২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে লারার জরিমানা!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়টা কোনোভাবেই যেন সুখকর হওয়ার ছিল না ব্রায়ান লারার! বিশ্বকাপ সুপার এইটের শেষ ম্যাচে তার দল ইংল্যান্ডের কাছে হেরেছে ১ উইকেটে। তারপর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নিয়মের গ্যাড়াকলে পড়ে জরিমানাও গুনতে হয়েছে তার, সঙ্গে দলেরও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 09:33 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

কেনসিংটন ওভালে শনিবারের ম্যাচে লারার মতো নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় তার প্রতিপক্ষ অধিনায়ক মাইকেল ভনেরও জরিমানা হয়েছে। জরিমানার অঙ্কটা লারার চেয়েও বেশি। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য অধিনায়কের ম্যাচ ফি থেকে ১০ ও দলের বাকি সদস্যদের ম্যাচ ফি থেকে ৫ শতাংশ কেটে নেওয়া হয়।

নিজের শেষ ম্যাচের শুরুতে আইসিসির পক্ষ থেকে ক্রিকেটে অবদানের জন্য ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছ থেকে লারা পেয়েছিলেন কৃতজ্ঞতা। আর ম্যাচ শেষে সেই মাদুগালে জানালেন, নির্ধারিত সময়ে ১ ওভার কম বোলিং করেছে লারার দল। লারাকে সদলবলে জরিমানাটা গুনতে হলো ক্যারিয়ারের শেষ ম্যাচেও।

ভন ও তার দলের জরিমানাটা হয়েছে দ্বিগুণ। নির্ধারিত সময়ের মধ্যে ৪৮ ওভার শেষ করতে পেরেছিলেন তার বোলাররা। দুই ওভার কম হওয়ায় ইংল্যান্ড দলের প্রত্যেকের হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা। আর ভনকে গুনতে হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ।