ওয়েস্ট ইন্ডিজের দুঃসময়ের হাত ধরে বাকনরের অনন্য অর্জন
বাংলায় প্রবাদ আছে, ‘কারো সর্বনাশ, কারো পৌষ মাস’। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপের ফাইনাল, অথচ সেখানে নেই স্বাগতিকরা। আর ভাগ্যের পরিহাসে ওয়েস্ট ইন্ডিয়ান স্টিভ বাকনর শনিবার দাঁড়াচ্ছেন বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করতে। পাকিস্তানের তরুণ আলিম দার হচ্ছেন তার সঙ্গী।
ওয়েস্ট ইন্ডিজের সর্বনাশে তার পৌষ মাস এলো বটে, তাতে স্বজাত্যবোধে হয়তো কিছুটা দুঃখ আছে বাকনরের। কিন্তু পেশাদার হিসেবে টানা ৫ বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করার অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে বুকটা ফুলেও উঠছে গর্বে। এমন সৌভাগ্য কজন আম্পায়ারের জীবনে আসে বা আসবে! ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩ ও ২০০৭-টানা পাঁচটি বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার তিনি। বাকনরের ধারেকাছে আছেন দুজন। একজন ইংলিশ ডেভিড শেফার্ড, তারই সঙ্গে ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩-এর ফাইনালে দাঁড়িয়েছেন। অন্যজনও ইংলিশ, হ্যারল্ড ডিকি বার্ড (১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩)।
সুতরাং, ৬০ বছর ৩৩১ দিন বয়সী বাকনরের বুধবারের সকালটা তাই অন্যরকম। অবশ্য রুটিন প্রায় একই। সকালে উঠে ব্যায়াম, বাইবেল পাঠ, তারপর সংবাদপত্র নিয়ে বসা। এর মধ্যে ব্রেকফাস্ট শেষ করে তৈরি হয়ে যাওয়া কেনসিংটন ওভালে যাওয়ার জন্য। পেছনে রেখে যাওয়া কিছুটা দুঃখবোধ। কারণ, বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলেন, এবারের ফাইনালে আম্পায়ারিং করার ইচ্ছে নেই তার, কেননা তার সে দায়িত্বে থাকা মানে সেখানে ওয়েস্ট ইন্ডিজের অনুপস্থিতি। নিয়মই তো আছে, যে দুটো দেশ ফাইনালে খেলবে সেই দেশগুলোর কাউকে ম্যাচ পরিচালনায় রাখা যাবে না!
তবু আইসিসির নিয়ম, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুর্গতি-সব মেনে নিশ্চয়ই পেশাকেই সালাম জানাবেন বাকনর। নিজের মাটিতে এমন অর্জনও তো অনেক বড় ব্যাপার। বাকনর তাই স্বভাবসুলভ হাসিমুখে বলেছেন, ‘‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। ক্যারিবিয়ায় ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ারিং করাটাই অসম্ভব সুখের ব্যাপার। আর এখন ফাইনালের দায়িত্ব পাওয়াটা আরো বিশেষ কিছু।’’
বাকনরের বিশ্বকাপ আম্পায়ারিংয়ের অভিজ্ঞতাটা দারুণ সমৃদ্ধ। আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল ৪২ বছর বয়সে, ১৯৮৯ সালে। ক্যারিয়ারের শুরু থেকেই তার এমন সুনাম যে মাত্র চার টেস্ট আর ১ ওয়ানডের পর দেওয়া হয়েছিল ১৯৯২ বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব। আগে ছিলেন ফুটবল রেফারি, বিশ্বকাপ বাছাইপর্বেও দায়িত্ব পালন করেছেন ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই জ্যামাইকান। ক্রিকেট আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত দেখে দেখে বিরক্ত হয়েই তার এই পেশায় আত্মপ্রকাশ। তারপর সাফল্যে ও দক্ষতায় ১৬২টি ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন। এর ৪৩ টিই বিশ্বকাপে। টেস্টে সবার চেয়ে বেশি ১১৭ ম্যাচ পরিচালনার রেকর্ডও স্টিভ বাকনরের।
সফল ও দক্ষ, কিন্তু আজকাল আম্পায়ার বাকনরের নির্ভুলতা নিয়েও কথা হচ্ছে। কিছু ভুল করে ফেলছেন, সেমিফাইনালে যেমন করলেন। বয়স তো হচ্ছে! তবু ২০১১ পর্যন্ত আম্পায়ারিং করার ইচ্ছে আছে তার। হালে একটু-আধটু ভুল হয়ে যায় বলে মাঠে একটু চাপে থাকতে হয় নাতো! ব্যাপারটা সেভাবে স্বীকার করছেন না বাকনর। এমনকি এবারের ফাইনালও নাকি খুব একটা ভাবাচ্ছে না, ‘‘তৃতীয় ও চতুর্থ ফাইনালের তুলনায় এবারের ফাইনাল এখানে (ক্যারিবিয়ায়) হচ্ছে বলে আমি বাড়তি চাপে আছি তেমন নয়। প্রত্যেক ম্যাচেরই নিজস্ব চাপ থাকে, সেটা তো সামলাতে হবেই।’’
৬০ বছরে পা রেখে পঞ্চম ফাইনালের আগে বাকনরের যেমন রোমাঞ্চ, তার চেয়ে বেশি রোমাঞ্চিত হওয়ার কথা প্রথমবার এমন গুরুদায়িত্ব পাওয়া আলিম দারের। সেটা প্রকাশও পাচ্ছে ৩৮ বছর বয়সী পাকিস্তানীর কণ্ঠে, ‘‘আমার জন্যও এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। প্রত্যেকেরই এমন স্বপ্ন থাকে। আমি অসম্ভব আনন্দিত যে আমাকে এই ম্যাচের জন্য নির্বাচিত করা হয়েছে।’’
দ্বিতীয় সেমিফাইনালেও বাকনরের সঙ্গী ছিলেন আলিম। অনেকের তুলনায় কম ভুল করার জন্য সুনাম কামিয়ে ৩২ বছরে ক্যারিয়ার শুরু করা আলিম ২০০৩ বিশ্বকাপেও ছিলেন। ততদিনে আম্পায়ারদের এলিট গ্রুপেও নাম লিখিয়েছেন। তার ক্যারিয়ারের ৮৭ ওয়ানডের মধ্যে ১৩ টি বিশ্বকাপে। কিন্তু বাকনরের মতো সেমিফাইনালেও ভুল করতে দেখা গেছে তাকে। তবু বাকনরের সঙ্গে জুটি নিয়ে দারুণ আত্মবিশ্বাসী আলিম, ‘‘স্টিভের সঙ্গে আমার কাজ সবসময় ভালো হয়। তিনি গ্রেট আম্পায়ার। আমাদের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। শনিবার এই বোঝাপড়া খুব কাজে আসা উচিৎ।’’
