২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া জিতছেই!

এই বিশ্বকাপ অস্ট্রেলিয়াই জিতবে। শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়া বার্বাডোজে শনিবারের ফাইনালে হেরে গেলেও অস্ট্রেলিয়াই জিতবে। এমনকি অন্যরকম রেকর্ডও হয়ে যাবে তাতে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় ঠেকানো যাবে না কিছুতেই!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বড্ড গোলমেলে আর ধোঁয়াশে লাগছে কথাগুলো? হেরে গিয়েও অস্ট্রেলিয়া জেতে কিভাবে! আরে শ্রীলঙ্কার কোচ টম মুডি আছেন না! তিনি তো অস্ট্রেলিয়ান। শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতলে তারও তো হচ্ছে বিশ্বকাপ জয়। হচ্ছে কোচ হিসেবে একজন অস্ট্রেলিয়ানের জয়। তার মানে, শ্রীলংকাকে বিশ্বকাপ জেতালেন এক অস্ট্রেলিয়ান, সেই অর্থে সে তো অস্ট্রেলিয়ারই জয়!

রইল বাকি রেকর্ড। এতদিন ওটা ছিল কেবল ফুটবলের দখলে। ফুটবলের বিশ্বকাপ এলেই খোঁজ পড়তো, কে খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতেই জিতেছেন বিশ্বকাপ? পরিসংখ্যান ঘেঁটে বের করা হতো উত্তর। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন এমন কজনইবা আছেন ইতিহাসে। অস্ট্রেলিয়ানরা এখন বিশ্বের অনেকগুলো দেকের কোচ হিসেবে কাজ করছেন বলে ক্রিকেটেও হয়তো ঘুরেফিরে আসবে এই প্রশ্ন। এই যেমন এবার আসছে।

টম মুডি ইতিহাস গড়ার খুব কাছাকাছি দাঁড়িয়ে। শ্রীলংকা বিশ্বকাপ শিরোপা জিতলে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা প্রথম মানুষ হবেন মুডি।

সেই ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে এই অল রাউন্ডারের অভিষেক হয়েছিল বিশ্বকাপে। স্টিভ ওয়াহর মতো দুটি বিশ্বকাপ জয়ের রেকর্ড তারও আছে। ১৯৮৭-র পর ১৯৯৯ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলেও ছিলেন মুডি। এই দুই বিশ্বকাপের মাঝে ১৯৯২ বিশ্বকাপ খেললেও ১৯৯৬-এ তার দলে জায়গা হয়নি।

সাম্প্রতিক ক্রিকেটে টম মুডি হাই প্রোফাইল কোচদের একজন। যে দলেরই কোচের জায়গা খালি হোক না কেন শূণ্যস্থান পূরনের সম্ভাবনায় তার কথা একবার হলেও আসছে। শ্রীলংকার দায়িত্ব নেওয়ার দু বছরের মধ্যে দলটিকে নিয়ে এসেছেন ফাইনালে। জয়াবর্ধনের দলের এই উত্থানে তার অবদান কারো চেয়ে কম নয়।

কিন্তু কোচ হিসেবে নিজেকে সর্বোচ্চ মানে নিতে পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড তেমন আহামরি নয় বলে খেলোয়াড় হিসেবে তাকে সেই মানের বলা যাচ্ছে না। বহুবার বাদ পড়েছেন, দলে ফিরেছেন লড়ে। এভাবেই খেলেছেন মোট ৭৬ টি ওয়ানডে যার মধ্যে ১৮টি খেলেছেন বিশ্বকাপে। নামের পাশে মাত্র ৩২৯ রান আর ১৪ উইকেট মুডিকে নিশ্চয়ই তেমন স্বস্তি দেয় না এখনো। কিন্তু কোচ হিসেবে যে সাফল্য পেয়েছেন তাতে তার খেলোয়াড়ি কৃতিত্বকে খুব একটা গুরুত্ব না দিলেও চলে প্রোফাইলে।

নিজে অস্ট্রেলিয়ান। দেশের টানে হৃদয় শনিবারের ফাইনালে একটু হয়তো ঝুঁকে পড়তে চাইবে অস্ট্রেলিয়ার দিকে। কিন্তু পেশাদার কোচের কাছে সবকিছুর আগে পেশা। শ্রীলংকার জয়টা তাই তার চাই-ই-চাই। আর সেটা হলে বিশ্বকাপ জিতে যাবেন অস্ট্রেলিয়ান টম মুডি , আর সেক্ষেত্রে ফাইনাল হেরেও তো জিতে যাবে অস্ট্রেলিয়া!