২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বন্ড-মালিঙ্গা লড়াই

ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো এখন আগের চেয়ে অনেক মন্থর, পেসারদের এ সব উইকেট থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা কম-উইকেট নিয়ে এমন কত কথাই না হয়েছে। বিশ্বকাপের শেষ প্রান্তে এসেও কি তা হচ্ছে না! অথচ ‘কিছুই না থাকা’ পিচও যে এক জন ভালো পেসারকে দমিয়ে রাখতে পারে না তার সবচেয়ে বড় প্রমাণ গ্লেন ম্যাকগ্রা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 08:59 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

জীবনের শেষ টুর্নামেন্টে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টে উইকেট শিকারের লড়াইয়ে ‘পিজিয়ন’ই এখন সবার চেয়ে এগিয়ে। শেন বন্ড ও লাসিথ মালিঙ্গা তার তুলনায় এ মুহূর্তে বেশ পিছিয়েই। এ জন্য অবশ্য এবারের বিশ্বকাপে এই দুই ফাস্ট বোলারের অর্জন ম্লান হয়ে যাবে না।

এক জন ফাস্ট বোলারের সবচেয়ে বড় ‘শত্রু’ ইনজুরি। সেই শত্রু বাধার পাহাড় হয়ে সামনে না দাঁড়ালে মালিঙ্গাই হয়তো এখন উইকেট শিকারের লড়াইয়ে ম্যাকগ্রার চেয়েও এগিয়ে থাকতেন। ইনজুরিকে পেছনে ফেলে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে দু জনেরই মাঠে নামা প্রায় নিশ্চিত। তার মানে, বন্ড-মালিঙ্গার গতির লড়াইও ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছে ২০০৭ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে।

এবারের বিশ্বকাপের অন্যতম বিস্ময় নিঃসন্দেহে মালিঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটে টানা চার বলেই যে উইকেট নেয়া সম্ভব তার প্রথম প্রমান তিনিই রেখেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে। সুবাদে ১৫টি উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা বোলার হওয়ার লড়াইয়েও সবচেয়ে এগিয়ে ছিলেন ঝাঁকড়া চুলের এই ফাস্ট বোলার। তখন ম্যাকগ্রার উইকেট ১২টি। অথচ ৪ এপ্রিল ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটার পর থেকেই ইনজুরির শিকার হয়ে মালিঙ্গা মাঠের বাইরে। এরপর শ্রীলঙ্কা সুপার এইটে তিনটি ম্যাচ খেলেছে, যার একটি আবার আয়ারল্যান্ডের বিপক্ষে। এই তিন ম্যাচে খেললে মালিঙ্গা বেশ বড় সাফল্য পেতেন , সামান্য ঝুঁকি নিয়ে এ কথা বলেই দেয়া যায়। ইনফর্ম মালিঙ্গার সেবা পেলে শ্রীলংকার পারফরম্যান্সেও নিশ্চয়ই তার প্রভাব পড়তো।

মালিঙ্গা ও শ্রীলঙ্কা এখন আপাতত প্রথম সেমিফাইনালের দিকে তাকিয়ে। সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দেয়ার পর জয়াবর্ধনে জানিয়েছিলেন, সেদিন মালিঙ্গারও খেলার সম্ভাবনা ছিল, কিন্তু শ্রীলঙ্কা দলের অন্যতম সেরা পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি বলেই তাকে মাঠে নামানো হয়নি। তো সেমিফাইনালে খেলতে পারলে বিশ্বকাপে ৬ ম্যাচে ১৪ দশমিক ২৬ গড়ে ১৫ উইকেট নেয়ার অর্জনকে যে মালিঙ্গা আরো সমৃদ্ধ করতে চাইবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

এবারের বিশ্বকাপে শেন বন্ড অবশ্য মালিঙ্গার মতো অতটা দুর্ভাগা নন। যদিও ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরি তার সঙ্গী। ইনজুরির কারণে আগামী ৭ জুন ৩২ বছর পূর্ণ করতে যাওয়া বন্ড ১৬টি টেস্ট ও ৬৬টি ওয়ানডের বেশি খেলতে পারেননি। তবে বেশ কিছু দিন ধরে এই ‘শত্রু’ তাকে রেহাই দেয়ায় নিউজিল্যান্ড পুলিশের সাবেক কর্মকর্তা মাঠে আগের চেয়ে অনেক বেশি নিয়মিত। আগুন ঝরানো বোলিংও দেখা যায় প্রায়ই। গত জানুয়ারিতে কমনওয়েলথ ব্যাংক সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক কিংবা চ্যাপেল-হ্যাডলি সিরিজের প্রথম ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে ২৩ রানে ৫ উইকেট তারই বড় দুটো দৃষ্টান্ত। বিশ্বকাপটাও ভালোই কাটছে। ৭ ম্যাচে ১২টি উইকেট পেয়েছেন ঈর্ষণীয় গড় (১২ দশমিক ৮৩) ও ইকোনমি রেটে (২ দশমিক ৫৮)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ খেলতে পারেননি পাকস্থলিতে সমস্যা হওয়ায়। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ৩৪৮ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ডকে তাদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের লজ্জায় ডোবায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

সেই ম্যাচের স্মৃতিকে পেছনে ফেলে মঙ্গলবার বন্ড আরেকবার জ্বলে উঠতে চাইবেন। চাইবেন মালিঙ্গাও। দুই ফাস্ট বোলারের লড়াইটা তাই উপভোগ্য হওয়ারই কথা।