শিরোপার স্বপ্নেই বিভোর শ্রীলংকা-নিউজিল্যান্ড!
১৯৯৬ সালের বিশ্বকাপ জয় এখনো শ্রীলঙ্কার সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম। আর কখনো বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের শিরোপা ছুঁতে না পারা নিউজিল্যান্ড উজ্জীবিত হচ্ছে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে। এই দুই দল সোমবার স্যাবাইনা পার্কে মুখোমুখি হচ্ছে ২০০৭ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে।
২৮ তারিখের ফাইনালে ওঠার এই আগের এই মহা লড়াইয়ের সময়টাতে এগিয়ে আছে শ্রীলঙ্কা। সুপার এইটের ম্যাচে দারুণ ভালো খেলতে থাকা কিউইদের হারাতে তেমন কষ্ট হয়নি তাদের। আর বরাবরই নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ।
নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ছাড়াও অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরেছে। কিন্তু ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং মিলিয়ে এই দলটি যে দারুণ, তা জয় পাওয়া প্রতি ম্যাচে দেখিয়েছে তারা। পেছনের হার দুটির দিকে এখন তাকাতেই রাজি নন কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং, ‘‘আমাদের সামনে আর মাত্র দুটি খেলা। এখন যদি বেশি বিশ্লেষণ করতে বসি, আমরা সামনে এগোতে পারবো না। দুটি ম্যাচ জিতে বিশ্বকাপ জয়ের সুযোগ এখন আমাদের সামনে।’’
শ্রীলঙ্কারও তিনটি বিভাগ কাজ করছে সমান ভালোভাবে। ফলাফল, জয়ের ধারায় থেকে তাদের সামনে হাতছানি ১৯৯৬ বিশ্বকাপের পুনরাবৃত্তি করার। সেই বিশ্বকাপের নায়করাও দাঁড়িয়ে গেছেন দলের পাশে। সাবেক অধিনায়ক হাশান তিলকরত্নে বিশ্বকাপজয়ী দলের সদস্য। তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচের ঘণ্টাখানেক আগে কলম্বোর ননডেসক্রিপ্ট মাঠে তাদের দেশের সব খেলার অসংখ্য মানুষ জড় হবেন। ফোনে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, সনাৎ জয়াসুরিয়া, কুমার সাঙ্গাকারারা তখন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
তিলকরত্নের ভাষায়, ‘‘আমাদের ক্রিকেটারদের জন্য শুভকামনা জানাতে ওখানে একত্রিত হবো আমরা। তাদের উৎসাহ আর সমর্থন দিতে এই আয়োজন।’’ তার বিশ্বাস, দুদলের খেলার ফলের ইতিহাস শ্রীলঙ্কাকে সেমিফাইনালে এগিয়ে রাখবে। শেষ ৯ ম্যাচের ৭টিতেই জিতেছে শ্রীলঙ্কা। তাছাড়া দলের সামর্থ্যরে প্রসঙ্গে তিলকরত্নের কথা, ‘‘আমাদের বোলিংয়ের ভারসাম্য দারুণ। ওরা চাপ ধরে রাখতে পারে। নিউজিল্যান্ডের ওপর চাপ বজায় রেখে আমাদের ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্য মতো খেললে আমরাই জিতবো।’’
১৯৯৬ বিশ্বকাপের ব্যাটিং-বিস্ময় রুমেশ কালুভিতারানাও একমত। সেই বিশ্বকাপ জয়ের কথা মনে করিয়ে দিয়ে তার ভাষ্য, ‘‘সেবার ভারতে আমাদের কেউ গোনায় ধরেনি। এবারও তেমন মিল পাচ্ছি। সহজেই নিউজিল্যান্ডকে আমরা হারিয়েছি। ওই জয় সেমিফাইনালে খেলোয়াড়দের অনুপ্রাণিত করা উচিৎ।’’
