শোয়েব মালিকের পক্ষে পিসিবির কঠোর অবস্থান
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিকল্পনাহীন পথযাত্রার কারণেই পাকিস্তান দল আজ এমন খারাপ অবস্থায়-এই ধারনা সাবেক ক্রিকেটারদের অনেকের। এবার সম্ভবত ঘুম ভেঙেছে পিসিবির। অগোছালো কার্যক্রম আর পরিকল্পনাহীনতার বলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে তারা।
তাই প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রয়াত কোচ বব উলমারের উত্তরসূরি নিয়োগের জন্য উন্মুক্ত বিজ্ঞাপন দিয়েছে তারা। পাশাপাশি কয়েকদিন আগে নিয়োগ দেওয়া তরুণ অধিনায়ক শোয়েব মালিককে যথার্থ সমর্থন না দিলে সিনিয়র ক্রিকেটারদের অবস্থা যে সুবিধের হবে না, সে হুমকিও দিয়েছে পিসিবি।
পিসিবির অফিসিয়াল ওয়েব সাইটে এখন শোভা পাচ্ছে নতুন কোচ নিয়োগের বিজ্ঞাপন। আগ্রহীদের ১৫ মে’ র আগে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। পিসিবির পরিচালক জাকির খান বলেছেন, ‘‘পদটির জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করেছি আমরা। বিদেশীসহ যাদের যোগ্যতা এই মানদণ্ডের সঙ্গে মেলে, তারা আবেদন করতে পারবেন।’’
বিশ্বকাপ চলাকালে পাকিস্তানের কোচ বব উলমার খুন হয়ে যান। এখন নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া করতে নারাজ তারা। নতুন কোচকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। জাকির বলেছেন, প্রত্যেকটা টেস্ট প্লেয়িং দেশের ওয়েব সাইটে বিজ্ঞাপনটা আপলোড করা হয়েছে। জাকির খানের দাবি, ‘‘আমরা খোলা মনে এগুচ্ছি। জুনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে।’’
এদিকে, তরুণ শোয়েব মালিকের প্রতি সিনিয়র খেলোয়াড়দের অনাস্থার বিষযটি একরকম ‘ওপেন সিক্রেট’। তাই সম্ভাব্য সমস্যা এড়াতে পিসিবি এই ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। ক্রিকেট-কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, নতুন অধিনায়ককে মাঠ ও মাঠের বাইরে পূর্ণ সমর্থন না দিলে সিনিয়র খেলোয়াড়দের দলে জায়গা মিলবে না। সিনিয়র খেলোয়াড়দের পিসিবি ‘শৃঙ্খলা’ শব্দটা স্মরণ করিয়ে দিয়েছেন। এর ভেতরের অর্থ হলো, নতুন অধিনায়ক শোয়েব মালিকের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করতে হবে, নইলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বিদায়।
