গ্রেগ চ্যাপেলের সমালোচনায় মুখর গাভাস্কার
এমনিতে নম্র-ভদ্র-বিনয়ী হিসাবেই তিনি পরিচিত। তবে রেগে গেলে সুনীল গাভাস্কার ভয়ঙ্কর এক মানুষ! আশির দশকের শুরুতে ভারতের অস্ট্রেলিয়ার সফরের সময় ব্যাপারটা ভাল মতো টের পেয়েছিলেন ডেনিস লিলি।
এই ফাস্ট বোলারের আপত্তিকর এক মন্তব্যের কারণে ওপেনিং সঙ্গী চেতন চৌহানকে নিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে উদ্যত হওয়া গাভাস্কারের এবারের ক্ষোভের শিকারও এক জন অস্ট্রেলীয়। সেই অস্ট্রেলীয় আর কেউ নন, ক’ দিন আগেও ভারতের কোচের দায়িত্বে থাকা গ্রেগ চ্যাপেল। সর্বকালের অন্যতম সেরা ওপেনারের বিশ্বাস চ্যাপেলের জন্যই ভারতকে এক রাশ লজ্জা নিয়ে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপ থেকে। সেই ব্যক্তিকেই বিসিসিআই ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরামর্শক হওয়ার প্রস্তাব দেওয়ায় গাভাস্কার রীতিমতো বিস্মিত।
দু বছর আগে গ্রেগ চ্যাপেল যখন ভারতের কোচ হয়েছিলেন, তখন এক জন সাধারণ ভারতীয় সমর্থকের মতো গাভাস্কারও আশায় বুক বেঁধেছিলেন, স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন যে এভাবে দুঃস্বপ্নে পরিণত হবে তা কল্পনাও করতে পারেননি টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রানের মালিক। সুলেখক হিসাবে পরিচিত গাভাস্কার তার কলামে ক্ষোভটা তাই চেপে রাখতে পারেননি, “গ্রেগ চ্যাপেল ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার সময় মনে হয়েছিল ভারতীয় ক্রিকেট সামনের দিকে বড় এক পদক্ষেপ রাখলো। বিশ্বের সেরা দল হওয়ার লড়াইয়ে ভারত অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাবে এমন আশাবাদ ও অতি আত্মবিশ্বাসও জেগে উঠেছিল অনেকের মনে। কিন্তু তা তো হয়ইনি বরং তার মেয়াদ শেষে দেখা যাচ্ছে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে ভারতীয় ক্রিকেট যেন একেবারে মুখ থুবড়ে পড়েছে।”
ভারতের ব্যাটিং লাইন আপ সব সময়ই অন্য দলগুলোর কাছে ঈর্ষার বিষয়। অথচ গ্রেগ চ্যাপেলের সময়ে কোন প্রতিভাবান ব্যাটসম্যানকেই তারা উপহার দিতে পারেনি ক্রিকেট বিশ্বে। বরং ওয়ানডের সফলতম ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার থাকা সত্ত্বেও বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটো ম্যাচে দু শ’ রানও করতে পারেনি ভারত। সেজন্যও গাভাস্কার চ্যাপেলের ওপরে ভীষণ ক্ষুব্ধ, “আইসিসির ক্রিকেট ভোটিং প্যানেলের দৃষ্টিতে কয়েক জন উঠতি প্রতিভা আমাদের থাকলেও তারা যেন এই সময়টায় দিগ্ভ্রান্ত হয়ে পড়েছে। তার (গ্রেগ চ্যাপেলের) সময়ে কোন ব্যাটসম্যানই সেভাবে উঠে আসতে পারেনি। এই খেলার অন্যতম সেরা ব্যাটসম্যান হিসাবে যাকে সবাই মনে করে, তার অভিভাবকত্বে ব্যাটিংটা তো আরো উজ্জ্বল হওয়ারই কথা ছিল। অথচ ভারতের ব্যাটিং দেখে মনে হয়েছে তা দ্বিধাগ্রস্ত, অনিশ্চয়তায় ভরা এবং অনুজ্জ্বল। কিন্তু ব্যাটিং ঔজ্জ্বল্যের জন্যই তো ভারতীয় ক্রিকেট দলকে পছন্দ করেন ক্রিকেটপ্রেমীরা।”
আর এরপর সেই লোকটিকেই বিসিসিআই গুরুত্বপূর্ণ এক দায়িত্বে দেখতে আগ্রহী বলে ভারতের সাবেক অধিনায়ক বিস্মিত, “এত কিছুর পর এবং তিনি সাক্ষাতকারে জিম্বাবুয়ের মতো করে বিসিসিআইয়ের কার্যক্রম চলছে বলার পরও বিসিসিআই কিনা তাকেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দিয়েছে!”
চ্যাপেল বিসিসিআইয়ের সেই প্রস্তাবে এখনো সাড়া দেননি। বরং অস্ট্রেলিয়ার মিডিয়া জানিয়েছে টিম নিয়েলসেন জাতীয় দলের দায়িত্ব নেয়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচের জোরালো প্রার্থী এখন গ্রেগ চ্যাপেল। খবরটা শুনে ভারতের সদ্যবিদায়ী কোচকে বিদ্রুপ বাণে বিদ্ধ করার লোভ সামলাতে পারেননি গাভাস্কার, “যদি এটা সত্যি হয় তাহলে তা হবে ক্রিকেট বিশ্বে ঘটা সবচেয়ে ভাল ঘটনা। সেজন্য অদূর ভবিষ্যতে এমনকি আয়ারল্যান্ডেরও অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়ার সম্ভাবনা তৈরি হতে পারে!”
