এজবাস্টনের সেই ম্যাচ মনে করিয়ে দেয়া সেমিফাইনাল
ইংল্যান্ডের বার্মিংহাম থেকে কতটা দূরে সেন্ট লুসিয়া ? প্রশ্নটার উত্তর-মাঝে বিশাল, উত্তাল আটলান্টিক মহাসাগর থাকায় দূরত্বটা কয়েক হাজার মাইলের। কিন্তু বুধবার দ্বিতীয় সেমিফাইনালের আগে এই দূরত্ব প্রায় বিলীন হওয়ার দশা। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি, অথচ ‘এজবাস্টন এপিক’-এর প্রসঙ্গ আসবে না, তা তো হতে পারে না!
এজবাস্টনে অনুষ্ঠিত ’৯৯ বিশ্বকাপের সেই অবিস্মরণীয় সেমিফাইনালের কথা কি কোনো নিখাদ ক্রিকেটপ্রেমী ভুলতে পারবেন কখনো? ক্ষণে ক্ষণে রং বদলে যাওয়া, পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটা ল্যান্স ক্লুজনারের মুহূর্তের ভুলে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ‘টাই’ হলেও সুপার সিক্সে মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায় ফাইনালে উঠেছিল স্টিভ ওয়াহর দল। বাকিটা তো ইতিহাস। অনেকের কাছে সর্বকালের সেরা ওয়ানডের মর্যাদা পেয়ে যাওয়া এজবাস্টনের সেই ‘ক্লাসিক’ ম্যাচের স্মৃতি তো বুধবার সেন্ট লুসিয়ার বোশেজো স্টেডিয়ামে ফিরে ফিরে আসবেই!
এমন নয় যে বিশ্বকাপে এর পরে আর কখনো দেখা হয়নি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। ২৪ মার্চ অর্থাৎ মাত্র এক মাস আগে এই বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিল দু’দল। এবং টুর্নামেন্টে ঐ একটা ম্যাচেই কিছুক্ষণ আতঙ্কিত, উদভ্রান্ত মনে হচ্ছিল অস্ট্রেলিয়াকে। বিশ্ব চ্যাম্পিয়নদের ছুড়ে দেয়া ৩৭৭ রানের চ্যালেঞ্জের জবাব দিতে গিয়ে একটা সময়ে ২১ ওভারে বিনা উইকেটে ১৬০ রানে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ৭০ বলে ৯২ রান করা এবি ডিভিলিয়ার্সের রান আউট এবং এর পর গ্রায়েম স্মিথের পেশিতে টান পড়ায় প্রোটিয়ারা এরপর আর বিশেষ সুবিধা করতে পারেনি। তাই ৮৩ রানের সহজ জয় পেতেও সমস্যা হয়নি রিকি পন্টিংয়ের দলের।
সেদিন ধীর গতিতে ব্যাট করায় সমালোচিত ক্যালিসকেই বুধবারের ‘মহারণে’ টার্গেট করতে আগ্রহী অস্ট্রেলীয় অধিনায়কক রিকি পন্টিং,“জ্যাক ক্যালিস বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে সেটা আমাদের জন্য এক দিক দিয়ে সুবিধাও। আগামীকাল (বুধবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে তাকে তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারলে দারুণ লাভবান হবো আমরা। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার গ্রায়েম স্মিথ ও এবি ডিভিলিয়ার্স সেদিন (গ্রুপ ম্যাচে) ২১ ওভারে ১৬০ রান করে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিল দলকে। আমাদেরও তখন মনে হচ্ছিল, জয়ের ভালো সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাদের। তবে যদি আমরা ক্যালিসকে শুরুতে আউট করতে পারি, তাহলে আমার মনে হয় না ঐ রকম সূচনা পেলেও তারা কিছু করতে পারবে।”
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ অবশ্য প্রতিপক্ষের নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানকে টার্গেট করছেন না। দারুণ ফর্মে থাকা অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে দ্রুত গুঁড়িয়ে দেয়াই তার লক্ষ্য,“ওদের প্রথম দিকের ব্যাটসম্যানরা, বিশেষ করে হেইডেন দুর্দান্ত ফর্মে আছে। এ নিয়ে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে এবং মিডল অর্ডারকে তাড়াতাড়ি নিয়ে আসার মতো পরিকল্পনা দাঁড় করাতে হবে। যদি আমরা দ্রুত কয়েকটা উইকেট ফেলে দিতে পারি, তাহলে ওদের আক্রমণাত্মক ক্রিকেটাররাও একেবারে দমে যাবে।”
তবে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে তীব্র গতিতে ছুটে চলা অস্ট্রেলিয়ার সঙ্গে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যে ভীষণ কঠিন, তা-ও নির্দ্বিধায় জানাচ্ছেন স্মিথ,“অস্ট্রেলিয়াকে দেখে মনেই হচ্ছে না যে ওরা হারতে পারে। ওরা খারাপ খেলবে, এমন আশা নিয়েও আমরা বসে নেই। আমরা শুধু আশা করছি অস্ট্রেলিয়ার সেরা দলটাকেই হারাবো। ভাগ্য তো নিজেদেরই গড়ে নিতে হয়। আশা করি, বুধবার ভাল খেলে আমরা নিজেদের ভাগ্য গড়ে নিতে পারবো।”
সোমবার সংবাদ সম্মেলনে গ্রায়েম স্মিথ যখন কথাগুলো বলছিলেন, তখন প্রত্যাশিতভাবেই এসে পড়েছিল ’৯৯-এর সেমিফাইনালের প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম ট্র্যাজিক ম্যাচ ‘এজবাস্টন এপিক’। সেদিনের দুঃখ ভুলে এবং সেই ম্যাচের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বুধবার বাজিমাত করতে আগ্রহী স্মিথ,“১৯৯৯-এর সেই ম্যাচটা এখন ইতিহাসের অংশ। সেটা ছিল অবিশ্বাস্য এক ম্যাচ। এবং অবশ্যই তা আমাদের দেশকে হতাশায় নিমজ্জিত করেছিল। তবে সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোতে হবে আমাদের।”
’৯৯-এর ওই ম্যাচ থেকেই বড় ম্যাচে ভেঙ্গে পড়া অর্থাৎ ‘চোকার ’-এর অপবাদ দক্ষিণ আফ্রিকার সঙ্গী। সেই ম্যাচ থেকে আসলে স্মিথ, পোলক, গিবসরা কতটা শিক্ষা নিতে পেরেছে তার প্রমাণ পাওয়া যাবে বুধবার। বোঝা যাবে অস্ট্রেলিয়া অপরাজিত থাকার গৌরবকে সমুন্নত রেখে বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে কি না। তবে যা-ই হোক না কেন, সাধারণ ক্রিকেটভক্তদের একটাই আশা, দেড় মাস ধরে চলা ম্যাড়মেড়ে বিশ্বকাপে টান টান উত্তেজনার পরশ বুলিয়ে দিক অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেজন্য আট বছর আগের এজবাস্টনে ফিরে যাওয়ার দরকার নেই। গত বছর ৪৩৪ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার এক উইকেটের নাটকীয় জয়ের স্মৃতি নিশ্চয়ই ফিকে হয়ে যায়নি। সেটা কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষেই।
