২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানার জন্য বেনিফিট ম্যাচ খেলতে চান হাবিবুলরা

মাশরাফি বিন মর্তুজার কন্ঠ রীতিমতো জড়িয়ে আসছিল। কারণ, এক সাংবাদিক তাকে তার প্রিয় বন্ধু মাঞ্জারুল ইসলাম রানার অকাল প্রয়ানের কথা মনে করিয়ে দিয়েছিলেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

“ওর কথা ভাবলেই কান্না পায় আমার। বিশ্বকাপে যাওয়ার আগে আমি খুলনাতে ওর বাসায় গিয়েছিলাম। ও আমাকে গাড়ীতে তুলে দিয়েছিল”-এটুকু বলেই থেমে যাওয়া মাশরাফি আরো বলছিলেন,“নড়াইল গিয়ে বাবা-মা'-র সঙ্গে দেখা করেই রানার কবরটা জিয়ারত করতে যেতে হবে।”

রানার আত্মার শান্তির জন্য গোটা বাংলাদেশ দলই আরো অনেক কিছু করতে চায়। এর মধ্যে একটা হচ্ছে, ভারত সিরিজের যে কোনো একটা ওয়ানডে রানার নামে উৎসর্গ করতে। উৎসর্গ করা মানে, ওই ম্যাচের টিকেট বিক্রি থেকে অর্জিত সমুদয় অর্থ রানার পরিবারের হাতে তুলে দেওয়া। হাবিবুলরা এমন প্রস্তাব নিয়েই যাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। বৃহষ্পতিবার সকালে দেশে ফিরে অধিনায়ক হাবিবুল বাশারই জানিয়েছেন এমন পরিকল্পনার কথা,“ভারত সিরিজের একটা ওয়ানডে আমরা রানার বেনিফিট ম্যাচ হিসেবে খেলতে চাই। বোর্ডের কাছে এই প্রস্তাব নিয়েই যাবো আমরা। তাছাড়া রানাকে নিয়ে আরো অনেক পরিকল্পনা আছে আমাদের।” প্রসঙ্গত, বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়ার একদিন আগে রানার মৃত্যুর খবরে মুষড়ে পড়েছিল গোটা বাংলাদেশ শিবির। সেই শোককে শক্তিতে পরিণত করা হাবিবুলরা ভারতের বিপক্ষে জয়টা উৎসর্গ করেছিলেন রানাকে। আর সেই ম্যাচের ম্যান অফ দি ম্যাচ হয়েছিলেন রানারই প্রিয় বন্ধু মাশরাফি।