ম্যাকগ্রা আর পোলক: মহারণের দুই মহাযোদ্ধা
৯ ম্যাচে ১৪ গড়ে ২২ উইকেট-এই বিশ্বকাপটা গ্লেন ম্যাকগ্রার কেমন কাটছে তা বোঝানোর জন্য আর কিছু বলার বোধহয় দরকার নেই। সবচেয়ে বেশি উইকেটই শুধু নয়, ১২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট সেরা হওয়ার লড়াইয়েও ‘দ্য পিজিয়ন’ ই সবার চেয়ে এগিয়ে। অথচ এমন অসাধারন টুর্নামেন্টেরও এক ম্যাচে বেশ কিছুক্ষণের জন্য অসহায় মনে হচ্ছিল ম্যাকগ্রাকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ ম্যাচে গ্রায়েম স্মিথ ও এবি ডিভিলিয়ার্সের তান্ডবে প্রথম ৫ ওভারে ৩৫ রান দিয়ে ফেলেছিলেন তিনি। তার ২২ বলে ২৮ রান তুলে নিয়েছিলেন ডিভিলিয়ার্স। পরে অবশ্য রানের ঝড় থেমেছে। অস্ট্রেলিয়ার জয়রথ থামাতে পারেনি গ্রায়েম স্মিথের দল। তবু সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রতিপক্ষের বিপক্ষে স্মরনীয় কিছু করার সুযোগ তিনি নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না। এমন সুযোগ তো আর পাবেন না। বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা যে আগেই দিয়ে রেখেছেন গ্লেন ম্যাকগ্রা!
শন পোলকের সামনেও হিসাব চুকানোর একটা উপলক্ষ বুধবারের ‘দ্বৈরথ’। এবারের বিশ্বকাপে ৯ ম্যাচে ৭টির বেশি উইকেট না পেলেও ওভার প্রতি রানে এমনকি ম্যাকগ্রার চেয়েও তার রেকর্ড ভালো। ম্যাকগ্রার যেখানে ওভার প্রতি রান দেয়ার হার ৪ দশমিক ৬৭, সেখানে পোলকের ৩ দশমিক ৫৪। অস্ট্রেলিয়ার সেই ম্যাচে বেদম পিটুনি খেয়ে ১০ ওভারে ৮৩ রান দিয়ে না বসলে হিসেবটা অবশ্য অনেক ভালো থাকতো। বুধবার পোলকও যে সেদিনের লজ্জাকে মুছে ফেলার মিশন নিয়ে নামবেন , তা আর বলার অপেক্ষা রাখে না।
৩৭ বছর বয়সেও ম্যাকগ্রার দুর্দান্ত ফর্ম নিঃসন্দেহে এই বিশ্বকাপের অন্যতম সেরা আকর্ষণ। অথচ কয়েক মাস আগেও তিনি চিন্তা করছিলেন ক্রিকেটকে চিরতরে বিদায় জানানোর। সে কথা অকপটে স্বীকারও করছেন টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেটের (৫৬৩) অধিকারী,“সত্যি বলতে কি, কয়েক মাস আগেও আমি অবসর নিতে প্রস্তুত ছিলাম। কিন্তু এই বিশ্বকাপটা আমাকে খেলা চালিয়ে যেতে বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে। সেজন্যই এই মুহূর্তে আমি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।”
সেই ম্যাকগ্রার সঙ্গে পোলকের লড়াই বুধবারের সেমিফাইনালে একটা বাড়তি উত্তেজনা ছড়াবেই। উইকেট বেশি না পেলেও পোলকের পাশেই আছেন তার অধিনায়ক। প্রতি মুহূর্তে দলের অভিজ্ঞতম বোলারকে সমর্থনও দিয়ে যাচ্ছেন গ্রায়েম স্মিথ। সামনে প্রবল প্রতিপক্ষ থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের অভাব নেই পোলকের,“আমি বিশ্বাস করি (অস্ট্রেলিয়াকে হারানোর) ক্ষমতা রয়েছে আমাদের। একটা দিনে সবকিছু ঠিকঠাক চললে যে কাউকে হারিয়ে দিতে পারি আমরা।”
মহাশক্তিধর অস্ট্রেলিয়াকে হারাতে হলে তাকেই কিন্তু জ্বলে উঠতে হবে সবার আগে। কারণ, দক্ষিণ আফ্রিকার নতুন বলের বোলার যে তিনিই । একই দায়িত্বে থাকা ম্যাকগ্রার দিকে তাকিয়ে থাকবে অস্ট্রেলিয়াও। ম্যাচটা তাই শুধু অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকাই নয়, ম্যাকগ্রা বনাম পোলকও।
