বিদায় গ্লেন ম্যাকগ্রা
পুরো টুর্নামেন্টে ম্যাথু হেইডেনের কিংবা ফাইনালে অ্যাডাম গিলক্রিস্টের বিধ্বংসী ব্যাটিং, হার্শেল গিবসের ছয় বলে ছয় ছক্কা, লাসিথ মালিঙ্গার টানা চার বলে উইকেট-একপেশে ম্যাচের ভীড়ে এবারের বিশ্বকাপে স্মরণীয় ঘটনাও কম নয়। তবে ভবিষ্যতে ২০০৭ বিশ্বকাপের স্মৃতি কোনো ক্রিকেটপ্রেমীর মনে ভীড় জমালে আরেকজনের নাম অবশ্যই আসবে তার মনে। গ্লেন ম্যাকগ্রা। ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টকে (তাও আবার বিশ্বকাপ) এমনভাবে ক’ জন রাঙিয়ে যেতে পেরেছেন!
এক বিশ্বকাপে সর্বোচ্চ ২৬ উইকেট, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপার বাঁধভাঙ্গা আনন্দ-এক রাশ সাফল্য নিয়ে মাথা উঁচু করেই আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনকে বিদায় জানালেন ম্যাকগ্রা। লারা-ইনজামামরা সেজন্য হিংসা করতেই পারেন ‘দ্য পিজিয়ন’কে!
অফস্টাম্পের ওপরে নিখুঁত নিশানায় বল করা তার সবচেয়ে বড় গুণ। ব্রেট লি, শোয়েব আখতারদের মতো গতি হয়তো নেই, তবে দুর্দান্ত লাইন-লেংথের সঙ্গে মাপা সুইং মিশিয়ে তিনি গত এক যুগের অন্যতম সেরা পেসার। টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ এবং পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট (৫৬৩) কিংবা ওয়ানডেতে ৩৮১ উইকেটেই তা প্রমাণিত। গ্রেট ব্যাটসম্যানদের বিপক্ষে তার সাফল্য তো ঈর্ষণীয়। ১৯৯৯ বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিউজিল্যান্ড ও পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয়ার আশঙ্কার সামনে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচের আগে এক পত্রিকার কলামে ম্যাকগ্রা লিখেছিলেন লারারটিসহ পাঁচটি উইকেট নেবেন তিনি। ’৯৯এর ৩০ মে ক্রিকেটপিপাসুরা অবাক হয়ে দেখলেন ঠিক তা-ই হলো! মাত্র ১৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিলেন ম্যাকগ্রা। লারার উইকেটটা নিয়েছিলেন অসাধারণ এক ডেলিভারিতে। মিডল স্টাম্পের ওপর পিচ পড়ে, ইনসুইং করে অফস্টাম্পের বেল তুলে নিয়েছিল সেই ডেলিভারি। লারা ব্যাট চালিয়েছিলেন ঠিকই, কিন্তু বল স্পর্শও করতে পারেননি। সেবার ভারতকেও প্রথম দশ ওভারের মধ্যেই শেষ করে দিয়েছিলেন স্কোর ১৪/৪ বানিয়ে। টেন্ডুলকার,দ্রাবিড় আর আজহার-ভারতীয় ব্যাটিং লাইনআপের এই প্রধান স্তম্ভকে উপড়ে ফেলে ম্যাচটাকে আগেভাগে একপেশে করে ফেলার মূল কৃতিত্বও কিন্তু ম্যাকগ্রার। এ তো শুধু ওয়ানডের দুটো উদাহরন। টেস্ট ক্রিকেটেও এমন নজির ভুরি ভুরি। লারা, টেন্ডুলকার, ক্যালিস, জয়াসুরিয়া অর্থাৎ গত এক দশকের সেরা ব্যাটসম্যানরা যে কতবার ম্যাকগ্রার বলে বিভ্রান্ত হয়ে উইকেট দিয়ে এসেছেন তার হিসাব করতে হলে রেকর্ড বই খুলে বসতে হবে।
এক যুগেরও বেশি সময় ধরে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নেয়া সেই বোলারকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না। এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর অবসরের চিন্তা উঁকি দিয়েছিল তার মনে। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলেই বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি,“অ্যাশেজ শেষে বিদায় নেয়ার কথা ভেবেছিলাম। কিন্তু বিশ্বকাপ খেলেই অবসরের সিদ্ধান্ত নিলাম।” ভাগ্যিস নিয়েছিলেন সিদ্ধান্তটা। না হলে তো দেড় মাসেরও বেশি সময় ধরে চলা বিশ্বকাপটা এতটা রঙিন হতো না! দেখা যেতো না অফ স্টাম্প ঘেঁষে বেরিয়ে যাওয়া অসাধারণ ডেলিভারিগুলো।
এখন হাতে তার অখন্ড অবসর। এই অবসরের মুহূর্তগুলো পরিবারের প্রিয় সদস্যদের সঙ্গে কাটাতে চান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার,“সবার আগে ক্রিকেট থেকে মুক্তি পেতে চাই আমি। এবং ছুটি কাটাতে চাই পরিবারের সঙ্গে।”
ক্রিকেট থেকে তার মুক্তি মানে তো প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদেরও আতঙ্ক থেকে মুক্তি। কিন্তু নিখাদ ক্রিকেটপ্রেমীরা কি কখনো ভুলতে পারবেন গ্লেন ডোনাল্ড ম্যাকগ্রাকে? সম্ভবত বোলিং মেশিনের চেয়েও নিখুঁতভাবে তার গুড লেংথে পড়া বলগুলোকে? ম্যাকগ্রাকে আর কখনো বল হাতে দেখতে না পাওয়ার আক্ষেপটা থাকবেই। এমন একজন অসাধারণ পেসারের খেলা দেখতে পাওয়াও তো কম সৌভাগ্যের নয়। এ যুগের সাধারণ ক্রিকেটভক্তদের জন্য সেটাও বিশাল এক প্রাপ্তি!
Cricinfo-এর সহায়তায়
