হোয়াটমোর-হাবিবুল এবং বাংলাদেশের বিশ্বকাপ
লবীতে হাবিবুল বসে। যে বা যারাই তাকে দেখছেন, অটোগ্রাফ চাচ্ছেন। ছবি তোলার অনুরোধ চলছে তো চলছেই।
যার পাশে দাঁড়িয়ে ছবি তোলার এই উৎসব, ছবির ওপাশের মানুষটি জানেও না তার হৃদয়ে তখন কী রক্তক্ষরন চলছে! ততক্ষনে তার ওয়ানডে ক্যারিয়ারের মৃত্যুর খবরটা পৌঁছে গেছে, ততক্ষনে হাবিবুল মানে শুধুই বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ওঠা-নামায় ভরপুর ওয়ানডে ক্যারিয়ার শেষ হলো এমন একটা সময়ে যখন তার হাত ধরেই এসেছে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সেরা সাফল্য। ক্রিকেট চরিত্রগতভাবেই একটু খেয়ালি ধরনের খেলা আর বাংলাদেশের ক্ষেত্রে ক্রিকেটারদের নিয়ে খামখেয়ালিপনা তো আর নতুন ঘটনা নয়। পুরনো ঘটনা নতুন করে আবার। এবার হাবিবুল বাশার তার শিকার।
দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক ফারুক আহমেদ ডেকে হাবিবুলকে খবরটা দিয়ে দিয়েছেন। নির্দিষ্ট কিছু নয, তবে ,“বোর্ড তোর বিষয়ে সম্ভবত অন্যরকম চিন্তা করছে। ভাবছে, তোকে দিয়ে শুধু টেস্ট খেলানোর কথা।” এই কথাতেই হাবিবুল যা জানার জেনে গেছেন। আগেই ভাবছিলেন দেশে গিয়ে ওয়ানডে ক্যারিয়ার নিয়ে ভাববেন, এখন আর ভাবনার বিশেষ অবকাশ নেই, তবু একবার কথা বলবেন। বলে যদি দেখেন সত্যিই বোর্ডের ওরকম সিদ্ধান্ত, তাহলে খুব সম্ভবত ওয়ানডে থেকে অবসর নিয়ে নেবেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সফলতম অধিনায়ক।
ডেভ হোয়াটমোরের সিদ্ধান্তটা অবশ্য হয়ে গেছে। তিনি বোর্ডকে জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্ত। এবং তার ভিত্তিতে বোর্ড সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের ক্রিকেটে হোয়াটমোর অধ্যায়ের অবসান হয়ে গেলো। হোয়াটমোরের এই স্বেচ্ছা বিদায়ের সঙ্গে হাবিবুলের অনিচ্ছার বিদায়ে বিশ্বকাপ শেষ হওয়ার পর দল কেমন করলো না করলো সেসব মুল্যায়ন পেছনে। আগে হোয়াটমোর। তারও আগে হাবিবুল।
হাবিবুল তবু ‘যদি’ ‘কিন্তু’ এসব টীকা রাখছেন, হোয়াটমোর তার ধারে কাছেও নেই। নিজের চলে যাওয়া নিয়ে কোনো কথা বলবেন না-এই শর্ত দিয়ে এসে যা যা বললেন সেগুলো এরকম,
“বশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স কেমন?”
“আমি তো বলব অসাধারণ। আমাদের যে টার্গেট ছিল আমরা তার তুলনায় অনেক ভালো করেছি।”
“কিন্তু এই যে অ-ধারাবাহিকতা...!”
“উন্নতি করছে এমন দলগুলোর ক্ষেত্রে এটাই স্বাভাবিক চিত্র। এই পরিমান চাপ নিয়ে এতগুলো ম্যাচ খেলা আমাদের মতো দলের জন্য একটু কঠিন। তাই এরকম হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, দল জিততে শুরু করেছে।”
“তাহলে আপনার চার বছর সময়টাকে আপনি কীভাবে দেখবেন?”
“আমি তো সব মিলিয়ে মনে করব আমাদের চার বছরের যে পরিক্রমা সেটা ভালোমতোই শেষ হলো। আমরা অনেক দূর এগিয়েছি।” এবং হোয়াটমোরের এসব কথার সঙ্গে পুরো দুনিয়া একমত। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দেখিয়েছে নিজেদের দিনে তারা যে কাউকে গুড়িয়ে দিতে পারে। অথচ সেই দলটাকেই আবার শুরু করতে হবে শুন্য থেকে।
হোয়াটমোর আর থাকছেন না, তার নিজেরই অনাগ্রহ, জানিয়ে দিয়েছেন বোর্ডকে। সমালোচনা ছিল, কিন্তু সব ছাপিয়ে এটা তো ঠিক যে তার কোচিং এবং হাবিবুলের নেতৃত্বের যে যুগলবন্দী তাই পুরনো বৃত্ত থেকে বাংলাদেশকে বের করে নতুন দিগন্তের সন্ধান দিয়েছিল। নতুন চেহারা। নতুন সুর। সেই সুর আর তালটা কেটে গেলো এবার। হোয়াটমোর ‘আপৎকালীন’ ভিত্তিতে ভারতের বিপক্ষে সিরিজে থাকতে রাজি হয়েছেন, কিন্তু হাবিবুলকে ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজের জন্যই আপদ ভাবা হচ্ছে। তাই বাদ। তার জায়গায় খুব সম্ভব আশরাফুল হতে যাচ্ছেন ওয়ানডের নতুন অধিনায়ক।
বাংলাদেশের ক্রিকেটে অধিনায়কদের বিপদে তাদের পাশে না দাঁড়িয়ে আপদ ভেবে বিদায় দেয়াটাই স্বাভাবিক নিয়ম। যেমন এটাও নিয়ম যে বিশ্বকাপে বাংলাদেশ ভালো-খারাপ যা-ই করুক, কোচ নিয়ে একটা গোলমাল হবেই। ’৯৯-তে পাকিস্তানকে হারানোর আগের দিনই বরখাস্ত করা হয় গ্রিনিজকে। গত বিশ্বকাপের সময়ই মোহসিন কামালকে জানিয়ে দেয়া হয়, তার চুক্তি আর বাড়ছে না। কোচের সঙ্গে সঙ্গে এখন অধিনায়কদের নিয়তিও যেন বিশ্বকাপকেন্দ্রিক। গত বিশ্বকাপের পর খালেদ মাসুদ আর থাকেননি বা থাকতে পারেননি। এবার হাবিবুল। এবং এই তথ্যের পিঠ বেয়ে আরেকটা বিষয়ও উঁকি-ঝুঁকি মারছে। অধিনায়কদের বেলায় বাংলাদেশ কি সবসময়ই একটু তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে তার খেসারত দেয় না! বানানোর বেলায়ও! বিদায় দেওয়ার বেলায়ও!
নাঈমুরকে একটু তাড়াতাড়ি অধিনায়ক করার ফল হলো, তার ক্যারিয়ারটাই অনেক আগে শেষ। মাসুদের ক্ষেত্রে সেটা হয়নি, কিন্তু অধিনায়কত্বের গোলমালে তার পারফরম্যান্স অনেক প্রভাবিত। বিতর্কের মধ্য দিয়ে এক অধিনায়কের বিদায় হয় বলে আরেকজনকে প্রস্তুত হওয়ার আগেই আসতে হয়। একমাত্র ব্যতিক্রম ছিলেন হাবিবুল। দীর্ঘদিন সহ-অধিনায়ক থাকার পর, টানা পারফরম্যান্সের ভিত্তিতেই তিনি অধিনায়ক। কিন্তু তার বিদায়টাও হুট করে। এক বিশ্বকাপ ব্যর্থতার সস্তা আবেগপ্রসূত। পূর্বাপর বোধহীন। আশরাফুল অধিনায়ক হচ্ছেন, কিন্তু আশরাফুলকে কিছুদিন সহকারী রেখে তৈরি করাটাই কি ভবিষ্যতের জন্য ভালো হতো না!
ক্রিকেটে দল খারাপ করলে অধিনায়কের মাথা কাটা যাওয়ার নিয়ম। দল ভালো করলে অধিনায়কের খারাপ পারফরম্যান্সও তুচ্ছ। এই একটা জায়গাতেই ক্রিকেট ব্যক্তিগত বলয়ের বাইরে গিয়ে দলীয় খেলা। কিন্তু বাংলাদেশ যে ব্যক্তিকে অপদস্থ করার সুযোগ কাজে লাগাতে সবসময়ই আগ্রহী!
কাজেই হাবিবুল যাচ্ছেন। দল তাতে অভিভাবকহীন হয়ে পড়লো কি না পড়লো সেই ভাবনা তখন ভাবা যাবে যখন দেখা যাবে বাংলাদেশ দল আরও খারাপ করছে। পরের ভাবনাটা একটু ভাবাটা তো বোকামিই!
