২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের প্রথম ফাইনালের পথে বাধা শ্রীলংকা

শ্রীলংকার সবচেয়ে বড় শক্তি লম্বা এক ব্যাটিং লাইন আপ এবং বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণ। নিউজিল্যান্ডের ব্যাটিংও কম গভীর নয়। তাছাড়া দারুণ এক পেস আক্রমণের পাশাপাশি স্টিভেন ফ্লেমিংয়ের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বও কিউইদের জন্য বাড়তি অনুপ্রেরণা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Apr 2007, 10:27 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

তবে অধিনায়ক হিসাবে মাহেলা জয়াবর্ধনের অর্জনকে ভুলে গেলে তার প্রতি অবিচারই করা হবে। শক্তি-দুর্বলতার যোগ বিয়োগে দু দল যেমন অনেকখানি কাছাকাছি, তেমনি সুপার এইট শেষে পয়েন্ট সংগ্রহেও তারা সমান। ১০ পয়েন্ট করে নিয়ে দু দলই নিশ্চিত করেছে সেমিফাইনাল। মঙ্গলবার কিংস্টনের স্যাবাইনা পার্কে দুই প্রায় সমশক্তির দলের প্রথম সেমিফাইনাল সে কারণেও জমে যাওয়ার কথা!

অবশ্য শ্রীলঙ্কান ক্রিকেটের ভক্তরা এ কথা শুনলে আপত্তি করতে পারেন। তার কারণও আছে। সুপার এইটে দু দলের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে যে পাত্তাই পায়নি কিউইরা! সেই ম্যাচে ৬ উইকেটের সহজ জয়ই মঙ্গলবার ’৯৬-এর বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। গোড়ালির চোট সারার পর দলে ফেরা লাসিথ মালিঙ্গার উপস্থিতিও নিশ্চয়ই উজ্জীবিত করে তুলবে জয়াবর্ধনের দলকে। ক্যারিয়ারের সায়াহ্নে ঝলসে ওঠা জয়াসুরিয়ার ব্যাট, সর্বকালের সেরা অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনের ‘মায়াবী ঘুর্ণি’, চামিন্ডা ভাসের নিখুুঁত লাইন-লেংথে বল ফেলে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে বেঁধে রাখা, জয়াবর্ধনে-চামারা সিলভা-দিলশানদের ভালো ফর্ম, তুখোড় ফিল্ডিং-সব কিছুর যোগফলে বিশ্বকাপটা দুর্দান্ত কাটছে শ্রীলঙ্কানদের।

তারপরও মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে জয়াবর্ধনে ভীষণ সতর্ক,“ সেমিফাইনালটা এখন আমাদের সামনে বিরাট এক বাধা। শ্রীলঙ্কা ছেড়ে আসার সময় এই লক্ষ্যই (সেমিফাইনাল) নির্ধারণ করেছিলাম আমরা। আমরা চেয়েছিলাম সেমিফাইনালে উঠে তার পর সামনের দিকে তাকাতে।” দুশ্চিন্তা একটাই-উপুল থারাঙ্গার বাজে ফর্ম। জয়াসুরিয়ার সঙ্গে কয়েকটা ভালো উদ্বোধনী জুটি গড়লেও ৯ ম্যাচে ২৪ দশমিক ৩৩ গড়ে থারাঙ্গার সংগ্রহ ২১৯ রান। এমন সাদামাটা পারফরম্যান্সের জন্যই সেমিফাইনালে তার বদলে মারভান আতাপাত্তুর সুযোগ পাওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক অশান্থা ডি মেল সেটাকে উড়িয়েই দিয়েছেন, “আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, থারাঙ্গা গত বছর ইংল্যান্ডে দুটো সেঞ্চুরি করেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুটো সেঞ্চুরি পেয়েছিল সে। এই বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে দলের সর্বোচ্চ ৬৫ রান এসেছিল তার ব্যাট থেকেই।” অর্থাৎ থারাঙ্গা যে আরেকটা সুযোগ পাচ্ছেন, তা প্রায় নিশ্চিত।

তেমনি শেন বন্ড আর জ্যাকব ওরামের প্রত্যাবর্তন নিয়েও অনেকখানি নিশ্চিত কিউইরা। পাকস্থলির সমস্যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি এই সময়ের অন্যতম দ্রুততম বোলার বন্ড। আকস্মিক চোট অলরাউন্ডার ওরামকেও সেদিন মাঠে নামতে দেয়নি। তবে সেমিফাইনালে দু জনের খেলায় অনিশ্চয়তা নেই বললেই চলে। আর বন্ড-ওরাম ফিরলে নিউজিল্যান্ডের পেস আক্রমণ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে শ্রীলংকার জন্য। নিউজিল্যান্ড অধিনায়ক ফ্লেমিং অবশ্য প্রতিপক্ষের বোলিংয়ের প্রশংসাতেই মুখর,“এই টুর্নামেন্টে সম্ভবত ওদের (শ্রীলঙ্কার) বোলিং আক্রমণই সবচেয়ে ভারসাম্যপূর্ণ। ওরা দারুণ ব্যতিক্রমী এবং আমাদের ব্যাটসম্যানদের সামনে বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম।” সে তুলনায় শ্রীলংকার ব্যাটিংকে দুর্বল হিসাবে চিহ্নিত করে সেখানে আঘাত হানতে আগ্রহী ফ্লেমিং,“ওদের ব্যাটিং সম্ভবত অন্য দলগুলোর মতো অত শক্তিশালী নয়। বেশ কয়েক জন ব্যাটসম্যানের ওপর ওরা খুব বেশি নির্ভর করে থাকে। আমরা তাদেরকে তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে ওদের ওপর চাপ সৃষ্টি করতে চাই।”

স্যাবাইনা পার্কের উইকেট যে পেসারদের দিকে হাত বাড়িয়ে দেবে, সে ব্যাপারে দু দলই নিঃসন্দেহ। নিউজিল্যান্ডের কোচ জন ব্রেসওয়েল তো কিংস্টন বিমানবন্দর থেকে সোজা চলে গেছেন সেমিফাইনালের ভেন্যুতে, পিচ পরিদর্শনে! ওরামও মনে করছেন ফাস্ট ও বাউন্সি উইকেট কিছুটা হলেও সমস্যায় ফেলবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের,“আশা করি (এই উইকেটে) আমরা ওদের বিপদে ফেলতে পারবো। তাই বলে আমি বলছি না যে ওরা এ ধরনের বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে অক্ষম। তবে উপমহাদেশের অন্য দলগুলোর মতো তারাও এই উইকেটে অস্বস্তি বোধ করতে পারে।” তবে কিউইদের সে আশার গুড়ে বালি ছিটিয়ে দিয়ে জয়াবর্ধনে জানাচ্ছেন ,“বিশ্বের অন্য ক্রিকেটারদের মতো আমাদের ব্যাটসম্যানরাও বাউন্সি উইকেটে খেলতেই বেশি ভালোবাসে। কারণ, সেখানে বল ঠিক মতো ব্যাটে আসে। তাছাড়া এই ধরনের কন্ডিশনের সুবিধা নেয়ার মতো দুর্দান্ত এক বোলিং আক্রমণও আছে আমাদের।”

অর্থাৎ জমজমাট এক লড়াইয়ের সমস্ত আবহই প্রস্তুত। সেই লড়াইয়ে জয় পেলে প্রথম বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে নিউজিল্যান্ড। ক্রিকেটের মহাযজ্ঞে এটা কিউইদের চতুর্থ সেমিফাইনাল হলেও কখনোই ফাইনালে উঠতে পারেনি তারা। অন্যদিকে গতবারও শেষ চারে যাওয়া শ্রীলংকার সেরা সাফল্য ’৯৬-এর শিরোপা জয়। বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে অবশ্য দু দলেরই এখন সাম্যাবস্থা। ৬টি ম্যাচ খেলে প্রত্যেকেরই জয় ৩টি।