২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুলদের বরণ করে নেবেন সাবেক অধিনায়করা

এমনিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে উপেক্ষাই পেয়ে আসছেন তারা। তবে আশার কথা, বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য নিয়ে হাবিবুল বাশাররা দেশে ফেরার লগ্নে সাবেক অধিনায়কদের কথা মনে পড়েছে বিসিবির।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 09:58 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বৃহষ্পতিবার ভোর ৬টা ১০ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফেরার কথা বাংলাদেশ দলের। সাতসকালে বিসিবি কর্মকর্তারা ক্রিকেটারদের ফুলমাল্য পরানোর হুড়োহুড়িতে সামিল না হয়ে ক্রিকেটারদের বরণ করিয়ে নেবেন বাংলাদেশের সব সাবেক অধিনায়কদের দিয়ে।

এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি শাহ নুরুল কবীর শাহীন,“সব সাবেক অধিনায়কের কাছে চিঠি পাঠানো হয়েছে, যাতে বলা হয়েছে, কষ্ট করে হলেও তারা যেন ক্রিকেটারদের স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত থাকেন। ব্যক্তিগতভাবে আমি নিজেও কয়েকজনের সঙ্গে ফোনে কথা বলে তাদের উপস্থিতি নিশ্চিত করেছি। তারাই ক্রিকেটারদের ফুল দেবেন।”

বাংলাদেশ দলের সঙ্গে একজনই কেবল দেশে ফিরছেন না। মোহাম্মদ আশরাফুল কয়েকদিন ইংল্যান্ডে থেকে দেশে ফিরবেন। তবে দেশে ফেরার পর সপ্তাহখানেকের বিশ্রাম শেষে আবার ভারত সিরিজের প্রস্তুতিতে নেমে পড়বেন দলের অন্যরা। এরমধ্যে ৫ মে হোটেল শেরাটনে বিশ্বকাপ সাফল্যের জন্য বাংলাদেশ দলকে বিসিবির পক্ষ থেকে বড় ধরনের সংবর্ধনা দেওয়া হবে। একই অনুষ্ঠান পরিণত হবে কোচ ডেভ হোয়াটমোরের বিদায় সংবর্ধনাতেও।