তারপরও হাবিবুলের কণ্ঠে অভিমান আর ক্ষোভ
ফুলের সুবাস নেওয়ার সময় কাঁটায় রক্তাক্ত হওয়ার ঝুঁকির কথাও মনে রাখতে হয়। সেজন্য ফুলটা হাতে নিতে হয় আগে। কিন্তু হাবিবুল বাশার ফুল পাওয়ার আগেই পেয়েছেন কাঁটার আঘাত। ওয়েস্ট ইন্ডিজে থাকার সময়ই হাবিবুল খবর পেয়েছেন, ওয়ানডেতে তার নেতৃত্ব নিয়ে অন্যরকম কিছু ভাবা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্দরমহলে। বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থতাই এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছে।
যদিও বাংলাদেশ দল দেশে ফিরতে ফিরতে পরিস্থিতি পাল্টে গেছে অনেকটাই। সেই খবরও তার অজানা থাকার কথা নয়। দেশের ইতিহাসের সেরা বিশ্বকাপ সাফল্য ধরা দিয়েছে তার অধিনায়কত্বে। বৃহষ্পতিবার সকালে দেশে ফেরার পর তার গলা ফুলের মালায় ভরে উঠবে, এটাই তো স্বাভাবিক। হয়তো এই স্বাভাবিক ব্যাপারটি তেমন উপভোগই করা হয়ে ওঠেনি ওয়ানডেতে নেতার আসন টলে যাওয়ার আলোচনায়।
বিসিবি সাবেক অধিনায়কদের দিয়ে বিশ্বকাপ সৈনিকদের বরণ করে নেওয়ার বন্দোবস্ত করেছিল। সেই ডাকে সাড়া দিয়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর থেকেই অপেক্ষায় ছিলেন রকিবুল হাসান, শফিকুল হক হীরা, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলট এবং খালেদ মাহমুদ সুজন। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনাল নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে গেলেও তারা সবাই ঘুম বিসর্জন দিয়ে বিমানবন্দরের উদ্দেশে পা বাড়ানোর প্রহর গুণেছেন। “রাতে ঘুমাননি?” প্রশ্নে মাহমুদের পাল্টা প্রশ্ন, “চোখ দেখে বুঝতেছেন না?”
ব্যর্থতার জন্য এই মাহমুদকে সরিয়েই হাবিবুলকে করা হয়েছিল বাংলাদেশের অধিনায়ক। অন্তর্মুখী চরিত্রের জন্য যারা তার সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন, তাদেরকেই এখন মেনে নিতে হচ্ছে হাবিবুলই বাংলাদেশের সফলতম অধিনায়ক। এই বিশ্বকাপের সুপার এইটে যাওয়া এবং ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে ‘নেতা’ হিসেবে অন্য উচ্চতায় উঠে গেছেন হাবিবুল। তবু বিশ্বকাপে রানখরা তার ওয়ানডে নেতৃত্ব নিয়ে দোলাচল তৈরি করেছে। সর্বোচ্চ সাফল্য নিয়ে ফেরার পরও আলোর নীচের অন্ধকার দেখা প্রথম বাংলাদেশী অধিনায়কও তাই তিনি।
হাবিবুলকে তাই নিজে থেকেই মনে করিয়ে দিতে হলো, “আপনারা সবাই দেখেছেন। বিশ্বকাপটা আমার মোটেও ভালো যায়নি। আমি নিজেও হতাশ। কিন্তু গত এক বছরে তো খুব একটা খারাপও করিনি।” তবু কেউ কেউ ব্যাট হাতে তাকে স্রেফ এক টুর্নামেন্টের ব্যর্থতা দিয়ে মাপতে চাওয়ায় কিছুটা আবেগ ও অভিমান ভর করলো তার কন্ঠে, “নেতৃত্ব আমার খেলার ওপর প্রভাব ফেলেছে বলে মনে হয় না। বরং অধিনায়ক হওয়ার পর আমার ব্যাটিং আরো ভালো হয়েছে। সুতরাং আমার সবই যে খারাপ, এটা আমি মানি না।” কিছুটা ক্ষোভও যেন হাবিবুলের কথায় লুকিয়ে।
তবে প্রধান নির্বাচক এবং বিশ্বকাপে দলের টেকনিক্যাল অ্যাডভাইজারের দায়িত্ব পালন করা ফারুক আহমেদের কথায় হাবিবুলের জন্য ‘লাইফলাইন’ আছে ঠিকই। বাংলাদেশ দলের নতুন কোচ নির্বাচন এবং অধিনায়ক ঠিক করার জন্য বিসিবির বিশেষ কমিটি নির্বাচকদের একরকম ‘ব্ল্যাংক চেক’ দিয়েই রেখেছে। তাদের ভাষ্য, “নির্বাচকরা যে দল গড়ে দেবেন তার ভেতর থেকেই অধিনায়ক ঠিক করা হবে। নির্বাচকরা হাবিবুলকে দলে রাখলে সে অধিনায়ক থাকবে, না রাখলে নয়।”
এমন ভাবধারাকে সমর্থন জানানোয় প্রবল আপত্তি ফারুকের, “হাবিবুল গত তিন বছরে দক্ষতার সঙ্গে দল পরিচালনা করেছে। ব্যাটিংয়ে তার উত্থান-পতন ছিল। কিন্তু বাংলাদেশের অধিনায়ক হিসেবে ও-ই সবচেয়ে সফল। তাই আমরা রাখলেই সে দলে থাকবে, বিষয়টাকে এভাবে দেখা উচিত নয়। এখনো আরো কিছু তার পাওয়ার আছে।”
মানে, ভারত সিরিজে ওয়ানডেতেও রাহুল দ্রাবিড়ের সঙ্গে হাবিবুলের টস করতে নামার সম্ভাবনা ফারুকের কথাতেই একরকম পরিষ্কার। ওয়ানডে থেকে সন্মানজনকভাবে তাকে বিদায় দেওয়ার প্রেক্ষাপটও বোধহয় তৈরি হচ্ছে এতেই। কিন্তু ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেওয়ার আলোচনায় সন্মানহানিও তো কম হয়নি। বিশেষ করে যখন আলোচনাটা হয়েছে ব্যাট হাতে তার এক টুর্নামেন্টের ব্যর্থতায়। সন্মান দিয়ে বিদায় দিলেও কী এই ক্ষতের উপশম হবে!
