“এগিয়ে যাও, দক্ষিণ আফ্রিকা!”
বব উলমারের জন্য এবার দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ জিতে বাড়ি ফিরতে হবে-এই দাবি দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ উলমারের স্ত্রী জিল উলমারের। দক্ষিণ আফ্রিকার সমর্থনে আকাশের দিকে হাত তুলেছেন তিনিও।
বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে শুধু জিল উলমার নন, সেদেশের সব মানুষই সমর্থন নিয়ে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার পাশে। দক্ষিণ আফ্রিকা দলের জন্য এসএমএস শুভকামনার আয়োজন করেছিল সেখানকার একটি সংবাদপত্র কেপ আর্গাস। ‘গো বয়েজ, গো’-এই শিরোনামে পাঠকের কাছে আহবান করা এসএমএস শুভকামনায় দারুণ সাড়া পেয়েছে তারা। এর হাজার খানেক এসএমএস আবার প্রিয় দলের কাছে ওয়েস্ট ইন্ডিজে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মাত্র ৮ বছরের ছেলে নাদিমের ছোট্ট মনের আকুতি শর্ট মেসেজ হয়ে ফুটে উঠেছে এভাবে, ‘‘প্লিজ স্মিথ কাকা, কাপটা সঙ্গে করে বাড়ি ফিরো।’’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রান তাড়া করে জয়ের স্মৃতি মনে করিয়ে দিয়ে জেনর লিখেছেন, ‘‘৪৩৪ কে মনে রেখো। দক্ষিণ আফ্রিকা গর্বিত বুকে তোমাদের সঙ্গেই আছে।’’
অস্ট্রেলিয়ার বিপক্ষেই ১৯৯৯ বিশ্বকাপে স্টিভ ওয়াহর ক্যাচ ফেলে এক অর্থে দলকে ম্যাচ হারিয়েছিলেন হার্শেল গিবস। সেই গিবসের উদ্দেশ্যে মেলিসার আহবান, ‘‘প্লিজ গিবস, বলটা ধরলে সেটাকে কিছুতেই ফেলে দিও না।’’
বিশ্বকাপে লাগাতার সম্ভাবনা জাগিয়েও শিরোপা জিততে না পারার যন্ত্রণা আছে দক্ষিণ আফ্রিকার। একজন ভক্ত এবার শিরোপা পেলে পেছনের সব হতাশা ভুলে যেতে রাজি, ‘‘আমাদের ২০০৭ দাও, আমরা ভুলে যাবো ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩।’’ বিমল চান বুক চিতিয়ে দাঁড়িয়ে যাক প্রোটিয়াস দল। দার দাবি, ‘‘সামরিক আইন : পলায়ন নয়, নয় আত্মসমর্পন। জয় কোনো বিকল্প ব্যাপার নয়, এটা বাধ্যতামূলক।’’
এরকম কত বার্তা যে পৌঁছে গেছে দলের কাছে!
১৯৯৯ বিশ্বকাপ এসেছে অনেকের বার্তায়। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় জেতা ম্যাচ টাই করে ফাইনালে উঠতে না পারাকে জীবিত অবস্থায় বব উলমার বলে গেছেন, তার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত। জিল উলমার চান উলমারের বিদেহী আত্মাকে এবার শান্তি দিক দক্ষিণ আফ্রিকা। দূর থেকে সাবেক শিষ্যদের অর্জন দেখে হাসি ফুটুক উলমারের মুখেও। দক্ষিণ আফ্রিকা দলের কাছে জিল উলমারের দাবি, ‘‘বব এর জন্য এটা কর তোমরা-আমার আশা, তোমরাই জিতবে।’’
স্মৃতি যেমন পোড়ায়, তেমনি স্মৃতি থেকেই অনুপ্রাণিত হওয়ার আহবান সাবেক ব্যাটসম্যান গ্যারি কার্স্টেনের, ‘‘মনস্তাত্বিক একটা যুদ্ধ হবে। আমাদের তেমন খেলোয়াড়ও আছে। এই সেদিনই তো আমরা ৪৩৪ তাড়া করে জিতেছি। ওটা তাদের মনে নেই কি?’’
