২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই রানমেশিনের লড়াই

বোশেজো ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার অনুশীলন তখন শেষের পথে। বেশির ভাগ ক্রিকেটারই মাঠ ছেড়ে চলে গেছেন। শুধু এক জন নিবিষ্ট চিত্তে ব্যাট করে যাচ্ছেন বোলিং মেশিনের সামনে দাঁড়িয়ে। তিনি ম্যাথু হেইডেন-এই বিশ্বকাপের অন্যতম বিস্ময়। ৩টি সেঞ্চুরিসহ ৫৮০ রান করেও যে তার রানের খিদে মেটেনি, সোমবার শেষ বিকেলে সেটাই বুঝিয়ে দিলেন হেইডেন। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সামনে পাচ্ছেন বলে তিনি বোধহয় আরো বেশি উজ্জীবিত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2007, 09:31 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ক’ দিন আগে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ৬৬ বলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হেইডেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বড় ব্যর্থতার নজীর নেই। গত বছর ৪৩৪ রান করেও প্রোটিয়াদের কাছে অস্ট্রেলিয়ার ১ উইকেটে হেরে যাওয়া ম্যাচে তিনি ছিলেন না।

বুধবারের ম্যাচে দুদলের লড়াইয়ের ভেতরে থাকবে আরেকটা লড়াই। ম্যাথু হেইডেন বনাম জ্যাক ক্যালিস। হ্যাঁ, জ্যাক ক্যালিসের মুখোমুখি হওয়ার সুযোগটাও অনুপ্রাণিত করবে হেইডেনকে। গ্রুপ ম্যাচেও দুজনের দেখা হয়েছিল, তবে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার লড়াইটা তখনো এতটা জমে ওঠেনি। এখনকার অবস্থা অন্যরকম। শুধু রানের লড়াই নয়, গত কয়েক দিনে দুই রান মেশিনের কথার লড়াইও জমে উঠেছে, বুধবারের সেমিফাইনালেও তা ছড়িয়ে দিয়েছে বাড়তি উত্তেজনা।

সর্বোচ্চ রান সংগ্রহের লড়াইয়ে আপাতত ক্যালিসের চেয়ে ঠিক ১০০ রানে এগিয়ে হেইডেন। ৯ ম্যাচে ৩টি সেঞ্চুরিসহ ৮২ দশমিক ৮৫ গড়ে ৫৮০ রান, স্ট্রাইক রেট ১০৮-এই পরিসংখ্যানেই স্পষ্ট এবারের বিশ্বকাপে হেইডেন বোলারদের প্রতি কতটা খড়গহস্ত! বুধবার কি আরেকটা সেঞ্চুরি বা দুর্দান্ত ইনিংসের জন্ম দিতে যাচ্ছে তার ব্যাট? প্রশ্নটা শুনে মৃদু হাসলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার। তারপর করলেন দক্ষিণ আফ্রিকা শিবিরে ভীতি জাগানোর মতো মন্তব্য,“আমি সত্যিই তাই আশা করছি। নিঃসন্দেহে এই টুর্নামেন্টে যে ধরনের উইকেট দেখেছি সেগুলোর মধ্যে এটা অন্যতম সেরা।”

গিলক্রিস্টের সঙ্গে তার উদ্বোধনী জুটি নিয়েও দারুণ তৃপ্ত হেইডেন। অস্ট্রেলিয়া যে প্রত্যেকটা ম্যাচ সহজে জিতে এখন শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবীদার, তার একটা বড় কারণ নিঃসন্দেহে ওপেনিংয়ে হেইডেন-গিলক্রিস্টের ‘বিস্ফোরক’ সমন্বয়। বয়স যে বড় অর্জনের পথে কোনো বাধা নয় (দুজনের বয়সের যোগফল ৭০ বছর) তার প্রমাণ আবার রাখছেন তারা। অস্ট্রেলিয়া যে তাদের কল্যাণে প্রত্যেক ম্যাচেই দারুণ একটা সূচনা পাচ্ছে সেজন্য হেইডেনের কণ্ঠে তৃপ্তি মেশানো আনন্দের ছোঁয়া,“আমার ধারণা এই টুর্নামেন্টে শুরুতেই দু/তিনটি উইকেট হারিয়ে ফেলা দলগুলোকেই বেশি বিপদে পড়তে হয়েছে। অস্ট্রেলিয়ার ব্যাটিং পরিকল্পনা একেবারেই সাদামাটা। আমরা চেষ্টা করি ভালো একটা ভিত্তি গড়ে দিয়ে তারপর সেটাকে এগিয়ে নিয়ে যেতে।”

সেই চেষ্টা বুধবারও থাকবে। তবে তার আগেই এক খাঁটি অস্ট্রেলীয় ক্রিকেটারের মতো প্রতিপক্ষের ওপরে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের চেষ্টা করতেও ভোলেননি হেইডেন। গ্রুপ পর্বের ম্যাচটার স্মৃতিচারণ করে তিনি জানিয়েছেন, সেদিন ব্যাট করার সময় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের অভিব্যক্তিতে বার বার ধরা পড়েছে আতঙ্ক। কথার মতো ব্যাট হাতেও তিনি নিশ্চয়ই প্রোটিয়াদের গুঁড়িয়ে দিতে চাইবেন। চাইবেন শচীন টেন্ডুলকারের এক বিশ্বকাপে সবচেয়ে রান করার রেকর্ডটাকে (২০০৩এ ৬৭৩ রান) নিজের করে নিতে। লক্ষ্য অর্জনে কোচ জন বুকাননের ‘সার্টিফিকেট’টাও অনুপ্রাণিত করতে পারে হেইডেনকে,“টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাটসম্যান হিসাবে কী ভূমিকা রাখা উচিৎ, সেটা যেন সোচ্চারে জানিয়ে যাচ্ছে সে।” আর হেইডেন? ব্যক্তিগত অর্জনের কথাকে পাশে রেখে তার চিন্তা-চেতনা জুড়ে শুধুই শিরোপার সৌরভ,“আমরা এখানে এসেছি শিরোপা জিততে। এটাই আমাদের প্রধান লক্ষ্য।”

ক্যালিসের কণ্ঠ কিন্তু এতটা আত্মবিশ্বাসী নয়। সামনে মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়া বলেই হয়তো। তাছাড়া সেমিফাইনালের আগে একটা অস্বস্তিকর প্রসঙ্গও খোঁচা দিচ্ছে এই সময়ের সেরা অলরাউন্ডারকে। অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ ম্যাচে ৩৭৮ রানের লক্ষ্যে দুই ওপেনার গ্রায়েম স্মিথ ও এবি ডিভিলিয়ার্স দুর্দান্ত সূচনা এনে দিলেও ক্যালিস নামার পরই পথ হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। ৬৩ বলে ৪৮ রানের ইনিংসটার জন্য সমালোচনাও কম সইতে হয়নি ক্যালিসকে। অথচ এই বিশ্বকাপে তার গড় ও স্ট্রাইক রেট দুর্দান্ত। একেবারে হেইডেনের মতো না হলেও ৮৪ দশমিক ৩৫ স্ট্রাইক রেট মোটেও ফেলে দেয়ার মতো নয়। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ৭০-এর কাছাকাছি স্ট্রাইক রেটের কথা মাথায় রাখলে বলতেই হবে ক্যালিস এখন আগের চেয়ে অনেক বেশি বিধ্বংসী। আর ব্যাটিং গড়ে তো তার ধারে কাছে কেউ নেই। ৪৮০ রান নিয়ে হেইডেনের চেয়ে রান সংগ্রহে পিছিয়ে থাকলেও ৯৬ গড় নিয়ে এই ক্ষেত্রে তিনি সবার চেয়ে এগিয়ে।

তারপরও অস্ট্রেলিয়ার কাছে গ্রুপ ম্যাচে ৮৩ রানের পরাজয়ের জন্য কম সমালোচিত হতে হয়েছে তাকে। তবে মাঠের মতো মাঠের বাইরেও জ্যাক হেনরি ক্যালিস ধীর-স্থির-স্থিতধী। তিনি স্বার্থপর ব্যাটসম্যান কি না-এমন প্রশ্নের মুখোমুখি হয়েও দক্ষিণ আফ্রিকার বহু জয়ের নায়ক যথারীতি অবিচল,“একদমই না। অবশ্য ক্যারিয়ার জুড়ে একজন ক্রিকেটারকে সমালোচনায় অভ্যস্ত থাকতে হবে। আগামীকালের (বুধবারের) ম্যাচটা শুধুই একটা ম্যাচ। অন্য ম্যাচে যেভাবে খেলি, এটাতেও সেভাবেই খেলবো আমি। এই টুর্নামেন্টে বেশ উত্থান-পতন হয়েছে আমাদের। হয়তো ধারাবাহিকভাবে আমরা ভালো খেলতে পারিনি। অথচ সেভাবেই খেলতে ভালবাসি আমরা। তবে (ইংল্যান্ডের বিপক্ষে) শেষ ম্যাচে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আমরা। আশা করি, সঠিক সময়ে আবার জ্বলে উঠতে পারবো।”

অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে ব্রায়ান লারার প্রশংসাই সবচেয়ে বড় পাথেয় হতে পারে জ্যাক ক্যালিসের জন্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায় নেয়া ক্যারিবীয় গ্রেটের বিশ্বাস, “যে কোনো ব্যাটসম্যানকে আমি প্রশংসা করতে প্রস্তুত। সবাইকে আমি ভালোবাসি, সবাইকেই ব্যাট করতে দেখতে ভালোবাসি। তবে জীবন বাজি রাখা ইনিংসের জন্য কাউকে বেছে নিতে বলা হলে সবাই জ্যাক ক্যালিসকেই বেছে নেবে।”

বুধবার ‘জীবন বাজি রাখা’ অর্থাৎ ম্যাচ জেতানো একটা ইনিংস কি দলকে উপহার দিতে পারবেন ক্যালিস? পারবেন প্রোটিয়াদের প্রথম বারের মতো ফাইনালে ওঠার আনন্দে ভাসিয়ে দিতে? বোলাররাই শুধু নন, এই লড়াইয়ে ম্যাথু লরেন্স হেইডেনও তার প্রতিপক্ষ।

দ্বিতীয় সেমিফাইনালে হেইডেন-ক্যালিসের লড়াইয়ের দিকেও তাই চোখ রাখতেই হবে!