শেষ টুর্নামেন্টে সেরা স্বীকৃতির খুব কাছে ম্যাকগ্রা
এবারের বিশ্বকাপে বেশ কয়েকজনের ব্যাটে রানের বন্যা বইছে। তাই, তাদের কারোরই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারের বড় দাবীদার হওয়ার কথা। কিন্তু শেষ পর্যন্ত একজন বোলার যদি জিতে নেন সেই পুরস্কার? সেই সম্ভাবনায় এ আসরের সব সফল ব্যাটসম্যানকেই পেছনে রেখেছেন গ্লেন ম্যাকগ্রা।
ওয়ানডেতে রান করার চেয়ে উইকেট নেওয়া নাকি বেশি কষ্টের। কিন্তু ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে আসা ম্যাকগ্রাকে দেখে কে বলবে সে কথা! এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ম্যাকগ্রা টুর্নামেন্ট সেরা হওয়ার সম্ভাবনায় পয়েন্টে এগিয়ে সবার চেয়ে। সেরা খেলোয়াড় হওয়ার জন্য বিচারকদের দেওয়া পয়েন্টই একমাত্র বিবেচ্য। আর সেখানে
প্রথম পর্ব আর সুপার এইট মিলিয়ে ৯ ম্যাচে ম্যাকগ্রার অর্জন ১২ পয়েন্ট। কাছের দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে পরিস্কার তিন পয়েন্টে এগিয়ে। ওই দুই প্রতিদ্বন্দ্বীর একজন তারই দলের ওপেনার ম্যাথু হেইডেন, অন্যজন নিউজিল্যান্ডের অল রাউন্ডার স্কট স্টাইরিস। দুজনই পেয়েছেন ৯ পয়েন্ট করে।
পয়েন্ট কিভাবে দেওয়া হয় সেটা একটু জানিয়ে রাখা দরকার। প্রতি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের জন্য তিনজন প্রতিদ্বন্দ্বী বেছে নিয়ে সেরার হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ম্যাচসেরার পুরস্কারের জন্য নির্ধারিত ৩ পয়েন্ট, দ্বিতীয় সেরার জন্য ২ আর তৃতীয় সেরা পান ১ পয়েন্ট।
৩৭ বছর বয়সী ম্যাকগ্রা দুই ম্যাচের সেরা হয়ে পেয়েছেন ৬ পয়েন্ট। বাকি ৬ এসেছে তিন ম্যাচের দ্বিতীয় সেরা হয়ে। টুর্নামেন্টে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি (৫৮০) রান করা হেইডেনকে ৯ পয়েন্ট এনে দিয়েছে তার তিন সেঞ্চুরি, কেননা ওই তিন সেঞ্চুরি ম্যান অব দ্য ম্যাচের সম্মানও এনে দিয়েছে তাকে। স্টাইরিস মাত্র একটি ম্যাচে সেরা খেলোয়াড় হলেও তিনবার নির্বাচিত হয়েছেন দ্বিতীয় সেরা।
এদের পাশে ৮ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও ৭ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার জ্যাক ক্যালিসও আছেন প্রতিযোগিতায়। অবশ্য এ অবস্থা থেকে টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে তুলতে প্রায় অসম্ভব কিছুই করতে হবে তাদের।
এবার একনজরে দেখে নেওয়া যাক এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান ও উইকেট পাওয়া খেলোয়াড়দের। হেইডেন ৯ ম্যাচে ৮২ দশমিক ৮৫ গড়ে ৫৮০, রিকি পন্টিং ৮০ গড়ে ৪৮০, জ্যাক ক্যালিস ৯৬ গড়ে সমান ৪৮০, স্টাইরিস ৪৬২ ও গ্রায়েম স্মিথ ৪৪১ রান করেছেন।
আর ৯ ম্যাচে ১৪ গড়ে ম্যাকগ্রা ২২ উইকেট আর ১৪ দশমিক ৫২ গড়ে মুত্তিয়া মুরালিধরন নিয়েছেন ১৯ উইকেট। ব্র্যাড হগও সবাইকে চমকে দিয়েছেন ১৯ উইকেট নিয়ে। অস্ট্রেলিয়ারই নতুন গতি-বিস্ময় শন টেইটও নিয়েছেন ১৯ উইকেট। শ্রীলংকার লাসিথ মালিঙ্গা হয়তো এই তালিকায় চোখ রেখে আফসোস করবেন। ইনজুরিতে না পড়লে তাকে হয়তো ১৫ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হতো না।
