২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাস, মুরালিদের পন্টিংয়ের চ্যালেঞ্জ

টানা দশম জয় দিয়ে হ্যাটট্রিক শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছাতে তেমন সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। এবং ১০টি জয়ের একটি আবার ফাইনালের প্রতিপক্ষ শ্রীলংকার সঙ্গে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

১৬ এপ্রিল অনুষ্ঠিত সুপার এইটের সেই ম্যাচও ৭ উইকেটে জিতেছিল গত দু বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেদিন অবশ্য চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরনকে বিশ্রাম দিয়েছিল শ্রীলংকা, ইনজুরির কারণে খেলতে পারেননি লাসিথ মালিঙ্গাও। ফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার পর থেকেই শ্রীলংকার পূর্ণ শক্তির বোলিং আক্রমণ অস্ট্রেলিয়ার সামনে বিপজ্জনক হয়ে উঠবে কি না এ সংক্রান্ত একটা গুঞ্জন চলছে। রিকি পন্টিংও মানছেন এই তিন জন খুবই ভালো বোলার। তবে একই সঙ্গে জানাচ্ছেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে তার দল প্রস্তুত।

“মুরালি কি করতে পারে তা আমরা সবাই খুব ভালে করেই জানি। লাসিথ মালিঙ্গা খুব ভালো বল করছে। আর নতুন বলে ভাসও খুব ভালো বোলার”-শ্রীলংকার বোলিংয়ের মূল ভরসাদের সম্পর্কে প্রথমে শ্রদ্ধাই প্রকাশ করেছেন পন্টিং। এবং এই প্রশংসার পরই তার কণ্ঠে ফুটে উঠেছে নিজের দল নিয়ে গর্ব,“এতে কোনো সন্দেহ নেই যে শ্রীলংকা খুব ভালো দল। তবে গত সাত সপ্তাহের পারফরম্যান্স আমাদের দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছে। বড় ব্যবধানে একাধিক ম্যাচ জয়ই আমাদের আত্মবিশ্বাসের সবচেয়ে বড় কারণ। আগের ম্যাচে ওদের (শ্রীলঙ্কার) বিপক্ষে আমাদের গেমপ্ল্যান ভালো মতোই কাজে লাগিয়েছিলাম। ওরা পূর্ণ শক্তির ব্যাটিং লাইন আপ নিয়েই সেদিন খেলেছিল। তার পরও ওদেরকে অলআউট করে দিয়েছিলাম আমরা।”

১৬ এপ্রিলের সেই ম্যাচে নাথান ব্র্র্যাকেনের দুর্দান্ত বোলিং (৪/১৯) ২২৬ রানেই গুটিয়ে দিয়েছিল জয়াবর্ধনের দলকে। এরপর পন্টিং (অপঃ ৬৬) ও সাইমন্ডসের (অপঃ ৬৩) দুটো দায়িত্বপূর্ণ ইনিংসে ৭ দশমিক ২ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ভাস-মুরালি-মালিঙ্গারা সেদিন ছিলেন না বটে, তবে থাকলেও কি কিছু করতে পারতেন? অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছু করে দেখানোর সুযোগ তারা পাচ্ছেন শনিবারই। অস্ট্রেলিয়াও তাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। ফাইনালের আকর্ষণ একটুখানি বেড়ে গেল, তাই না!