পন্টিংয়ের কটাক্ষও সইতে হলো ফ্লেমিংকে
স্টিভেন ফ্লেমিংয়ের কথা শুনে রিকি পন্টিং একেবারে বিস্মিত। একটু আগেই অস্ট্রেলিয়ার কাছে ২১৫ রানে হেরেছে নিউজিল্যান্ড। অথচ সংবাদ সম্মেলনে এসে নিউজিল্যান্ড অধিনায়ক জানালেন, ওয়ানডেতে কিউইদের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের পরও তার দল মানসিকভাবে মোটেও ভেঙ্গে পড়েনি। এই হারের কলঙ্ক মুছে ফেলে নিউজিল্যান্ড যে ঘুরে দাঁড়াবেই, সে সম্পর্কেও ফ্লেমিং নিঃসন্দেহ।
চ্যাপেল-হ্যাডলি সিরিজে হোয়াইটওয়াশের নির্মম প্রতিশোধ নিয়ে সংবাদ সম্মেলনে এসে ফ্লেমিংয়ের মন্তব্য শুনে পন্টিং প্রায় হতবাক! বিস্ময় সামলে এ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের খানিকটা খোঁচা দিতেও ছাড়েননি অস্ট্রেলীয় অধিনায়ক।
“এই ম্ুহূর্তে আমার বরং ওদের ড্রেসিং রুমেই থাকা উচিৎ ছিল । ওরা নাকি মনে করছে যে এই পরাজয় ওদের ওপরে কোনো বাজে প্রভাব ফেলবে না। তাহলে ক্রিকেটের আর কোন ম্যাচ থেকে একটি দল মানসিক সুবিধা নিতে পারবে?”-প্রশ্নের সুরেই যেন ফ্লেমিংয়ের দলের উদ্দেশে ব্যাঙ্গ ছুড়ে দিলেন পন্টিং। তারপর জানালেন, সেমিফাইনালের আগে বিশ্বকাপের অন্যতম শিরোপা-প্রত্যাশীর বিপক্ষে পাওয়া এই বিশাল জয় অনেকখানি উজ্জীবিত করবে তার দলকে। এবং নিউজিল্যান্ডের জন্যও যে ম্যাচটা বড় এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে, সেটা জানাতেও ভুললেন না বিশ্বকাপে টানা ২১ জয় পাওয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক,“আমর যদি এই ম্যাচ থেকে কিছু আহরণ না করতে পারি তাহলে কেউই তা পারবে না। বিশ্বকাপের একটি ম্যাচে আমরা এই মাত্র ২১৫ রানে নিউজিল্যান্ডকে হারালাম-তাই তাদের অনেক ভাবনা চিন্তার বিষয় রয়েছে এখন। আমি নিশ্চিত, আগামী কয়েক দিন নিজেদের মধ্যে সব ধরনের সভায় এই ম্যাচ নিয়ে তারা কথা বলবেই। আর সে সময় হয়তো আমরা নির্ভার হয়ে বিয়ার পান করবো!”
তাসমান প্রতিবেশীদের সামনে যে তারা দাঁড়াতেই পারেননি, তা নির্দ্বিধায় স্বীকার করেছেন ফ্লেমিং। দু মাস আগে চ্যাপেল-হ্যাডলি সিরিজের শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ৩৩৬ ও ৩৪৬ রানের চ্যালেঞ্জের জবাব ভালোমতোই দিতে পেরেছিল কিউইরা। তবে শুক্রবার ৩৪৮ রানের পাহাড়ের কাছাকাছিও যেতে পারেনি তারা। ম্যাচ শেষে বিশাল ব্যবধানে হেরে যাওয়ার জন্য ব্যাটসম্যানদের চেয়ে বোলারদেরই বেশি দুষছেন ফ্লেমিং,“আমরা পুরোপুরি বিধ্বস্ত হয়েছি। আরো একবার (অস্ট্রেলিয়ার বিপক্ষে) আমাদের ৩৪০-এর বেশি রান তাড়া করতে হলো। এটা বড় এক দুশ্চিন্তার বিষয়। নিউজিল্যান্ডেও দু’বার এমন ঘটনা ঘটেছে। আবারও এখানে তা হলো। বিশাল রান তাড়া করতে গিয়ে অনেক সময়ই একটি দল কম রানে গুটিয়ে যেতে পারে। আমাদের ক্ষেত্রেও তেমনই হয়েছের।”
তবে ২১৫ রানের এই পরাজয়ের ধাক্কা কিউইরা সামলে উঠতে পারবে বলেই ফ্লেমিংয়ের ধারণা,“সত্যি বলতে কি, আমরা কিছুই হারিয়ে ফেলিনি। তবে আমাদের এখন উঠে দাঁড়িয়ে, এই ম্যাচের স্মৃতি মন থেকে মুছে ফেলে সামনের দিকে তাকাতে হবে। কিছু কিছু ব্যাপার নিয়ে উদ্বেগ তো আছেই। বোলিংয়ে আমরা নিখুঁত হতে পারিনি। তাছাড়া উইকেটও হারিয়ে ফেলেছি খুব দ্রুত।”
এই ম্যাচ থেকে নিউজিল্যান্ড কতটা ‘শিক্ষা’ নিতে পারলো, তা বোঝা যাবে মঙ্গলবারই। সেদিন প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
