২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নতে শুরু, বাস্তবে শেষ

শুরুটা নিয়ে গিয়েছিল স্বপ্নপুরীতে। শেষটা নামিয়ে আনল বাস্তবের জমিতে। যে বাস্তবতায় অর্জন থাকল অনেক, থাকল কিছু কালি এবং কিছু শিক্ষাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 04:05 AM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট আর কোনোদিন জাগবে কিনা কে জানে, কিন্তু কিছু উইকেট পুরনো প্রাণ ফিরে পাচ্ছে! বিশ্বকাপ উপলক্ষে কেনসিংটন ওভালে বসানো নতুন উইকেটে সেই পুরনো উইকেটেরই জাতিস্মর যেন। প্রচন্ড বাউন্স, মুভমেন্ট। আর দুর্ভাগ্য অনভ্যস্ত এমন উইকেটেই বাংলাদেশকে খেলতে হলো তিনটি ম্যাচ। তিনটিতেই হার। তিনটিতেই ব্যাটিং ব্যর্থতা। মানেটা পরিস্কার, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ জিততে শিখে গেছে ঠিক, কিন্তু বাউন্সভরা উইকেটে লম্বা পেস বোলারদের বোলিংয়ে ধাতস্থ হতে আরও অনেকটা সময় লাগবে। কিন্তু যেসব উইকেটে বাউন্স কম, মানে নিজেদের অভ্যস্ততার কাছাকাছি সেগুলোতে বাংলাদেশ জায়ান্টখেকো হয়ে উঠতে পারে যে কোনো দিন!

ভারত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচদুটো বাদ, বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের ব্যাটিং আর বোলিংকে আলাদা করলে বোলারদের কাছে ব্যাটসম্যানরা ইনিংস ব্যবধানে হারবেন। এই ম্যাচেও বোলাররা তাদের কাজটা করে রেখেছেন। চন্দরপল-স্যামুয়েলসকে ওভারের পর ওভার ভুগিয়েছেন পেসাররা। সারওয়ান-লারাদেরও স্ট্রোকের ঝুলির মুখে যথেষ্ট শক্ত লাগাম পরিয়ে রেখেছিলেন বোলাররা। কিন্তু এই বিশ্বকাপের শিক্ষাই হলো ব্যাটসম্যানরা বোলারদের কীর্তিকে জলাঞ্জলি দেবেন। উইকেটে বাউন্স আছে, ঠিক, কিন্তু দুপুরে সেটার ঝাঁঝ তো অনেক কমে আসে। আর বাউন্সের জন্য নিশ্চযই রান আউট হতে হয় না। তামিম প্রথম বলে লারার বিস্ময়কর খামখেয়ালিপনার সুযোগে লাইফ পেয়ে যেন লারাকে দেখাতে গেলেন আমি তোমার চেয়েও খেয়ালি! লারা কী দেখলেন জানি না, কিন্তু আমরা দেখলাম জাভেদ আর তামিম একই জায়গায় গিয়ে কী যেন করছেন। বিস্ময়কর ভুল বোঝাবুঝি। এই উইেেকটে রান আউটে বিসর্জন দেয়া বড়লোকের সন্তানদের অকারণ টাকা ওড়ানোর মতো বিলাসিতা। বাংলাদেশ নিশ্চয়ই সেই বিলাসিতা দেখাতে পারে না।

যেমন আশরাফুল পারেন না অমন আত্মঘাতি হতে। নানান ওষুধ আশরাফুলের রোগ সারিয়ে দিয়েছে বলে মনে হয়েছিল। ভুল। এখনও আশরাফুলের বালকসূলভ লোভ রয়ে গেছে। এখনও আশরাফুল দল কিংবা ম্যাচের পরিস্থিতি ভুলে নিজেকে বিলিয়ে দেয়ার ক্ষমতা রাখেন। অন্যান্য হিসাব যা-ই থাক, বাংলাদেশের ক্রিকেটে এটা দিনের আলো মতো সত্য যে বড় কিছুর জন্য হয় তামিম নয় আশরাফুলকে থাকতে হবে। তা দুজনেরই যখন আত্মহত্যা তখন স্বপ্ন শুরুতেই শেষ। আফতাবের শেষটাও হলো পুরো বিশ্বকাপের মতোই বাজে, অধিনায়কেরও তাই। মুশফিকুর রহিম দাঁড়িয়েছিলেন, সেই দাঁড়ানোতে হারের ব্যবধান কমতেই পারে শুধু।

মাশরাফি বাংলাদেশের সেরা বোলার। সেরা ক্রিকেটারও নয় কী! কোনো কোনো দিন তার ব্যাট থেকে এমন কাজের ইনিংস বেরোয় যা ব্যাটসম্যানদের অনেকেও হয়ত পারতেন না। এই ম্যাচেও মাশরাফি নেমেই এমন কিছূ শট খেললেন যে তখন মনে হলো না উইকেট ভীতিকর। মনে হলো এখানে স্ট্রোক খেলার ওপর আইনগত কোনো নিষেধাজ্ঞা কেউ দিয়ে রাখেনি। তার সাবলীল স্ট্রোক আর মুশফিকের মনসংযোগ দেখতে দেখতে মনে হচ্ছিল শুরুর তোপটা সামলে ব্যাটসম্যানরা যদি একটা পার্টনারশিপ গড়ে দিতে পারতেন! সেটা নিয়মিত করতে পারলে তো হয়েই গিয়েছিল। প্রথম ম্যাচে যেমন স্বপ্নপুরীতে চলে গিয়েছিল সেখান থেকে আর বাংলাদেশকে ফিরতেই হতো না।

বিশ্বকাপের শিক্ষা হলো এখনকার বাংলাদেশে মাঝে-মধ্যে স্বপ্নপুরীতে যাবে। আর বাকি দিনগুলোতে থাকবে অপেক্ষা। সেই দিন আবার কবে আসে!