২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের পরবর্তী কোচ জন রাইট?

বব উলমারের মৃত্যুর পর থেকেই গুঞ্জনটা উড়ছিল পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে। গুঞ্জন হলেও পাকিস্তানের কোচ হওয়ার মধ্যে তো এখন আশঙ্কাও থাকে লুকিয়ে। তবে পাকিস্তান আর কোনো দিন বিদেশি কোচ পাবে না-এ আশঙ্কাটা মিথ্যে প্রমাণিত হতেও পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 10:37 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, বব উলমারের উত্তরসূরী হিসাবে দেখা যেতে পারে ভারতের সাবেক কোচ জন রাইটকে। তবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও ওপেনার রাইটই শুধু নন, পাকিস্তান দলের দায়িত্ব নেয়ার সম্ভাবনা রয়েছে ইংলিশ কাউন্টি লিস্টারশায়ারের কোচ টিম বুনেরও। তার সঙ্গেও যোগাযোগ রাখছে পিসিবি।

“রাইট ভালোই সাড়া দিয়েছেন। তবে বোর্ড অন্য বিদেশিদের দিকেও লক্ষ্য রাখছে। লিস্টারশায়ারের কোচ টিম বুনও সম্ভাব্য প্রার্থী। তবে নতুন কোচের নাম ঘোষণার জন্য বোর্ডকে কিছু দিন সময় নিতেই হচ্ছে। কারণ, বোর্ড এখনো আরো কয়েক জন প্রার্থীর খোঁজে রয়েছে। তাদের কয়েক জন আবার বিদেশি”-পিসিবি’র ঐ সূত্র এভাবেই জানিয়েছে উলমারের উত্তরসুরী খোঁজার অগ্রগতির খবর। অবশ্য ২০০০ থেকে ২০০৫ পর্যন্ত ভারতের কোচের দায়িত্বে থাকা রাইটের প্রতিই পিসিবি’র একটু বেশি আগ্রহ বলে জানিয়েছে সূত্রটি। স্বদেশিদের মধ্যে পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদেরও একটা সম্ভাবনা ছিল। তবে এখন আর তার প্রতি পিসিবি’র নাকি তেমন আগ্রহ নেই।