসিতে অনেক বেশি কর্মকর্তা-কর্মচারি কাজ করছেন। অপ্রয়োজনে এত লোক নিয়োগ করায় যে বাড়তি ব্যয় হচ্ছে তার বোঝা কিন্তু সদস্য দেশের বোর্ডগুলোর ঘাড়েই এসে পড়ছে। এই আমলাতান্ত্রিকতা বদলে আইসিসির কার্যক্রম আরো সহজ-সরল করে তোলা প্রয়োজন, তাদের উচিত খেলাটার দিকে আরো বেশি করে মনোযোগ দেওয়া।”

বিসিসিআইর সহ-সভাপতি ললিত মোদিও সমর্থন করেছেন নিরঞ্জন শাহর এই বক্তব্য। শুধু তা-ই নয়, আরেক ধাপ এগিয়ে তিনি দাবি তুলেছেন অস্ট্রেলিয়ান ম্যালকম স্পিডের জায়গায় এশিয়া অথবা আফ্রিকা থেকে কাউকে নিয়োগ দেওয়ার, ‘এমন কাউকে নিয়োগ দেওয়া যেতে পারে যিনি আইসিসির বেশির ভাগ সদস্য দেশের সমস্যাগুলো বুঝতে পারবেন’।