আকরাম পাকিস্তান দলকে সাহায্য করতে রাজি
পাকিস্তান দলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ওয়াসিম আকরাম। জাতীয় দলের পেসারদের বোলিং নিয়ে কাজ করতে রাজি হয়েছেন তিনি । তবে মাত্র দু সপ্তাহর জন্য পাকিস্তান দলের ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন এই কিংবদন্তী পেসার ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে জানানো হয়েছে, নতুন অধিনায়ক শোয়েব মালিকের দাবি ছিল এটি। তিনি চান, বিশ্বকাপের পর দলকে উজ্জীবিত করতে ওয়াসিম আকরামকে তাদের ট্রেনিং ক্যাম্পে দরকার। এই দাবির পর পিসিবি চেয়ারম্যান নাসিম আশরাফ যোগাযোগ করেন আকরামের সঙ্গে। আকরাম এখন সিঙ্গাপুরে, স্পোর্টস চ্যানেল ইএসপিএনের বিশেষজ্ঞ হিসেবে বিশ্বকাপের কাজ নিয়ে ব্যস্ত।
পিসিবির মুখপাত্র আহসান মালিক জানিয়েছেন, ‘‘চেয়ারম্যান আজ (শুক্রবার) আকরামের সঙ্গে যোগাযোগ করে তাকে পাকিস্তান দলকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। আমরা আনন্দিত যে তিনি সাহায্য করতে রাজি হয়েছেন। জুনে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পের দেখাশোনার দায়িত্বও তিনি নেবেন।’’
মে মাসের মাঝামাঝি সময় থেকে লাহোরে শুরু হচ্ছে পাকিস্তান দলের ক্যাম্প। সেখানে দু সপ্তাহ দলের সঙ্গে থাকবেন সর্বকালের সেরা বাঁহাতি পেসার আকরাম।
এদিকে বিশ্বকাপে দলের ব্যর্থতার কারণ অনুসন্ধান করার জন্য পিসিবি একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটি তাদের তদন্ত শেষে জানিয়ে দিয়েছে, এই ভরাডুবির পেছনে ম্যাচ গড়াপেটার কোনো যোগাযোগ নেই। কোনো খেলোয়াড়েরই ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
